০২:৩৭ পি.এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল ফের বিশাল আকৃতির উত্তাল ঢেউয়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। রোববার (স্থানীয় সময়) প্রবল জলোচ্ছ্বাসের ফলে উপকূলীয় সৈকতগুলো তলিয়ে গেছে এবং স্থানীয় রাস্তাঘাটও প্লাবিত হয়েছে। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ঐতিহাসিক জেটি।
জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস)-এর বে এরিয়া কার্যালয় সতর্কবার্তায় জানায়, সমুদ্রে ৩৫ ফুট (১০.৬ মিটার) পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিপজ্জনক স্রোত ও আকস্মিক বিশাল ঢেউয়ের (স্নিকার ওয়েভ) বিষয়েও সতর্ক করা হয়েছে।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় জানায়, 'পানি থেকে দূরে থাকুন, পাথর ও জেটিতে উঠবেন না এবং কখনোই সমুদ্রের দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন না।'
আরও পড়ুন: মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মধ্যে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি
শনিবার (১৪ নভেম্বর) সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুটেরও বেশি উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে। তবে এমন বৈরী আবহাওয়া ও বিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও সার্ফাররা দমে যাননি। হাফ মুন বে-র বিখ্যাত ম্যাভেরিকস সৈকতের বিশাল ঢেউয়ে তাদের সার্ফিং করতে দেখা গেছে।
অন্যদিকে, দক্ষিণের সান্তা ক্রুজ কাউন্টি শেরিফের কার্যালয় উপকূলীয় শহর ক্যাপিটোলার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে। প্রবল ঢেউয়ের সবচেয়ে বড় ধাক্কাটি এই শহরের ওপর দিয়েই গেছে। স্থানীয় সংবাদমাধ্যম কেএসবিডব্লিউ-এর প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারের সময় ২৫ থেকে ৩৫ ফুট উঁচু ঢেউ ক্যাপিটোলা জেটিতে আছড়ে পড়ছে এবং এর রেলিং ভেঙে ফেলছে।
এটি উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের জানুয়ারিতে ভয়াবহ শীতকালীন ঝড় ও জলোচ্ছ্বাসের ফলে ক্যাপিটোলা জেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এর মাঝখানের একটি অংশ ভেসে গিয়েছিল। পরবর্তীতে ১ কোটি ৬ লাখ ডলার ব্যয়ে সংস্কারের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে এটি পুনরায় খুলে দেওয়া হয়।
আরও পড়ুন: জর্ডান সামাজিকমাধ্যম টেলিগ্রাম নিষিদ্ধ করতে যাচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন