০৫:২০ পি.এম
আরও পড়ুন: বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের পরিবার সবকিছু হারিয়েছে। ঘরের আসবাবপত্র, বই-খাতা এবং প্রয়োজনীয় সকল জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। সম্প্রতি ভাইয়ের জন্য কেনা ৫০ হাজার টাকার কম্পিউটারটিও আগুনের কবলে পড়ে ধ্বংস হয়েছে।
মরিয়মের বার্ষিক পরীক্ষা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হওয়ার কথা ছিল। এই অবস্থায় পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে তার মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তার চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে স্কুলে থাকা অবস্থায় মরিয়ম হঠাৎ এক বান্ধবীর মায়ের ফোনে জানতে পারে যে, তাদের বস্তির ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে সে দ্রুত বাড়িতে ফিরে আসে, কিন্তু আগুনের কারণে ঘরে প্রবেশ করতে পারেনি। পরে নিজ চোখে দেখে, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে।
মহাখালী মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম জানায়, ‘আমি স্কুলে ছিলাম। আমার এক বান্ধবীর মা ফোন দিয়ে বলল, আমাদের বাসায় আগুন লেগেছে। আমি দৌড়ে বাসায় আসি। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। এসে দেখি, সব পুড়ে গেছে।’
ঘরের শোকেস, টেলিভিশন, র্যাক, ড্রাম, বই-খাতা কিছুই অবশিষ্ট নেই। তবে তার স্কুলব্যাগে প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র রক্ষা পেয়েছে। বর্তমানে তার কাছে যা আছে, তা হলো গায়ে থাকা স্কুলের পোশাক এবং কাঁধের ব্যাগ। মাথা গোঁজার ঠাঁই হারানোর দুঃখ এবং সামনে বার্ষিক পরীক্ষার চাপ তাকে চরম অনিশ্চয়তায় রেখেছে।
মরিয়মের মা ফেরদৌসী বেগম জানান, তারা প্রায় ১০ বছর ধরে মহাখালীর সাততলা বস্তিতে বসবাস করছেন। তার স্বামী ব্যবসা করেন এবং তিনি পোশাক কারখানায় কাজ করেন। দীর্ঘ সময়ের পরিশ্রমে তারা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু মুহূর্তের আগুনে সবকিছু শেষ হয়ে গেছে।
ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই জায়গায় থাকি, এক বাসায়ই ১০ বছর ধরে। এখন কোথাও তো কিছু করতে পারছি না। এখন আল্লাহ যেখানে রাখে, সেখানেই থাকতে হবে। থাকার কোনো ব্যবস্থা আছে কি না, তাও জানি না। সবকিছু পুড়ে গেছে, কিছুই বের করতে পারিনি।’
তিনি আরও জানান, ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ ছিল। সব হারিয়ে এখন নতুন করে সংসার গোছানো এবং পরিবারের সদস্যদের নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এত কিছুর পরও মরিয়মের স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়ার। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে সেই স্বপ্ন পূরণ নিয়ে সে শঙ্কিত। মরিয়মের ভাষায়, ‘ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না হতে পারব। আসলে দারিদ্র্যের কারণে মানুষের অনেক শখ পূরণ করতে পারে না।’
এদিকে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সংস্থাটির কর্মীরা। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বস্তির শতাধিক পরিবারের কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনে শুধু একটি পরিবারের ঘরবাড়ি কিংবা কয়েক লাখ টাকার সম্পদই পুড়ে যায়নি, অনিশ্চয়তায় পড়েছে মরিয়মের মতো অনেক শিশুর ভবিষ্যৎও। পরীক্ষার আগের দিন সব হারানো মরিয়ম এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছেন, সরকার দেশের সব মাদরাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের আওতায় এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই সুবিধা পাবে। পাশাপাশি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ি শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ ও জুতা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনটি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদার।
লিখিত প্রশ্নে তিনি জানতে চান, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ, জুতা ও মিড-ডে মিল দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ি শিক্ষার্থীদের জন্যও একই সুবিধা ঘোষণা করে এই বৈষম্য দূর করা হবে কিনা?
লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদেরও পোশাক, ব্যাগ, জুতা ও মিড-ডে মিল সরবরাহের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘মাদ্রাসা এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট প্রোগ্রাম’ শীর্ষক একটি স্কিম প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী সরকারের নেওয়া স্কিমের কথা তুলে ধরে জানান, এই স্কিমের মাধ্যমে ২০২৬-২০৩১ অর্থবছরে দেশের সব মাদরাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করা হবে। এর মধ্যে এবতেদায়ি মাদরাসাও অন্তর্ভুক্ত থাকবে। পর্যায়ক্রমে সব মাদরাসার শিক্ষার্থীকেই এই কর্মসূচির আওতায় আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি উল্লেখ করেন, বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পের সংখ্যা বেশি।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হলো আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা।
তিনি জানান, বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকারে পরিবর্তন ঘটে। কখনো সড়ক যোগাযোগ, কখনো মেট্রো রেল, কখনো পানি ব্যবস্থাপনা এবং কখনো গ্রামীণ অবকাঠামো গুরুত্ব পায়। এবারের একনেক বৈঠকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পের সংখ্যা বেশি এসেছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী এক মাসের মধ্যে এ ধরনের প্রকল্পের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বিকল্প চিকিৎসাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নে ধীরগতির কারণে সংকটের সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতির কারণে ওষুধ ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সংকটের সমাধানে হোমিওপ্যাথিক ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত রাখার পাশাপাশি ডিএইচএমএস (ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি) ডিগ্রিধারীদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টির জন্য চার দফা দাবি জানিয়েছেন চিকিৎসকেরা।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি উত্থাপন করেন ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন।
সংগঠনটির চারটি দাবি হলো—ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ সৃষ্টি করা, মাদক আইনের আওতা থেকে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিল করা, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন করা এবং হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করা।
কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসাপদ্ধতি রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে ডিএইচএমএস ও বিএইচএমএস কোর্সের মাধ্যমে এ চিকিৎসাশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে বিভিন্ন সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষাব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।
তারা আরও বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার পরিসর বৃদ্ধি করা প্রয়োজন। এ জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ উত্থাপিত চার দফা দাবি দ্রুত কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত আমদানিকৃত ওষুধে রেকটিফায়েড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল থাকার কারণে এসব ওষুধের আমদানি, সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি নিরসনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গত ১৩ আগস্ট জারি করা প্রজ্ঞাপন বিবেচনায় নিয়ে ওষুধের প্রয়োজনে বৈধ আমদানি ও ব্যবহারের জন্য সহজ, সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা। একই সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি বৈধ ওষুধ আমদানি ও চিকিৎসাসেবার স্বার্থ সুরক্ষার আহ্বান জানান।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ডা. মো. মজিবুল্যাহ মজিব বলেন, ২০০৯ সালে ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলের মূল বেতনের ৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বেতন দেওয়া হতো। তবে প্রায় দুই বছর ধরে সেই বেতনও বন্ধ রয়েছে। এর ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল কাঠামো ও নীতিমালা প্রণয়ন করে সরকারি রাজস্ব খাত থেকে শতভাগ বেতন-ভাতা দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ