বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০৬ এম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পর্যায়ক্রমে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালু করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘আউটকাম বেজড এডুকেশন: কারিকুলাম ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফর দ্য ফ্যাকাল্টি অব ফাইন আর্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে উপাচার্য এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
উপাচার্য মন্তব্য করেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর মতে, শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া নয়, বরং ফলতে চাওয়া। ঠিক একইভাবে, ওবিই কারিকুলামের লক্ষ্য হচ্ছে শিক্ষিত জনসমাজকে জনশক্তিতে রূপান্তরিত করা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে ওবিই কারিকুলাম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব বিভাগে এটি বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, চারুকলা একটি বিশেষায়িত বিভাগ, এবং এই বিভাগের শিক্ষকেরা তাদের নিজ নিজ বিষয়ে অত্যন্ত দক্ষ। তাঁদের দক্ষতা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাপ্ত দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে একটি যুগোপযোগী ওবিই কারিকুলাম তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে দুই পর্বে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে বাস্তবায়ন ও ওবিই কারিকুলাম সম্পন্নকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ