ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

হরমুজে ১০ দিনে ১১টি ট্যাঙ্কারে হামলা চালালো ইরানের নৌবাহিনী


হরমুজে ১০ দিনে ১১টি ট্যাঙ্কারে হামলা চালালো ইরানের নৌবাহিনী

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে গত ১০ দিনের মধ্যে অন্তত ১১টি তেল ও জ্বালানিবাহী ট্যাঙ্কারের উপর আক্রমণ করেছে ইরানের নৌবাহিনী।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সির তথ্য অনুযায়ী, আক্রান্ত জাহাজগুলোর নেভিগেশন ব্যবস্থা অকার্যকর করে দিয়ে সেগুলোকে নিস্ক্রিয় করেছে দেশটির নৌবাহিনী।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে একের পর এক বাণিজ্য জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর মধ্যে রোববার একদিনেই তিনটি ট্যাঙ্কারে শক্তিশালী বিস্ফোরণ ও মারাত্মক আগুন লাগার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরাইলের নিন্দা শাহবাজ শরিফের

অন্যদিকে, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রণালীটিতে অন্তত ২৫ জন নাবিক ও সমূদ্রকর্মীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। সূত্র: তাসনিম নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এসব করে আপনারা আমাকে স্যরি বলাবেন?’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


‘এসব করে আপনারা আমাকে স্যরি বলাবেন?’

সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি এক ভিডিও বক্তব্যে পাল্টা প্রশ্ন রেখেছেন, যাঁরা তাঁকে অপদস্থ করছেন এবং বয়কটের ডাক দিয়েছেন, তাঁরা কি তাঁর কাছে ক্ষমা চাইবেন?

সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে পরীমনি অভিযোগ করেছেন যে, তাঁকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি বয়কটের ডাক দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি জানান।

ভিডিওতে বক্তব্যের এক পর্যায়ে পরীমনি বলেন, ‘কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, বয়কটের ডাক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি।

ক্ষমা চাওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আচ্ছা, আপনি একজন মানুষকে স্যরি বলাবেন বা আপনি আশা করেন যে একজন মানুষ আপনাকে স্যরি বলবে তার ভুলের জন্য। আচ্ছা, তো আসলে কিভাবে স্যরি বলাবেন? মানে কী বলে বলাবেন যে তুমি এই জিনিসগুলো তুমি রং (ভুল) করেছ, এগুলোর জন্য তোমাকে স্যরি বলা উচিত বা তুমি স্যরি বলো। তা আপনি কী করতে চান? আপনি একটা মানুষের গলা টিপে ধরছেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না অবধি তুই স্যরি বলবি, তুই মরে যাবি—এভাবে আসলে স্যরি বলানো যায়, সম্ভব।’

নিজের গালাগালের প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, ‘আচ্ছা, এটার জন্য যদি আমি স্যরি বলি, তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই স্যরি বলতে হবে। তুমি গালাগাল করতে পারবা না।...যা ইচ্ছা তা-ই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে স্যরি বলতে হবে। সে তো বলতে হবে।’

এরপর নিজের বিরুদ্ধে আন্দোলন ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে অভিনেত্রী বলেন, ‘আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে যেয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করছেন। আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, গালিটা দিলেন—এই রাইটটা আপনাদের কে দিয়েছে?’

পরীমনির অভিযোগ, তাঁকে বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাঁকে কোনো কাজ না দেওয়া হয়। বক্তব্যের শেষে তিনি প্রশ্ন করেন, ‘মানে এসব করে আপনারা আমাকে স্যরি বলাবেন?’

এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তিনি দাবি করেন, অনুষ্ঠানে এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করেন। পরে তাঁর গাড়িতে হামলা এবং অনুষ্ঠানস্থলের একটি স্টল ভাঙচুর করা হয়। নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি গুলশান থানায় ফোন করেন। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়েছিল বলে জানান অভিনেত্রী।

এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণের সময় তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে অভিনেত্রী অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন।

অভিযোগ অস্বীকার করে রবিউল হোসাইন পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে সাহু আলীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড, ১৩ ড্রাম উপকরণ বিনষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


শিবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে সাহু আলীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড, ১৩ ড্রাম উপকরণ বিনষ্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভেজাল গুড় তৈরির অভিযোগে সাহু আলী নামে একজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার মোবারকপুর ইউনিয়নের রনি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোবারকপুর এলাকার রফিকুল ইসলামের পুত্র।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল গুড় তৈরির তথ্য পেয়ে বিকেলে রনি বাজার এলাকায় অভিযান শুরু করা হয়। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় সাহু আলীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় দেড়'শ কেজি গুড় ও ১৩ ড্রাম গুড় তৈরির উপকরণ জব্দ করে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করে শিবগঞ্জ থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে নারী চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে নারী চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা

যশোরের ভৈরব নদ, যা কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে, পরিষ্কারে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন শতাধিক মানুষ। খুলনা ও যশোরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ স্থানীয় এক নারী চিকিৎসকের ফেসবুক পোস্টের আহ্বানে সাড়া দিয়ে এই উদ্যোগে যুক্ত হয়েছেন। তাদের দাবি, নদটি রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে, শুধু স্বেচ্ছাশ্রমে নয়।

একসময় যশোর শহরের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদে জোয়ার-ভাটা ফিরিয়ে আনতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খননকাজ করা হয়েছিল। কিন্তু খননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় নদটি আবারও কচুরিপানা ও ময়লায় ঢেকে গেছে।

অভিযোগ রয়েছে যে, আশপাশের হাসপাতাল, হোটেল, দোকান ও বাসাবাড়ির বর্জ্য সরাসরি নদে ফেলা হচ্ছে। এর ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশার উপদ্রব বাড়ছে।

নদের এমন অবস্থা দেখে পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। তার আহ্বানে 'ওয়াফ ফাউন্ডেশন'-এর ব্যানারে প্রায় ১০০ স্বেচ্ছাসেবী নদে নেমে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও।

চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা বলেন, "সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। কিন্তু শহরের প্রাণ ভৈরব নদ এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। নদীর দুই পাশের হাসপাতাল, মাংসের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বর্জ্য ফেলা হচ্ছে।" তিনি আরও বলেন, "নদে পানির ওপর আকাশের ছায়া দেখতে চান। এ জন্য নদীর প্রবাহ ফিরিয়ে আনা, দখল বন্ধ ও সঠিক ব্যবস্থাপনা জরুরি।"

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক তারিক মাহবুব জানান, চিকিৎসক উষার ফেসবুক পোস্ট দেখে তারা এই উদ্যোগে যুক্ত হয়েছেন। খুলনা ও যশোরের প্রায় ১০০ স্বেচ্ছাসেবী কাজ করছেন। তবে পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা পেলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, "আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির বর্জ্যে নদটি দূষিত হয়ে গেছে। কষ্ট হলেও নদ পরিষ্কারের কাজে অংশ নিতে পেরে ভালো লাগছে।"

অন্য এক বাসিন্দা লাল্টু হোসেন মন্তব্য করেন, "নদ খননে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করা হলেও এর সুফল ধরে রাখা যায়নি। যাদের ওপর নদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তাদেরই এ কাজে এগিয়ে আসা উচিত।"

এদিকে যশোর পৌরসভা স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পানি ও পয়ঃনিষ্কাশন বিভাগের প্রকৌশলী কামাল হোসেন বলেন, "ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও শহরের প্রাণ। নদ পরিষ্কারে সাধারণ মানুষের এগিয়ে আসা প্রশংসনীয়। নদে বর্জ্য ফেলা বন্ধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে। এ কাজে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও যুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝুমুরের বাল্যবিবাহ বন্ধ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


ঝুমুরের বাল্যবিবাহ বন্ধ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বাল্যবিবাহ, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে আয়োজন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপের ফলে বিয়ের আয়োজন বন্ধ করা সম্ভব হয়েছে।

ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। অন্যদিকে, মাদ্রাসার সুপার জানিয়েছেন, ঝুমুর তার প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত কোনো খরচ লাগবে না।

সোমবার (৯ নভেম্বর) ইউএনওর নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম এবং ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদরাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। এরপর বিয়ের আয়োজন বন্ধ করে ঝুমুর ও তার পরিবারের সদস্যদের গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে মেয়ের বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। ইউএনও ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদান করেন।

এদিকে, ভিডিও কলের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি তার সাহসী উদ্যোগের প্রশংসা করে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের হস্তক্ষেপ ও জনপ্রতিনিধির এই আশ্বাসে নতুন করে স্বপ্ন দেখছে ঝুমুর ও তার পরিবার।

ঝুমুর আক্তার চরবিশ্বাস ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। তার জন্ম ২৮ মার্চ ২০১২। সপ্তম শ্রেণির ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ১।

শিক্ষকদের মতে, ঝুমুরের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ রয়েছে। সে প্রতিদিনের পড়া নিয়মিত প্রস্তুত করে আসে এবং একবার বুঝিয়ে দিলেই পড়া আয়ত্ত করতে পারে। মেধা ও অধ্যবসায়ের কারণে সে মাদ্রাসার অন্যতম কৃতী শিক্ষার্থী।

জানা গেছে, ঝুমুরের মতামত উপেক্ষা করে পরিবারের সদস্যরা তার বিয়ের আয়োজন করেন। ৯ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিয়েতে রাজি না হয়ে ৮ নভেম্বর পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদরাসার সুপার বরাবর লিখিত আবেদন করে ঝুমুর।

আবেদনে সে জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছেন এবং তাকে বিয়ে দিতে বাধ্য করছেন। তবে সে এখন বিয়ে করতে চায় না; লেখাপড়া করে নিজের ভবিষ্যৎ গড়তে চায়। আবেদনে ঝুমুর লিখেছে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে বিয়ে দিতে বাধ্য করছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই। তবুও আমি এখন বিয়ে করতে চাই না।’

ঝুমুরের বাবা লাল মিয়া সরদার জানান, তিনি একজন দিনমজুর। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। তাদের ঘরে তিন নাতনির পড়াশোনার খরচও তাকে বহন করতে হয়। তার ছেলে বাবার সঙ্গে দিনমজুরের কাজ করেন। অভাবের সংসারে মেয়ের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ায় তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।

লাল মিয়া সরদার বলেন, ‘আমি দিনমজুর মানুষ। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। দুই মেয়ের বিয়ে দিয়েছি। তাদের ঘরে তিন নাতনির পড়ার খরচও আমাকে দিতে হয়। ছেলে আমার সঙ্গে দিনমজুরের কাজ করে। সংসার চালাতেই কষ্ট হয়। এ অবস্থায় মেয়ের পড়ালেখার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। তাই বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু মেয়ে বিয়েতে রাজি হয়নি। এখন স্যাররা বলেছেন, মেয়ে ভালো পড়াশোনা করে। প্রতিমন্ত্রী নুরুল হক নুরও তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এখন আর পড়ানোর সমস্যা নেই। আমি চাই, আমার মেয়ে পড়াশোনা করুক।’

ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদরাসার সুপার মো. হারুন অর রশিদ বলেন, ‘ঝুমুর আমার মাদ্রাসার একজন মেধাবী ছাত্রী। সপ্তম শ্রেণিতে তার রোল নম্বর ১। পড়াশোনার প্রতি তার অনেক আগ্রহ। সে যত দিন আমার মাদ্রাসায় পড়াশোনা করবে, তত দিন তার কোনো টাকা-পয়সা খরচ হবে না। তার পড়াশোনার যাবতীয় খরচ আমি বহন করব।’

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি জানার পর ঝুমুরের বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। তহশিলদার ওই মেয়ের বাবা ও মেয়েকে আমার কার্যালয়ে নিয়ে আসেন। তারা আসার পর মেয়েটির বাবার সঙ্গে কথা বলেছি এবং বুঝিয়ে বলেছি। তারা বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। মেয়েটির পড়ালেখা চালিয়ে নিতে সহায়তা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%