মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৪১ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. হুমায়ুন (২৯) নামে একজনকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায় ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান পরিচালনা করে বাখেরআলী বিওপির টহলদল। অভিযানে মো. হুমায়ুনকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকার কালিনগর গ্রামের মৃত এমরানের ছেলে।
বিজিবি জানায়, আটক হুমায়ুনের কাছ থেকে ৪১ পিস ভারতীয় ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পৃথক দুই অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার ১০০ টাকা।
আটক হুমায়ুনসহ ইয়াবা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এবং চকোপ্লাস সিরাপ ও অপর মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি আরও জানায়, চলতি সেপ্টেম্বর মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে একজন আসামিসহ ভারতীয় ১৮৮ বোতল এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হাসান মাহমুদ অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে বাংলাদেশি পেসারটি অবিশ্বাস্যভাবে খেলেছেন। যেন ‘ভিনি ভিডি ভিসি’। এলাম, দেখলাম, জয় করলাম।
কোনো টুর্নামেন্টের শেষ পর্যন্ত এমন একজনকে চাইবে যে কেউই। কেন্টের ক্ষেত্রেও এটি ব্যতিক্রম নয়। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ২ থেকে ডিভিশন ১-এ উন্নতি হওয়ার লড়াইয়ের শেষ অংশে হাসানকে পাচ্ছে না কেন্ট। কেন্টের হয়ে টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে হাসান মাহমুদ খেলতে পারবেন না।
এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতির জন্য হাসানকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন্টের হয়ে বাকি ম্যাচগুলো খেলার জন্য অনাপত্তিপত্র দিলেও বিসিবি তাদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। বিসিবির এই সিদ্ধান্তে কেন্টের মন খারাপ।
হতাশা প্রকাশ করলেও কেন্ট বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক এক বিবৃতিতে বলেছেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষের ম্যাচগুলোয় হাসানকে না পাওয়াটা আমাদের জন্য হতাশার। তবে গঠনমূলক আলোচনার পর বিসিবির সিদ্ধান্তকে আমরা সম্মান করি এবং তার জন্য শুভকামনা রইল। যদিও হাসানের অনুপস্থিতি আমাদের জন্য বড় ক্ষতির। শেষ দুটি ম্যাচে আমাদের অন্য দুই বিদেশি পেসার কিথ ডাজন এবং খালেদ আহমেদ খেলবেন।’
কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসান ৪ ম্যাচ খেলেছেন। তিনি ২৬টি উইকেট নিয়েছেন। তার খেলা সর্বশেষ ম্যাচেই কেন্ট পরাজিত হয়েছে। এছাড়া, টি-টোয়েন্টি ব্লাস্টে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। ক্লাবের পক্ষ থেকে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্ট মিলিয়ে ৭ ম্যাচে ৩০ উইকেট নেওয়া হাসানকে তার অবদানের জন্য ক্লাবের সবাই ধন্যবাদ জানাচ্ছে। কেন্টে তাকে সবসময় স্বাগত জানানো হবে।’
হাসানকে দেশে ফেরানোর ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস বলেছেন, ‘সামনে আমাদের প্রচুর খেলা আছে। ওকে যখন অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল, তখনও মূলত আমাদের টেস্ট দলের ভাবনায় ছিল সে। কিন্তু সামনে এশিয়া গেমসে সে খেলবে। আরো অনেক খেলা আছে এরপর। সব দিক বিবেচনায় নিয়ে আমাদের মনে হয়েছে, তার ওয়ার্কলোড বেশি হয়ে যাচ্ছে। দেশে ফিরে কিছুটা বিশ্রাম নেওয়া এবং ফিটনেস ও বোলিং নিয়ে কাজ করা প্রয়োজন তার।’
খালেদের শুরুটা ভালো হয়েছে। কেন্টের হয়ে প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জর্ডানের আকাবা শিল্পাঞ্চলে ঘটে যাওয়া একটি অ্যামোনিয়া গ্যাস লিকের ফলে অন্তত ১১ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল মামলাকা জানায়, গ্যাস ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর নিরাপত্তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত দক্ষিণাঞ্চলীয় আকাবা বন্দরটি খালি করা হয়।
শিল্পাঞ্চলে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই গ্যাস লিকের ঘটনা ঘটে। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে গ্যাস নির্গমন ওই কমপ্লেক্সের ভেতরেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আকাবার এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।
সূত্র: আল-জাজিরা ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা প্রদান করেছে বিশেষায়িত অঞ্চলে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে। এখন থেকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে (সাবেক বিডা) নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এ ধরনের বৈদেশিক ঋণ নিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে নির্দেশনাটি জানানো হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, গত ২ সেপ্টেম্বর জারি করা বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১-এর ৩২ নম্বর সার্কুলারের পার্ট-বির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার বিধান ছিল।
নতুন নির্দেশনায় উক্ত বিধান সংশোধন করে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে নিবন্ধিত নয় এমন বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে। এর মানে হলো, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদনের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, এই সংশোধনের প্রেক্ষিতে সাবেক অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) কোম্পানিগুলোর বৈদেশিক ঋণ প্রস্তাব ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের বৈদেশিক ঋণ ও সাপ্লায়ার্স ক্রেডিট সংক্রান্ত যাচাই-বাছাই কমিটির কাছে জমা দিতে হবে। তবে ২ সেপ্টেম্বর জারি করা ৩২ নম্বর সার্কুলারের অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে বলে বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে।
নতুন নির্দেশনার ফলে বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগকারী এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক অর্থায়ন গ্রহণের প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হবে। অন্যদিকে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে নিবন্ধিত নয় এমন প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বিদ্যমান বাধ্যবাধকতা বহাল থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে রাতের অন্ধকারে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে এক বহিরাগত যুবকের বিরুদ্ধে। ওই যুবককে শেষ পর্যন্ত হল এলাকার নিরাপত্তাকর্মীরা আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। পরে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
অভিযুক্ত যুবকের নাম আনারুল মিয়া (২৭)। শিক্ষার্থীদের অভিযোগ, রাতে গাড়ি না পেলে অনেক শিক্ষার্থীকে হেঁটে হলে ফিরতে হয়। এতে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বাড়ছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে মোটরসাইকেল থামিয়ে তার কাছে মোবাইল নম্বর চান এবং বন্ধুত্বের প্রস্তাব দেন। তখন তিনি বলেন, ‘আমি তো আপনাকে চিনি না।’
পরে গোলচত্বর পেরিয়ে নারী শিক্ষার্থীদের হলের দিকে যাওয়ার সময় ওই যুবক আবারও শিস দেন। তিনি বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য করে তাকে অনুসরণ করতে থাকেন।
ভুক্তভোগী বলেন, তখন আমি খুব ভয় পাচ্ছিলাম। পরে ফোন করে বিষয়টি বন্ধুদের জানাই। এরপর হল এলাকার নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানালে তারা ওই যুবককে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর ব্যাচমেট এহসান ফেরদৌস মাহিন বলেন, রাত ১১টার দিকে এক বন্ধু আমাকে ফোন দেন। পরে কল ব্যাক করলে তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, একজন মোটরসাইকেল নিয়ে তাকে উত্ত্যক্ত করছেন। আমরা তখন যারা ছিলাম, দ্রুত মোটরসাইকেল নিয়ে সেখানে যাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি হলের নিরাপত্তাকর্মীরা ওই যুবককে ধরে রেখেছেন। পরে তাকে প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শোয়াইবুর রহমান জানান, আমরা টিচার্স কোয়ার্টারের সামনে তাকে আটকাই। পরে আরও অনেক শিক্ষার্থী সেখানে আসেন। এরপর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, আমরা অভিযুক্তকে পুলিশের কাছে দিয়েছি। দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তার নিরাপত্তার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে দেখব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ