বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
১২:১৭ পি.এম
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের সমাধানে চীন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। উভয় দেশ একত্রে কাজ করছে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর শক্তির উন্নয়নকে কেন্দ্র করে, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, চীন বাংলাদেশের জ্বালানি ঘাটতি পূরণে সহায়তা করার জন্য তার প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর দুই দেশের মধ্যে সহযোগিতার একটি নতুন ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই সফরের মাধ্যমে উভয় দেশ ‘নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ সম্প্রদায়’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর সফরের পরবর্তী দুই মাসে অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে।
তিনি জানান, চীনের সহায়তায় বাংলাদেশে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তিস্তা নদী প্রকল্পের সম্ভাব্যতা ফিজিবিলিটি স্টাডির কাজ বর্তমানে চলমান রয়েছে।
এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন রেসিডেন্সিয়াল হল এবং একটি হাসপাতালের নির্মাণ কাজ অত্যন্ত সফলভাবে এগিয়ে চলছে।
দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা ও কাজ চলছে বলে জানিয়েছেন ইয়াও ওয়েন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দিয়েছিলেন। আজ এই মামলায় জিয়াউল আহসানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন আবেদন জানাবে।
এর আগে, গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে সালাহউদ্দিন আহমদ গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করেছিলেন। মামলার নথিতে জিয়াউল আহসান ছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞা এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাত পরিচয় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণীতে সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ অভিযোগ করেন, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে কিছু লোক তার স্বামীকে তুলে নিয়ে যায়। গুম হওয়ার সময় সালাহউদ্দিন আহমদ বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর, ভারতের মেঘালয়ের শিলংয়ে তার সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফিরে আসেন তিনি।
এদিকে, ট্রাইব্যুনালে আজ জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলায় গ্রেপ্তার থাকা দীপু মনি ও আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-সংসদ সদস্যকেও হাজির করা হয়েছে। আজ এসব আসামির বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ধার্য রয়েছে।
এ ছাড়া ২০১৩ সালে হাফেজ জাকির হোসেনকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলায় র্যাব-১-এর সাবেক অধিনায়ক আবদুল্লাহ আল মোমেনকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ঘটে যাওয়া প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই শোক প্রকাশ করেন।
এর আগে, বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ঘটে যাওয়া আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন।
নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যার ফলে দেশটির তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-১৭ আসনের কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি এলাকায় পুনর্বাসনের উদ্দেশ্যে ১০ হাজার কোটি টাকার একটি আধুনিক আবাসন প্রস্তাব চীনের কাছে ইআরডির মাধ্যমে পাঠানো হয়েছে, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, চীনের পক্ষ থেকে পর্যায়ক্রমে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সম্মতি প্রদান করা হয়েছে। এসব বস্তিতে বিশতলা ভবনে ছোট ছোট ইউনিট আকারে ফ্ল্যাট নির্মাণ করা হবে। এসব ফ্ল্যাটের বাসিন্দাদের জন্য ভাড়া ছাড়া শুধুমাত্র গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহিদুল হাসান।
বৈঠকের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে চীনের সম্মতি পাওয়া গেছে। চীন বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, বস্তি উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করবে।
প্রতিমন্ত্রী আরও জানান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।
মীর শাহে আলম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলে চীনা প্রতিষ্ঠান 'সিএমইসি' এর মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। ২০২৮ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। আগামী ২ সেপ্টেম্বর বেইজিংয়ে এর চূড়ান্ত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ল্যান্ডফিলের বর্জ্য ব্যবহারের জন্য 'পাওয়ার চায়না' নামক প্রতিষ্ঠানের সাথে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, চীনের পক্ষ থেকে দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের বাকি কাজ সম্পন্ন করতে ঋণ বা অনুদান আকারে প্রয়োজনীয় অর্থায়নের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর মাধ্যমে গুলশান, বারিধারা ও বনানী এলাকায় স্যুয়ারেজ নেটওয়ার্ক যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সরকারি ভবন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ছাদে নেটিং মিটারের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে চীন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
বন্দর উন্নয়ন বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মোংলা পোর্টের উন্নয়নেও চীন কাজ করবে। এ বিষয়ে মন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। দ্রুততম সময়ে কাজ শুরু হবে এবং মোংলা পোর্টের সাথে চিটাগং পোর্টের একটি লিংকেজও তারা তৈরি করবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালে ঘটে যাওয়া বিধ্বংসী বন্যা ও ভূমিধসের ফলে বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এমপি।
স্পিকার এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ