১১:৪৪ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : আগামীকাল লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের এই জেলায় সফরকালে তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। এর আগে সকাল সাড়ে ৮টায় তিনি নিজ বাসভবন থেকে বিমানবন্দরের দিকে রওনা হবেন।
সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করার পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এ সময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
পরে দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করারও পরিকল্পনা রয়েছে।
এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও জর্ডান একমত হয়েছে বাংলাদেশি কর্মীদের অবৈধ অবস্থান নিয়মিতকরণ, শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়াতে যৌথ বিজনেস ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। জর্ডানের পক্ষ থেকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নূর ই হেলাল সাইফুর রহমানও সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, সংস্কৃতি, পর্যটন, যোগাযোগব্যবস্থা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একটি যৌথ বিজনেস ফোরাম গঠনে সম্মত হয়েছে দুই দেশ। এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক সরবরাহে সরাসরি যোগাযোগ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে। তৈরি পোশাক ও ওষুধশিল্পেও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
জর্ডান বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেছে। শ্রমবাজারে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। অবৈধভাবে অবস্থানরত কর্মীদের নিয়মিতকরণসহ শ্রমসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ কমিটির মাধ্যমে কাজ করা হবে। জর্ডানের অর্থনীতিতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করা হয়েছে।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময় নিয়েও আলোচনা হয়েছে। সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর বিষয়টিও উঠে এসেছে।
এসময় ঢাকায় জর্ডানের আবাসিক দূতাবাস খোলার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ থেকে। জর্ডানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবটি সক্রিয় বিবেচনায় রয়েছে।
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চলাকালীন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়কালে জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশ। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ফিলিস্তিন সমস্যার ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে মিয়ানমার সংকট সমাধানে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জর্ডান।
বহুপক্ষীয় ফোরামে দুই দেশের বিদ্যমান সহযোগিতা ও পারস্পরিক সমর্থনে সন্তোষ প্রকাশ করেছে উভয় পক্ষ। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় আরও জোরদার করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেছে দুই দেশ। এ ক্ষেত্রে সংসদীয় মৈত্রী কমিটি গঠন নতুন একটি প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখতে পারে বলে মত দেওয়া হয়েছে। সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে অনিষ্পন্ন দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।
রাজনৈতিক পরামর্শ সভার পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এর আগে আম্মানে বাংলাদেশ চ্যান্সারিতে বাংলাদেশ-জর্ডান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ড. মো. নজরুল ইসলাম। এসময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে।
দ্বিতীয় দফার এই রাজনৈতিক পরামর্শ সভাকে বাংলাদেশ-জর্ডান সম্পর্ক পুনরুজ্জীবিত করা এবং বিভিন্ন খাতে সহযোগিতার অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, শ্যামপুর এবং শেরেবাংলা নগরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ বছর বয়সী নাসিমা বেগমও রয়েছেন। পাশাপাশি, শ্যামপুরে ঘটে যাওয়া জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেটের কাছে কাঁচাবাজারসংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া, রাত ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পর্যায়ক্রমে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালু করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘আউটকাম বেজড এডুকেশন: কারিকুলাম ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফর দ্য ফ্যাকাল্টি অব ফাইন আর্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে উপাচার্য এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
উপাচার্য মন্তব্য করেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর মতে, শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া নয়, বরং ফলতে চাওয়া। ঠিক একইভাবে, ওবিই কারিকুলামের লক্ষ্য হচ্ছে শিক্ষিত জনসমাজকে জনশক্তিতে রূপান্তরিত করা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে ওবিই কারিকুলাম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব বিভাগে এটি বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, চারুকলা একটি বিশেষায়িত বিভাগ, এবং এই বিভাগের শিক্ষকেরা তাদের নিজ নিজ বিষয়ে অত্যন্ত দক্ষ। তাঁদের দক্ষতা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাপ্ত দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে একটি যুগোপযোগী ওবিই কারিকুলাম তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে দুই পর্বে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে বাস্তবায়ন ও ওবিই কারিকুলাম সম্পন্নকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ