ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

৩ সন্তান হত্যা: দোষী সাব্যস্ত হলেও রায় দিতে পারলেন না মার্কিন আদালত


৩ সন্তান হত্যা: দোষী সাব্যস্ত হলেও রায় দিতে পারলেন না মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তান হত্যার অভিযোগে লিন্ডসে ক্ল্যান্সির বিরুদ্ধে চলমান বিচার বাতিল করে দিয়েছেন আদালত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিচারক এই সিদ্ধান্ত নেন, কারণ জুরি বোর্ড কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

 

প্রায় এক সপ্তাহ ধরে আলোচনা চলার পরও জুরিরা ক্ল্যান্সিকে সন্তান হত্যার জন্য ফৌজদারি দায়ে দোষী সাব্যস্ত করার বিষয়ে একমত হতে পারেননি।

আরও পড়ুন: কম্বোডিয়ায় দুই বাংলাদেশিকে ৫ হাজার ডলারে বিক্রি করেছে মানবপাচারকারীরা

 

জুরি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিচারক মিসট্রায়াল ঘোষণা করেন। এরপর তিনি জুরিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

জুরিরা যখন কোনো বিষয়ে একমত হয়ে সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন, তখন সেটিকে ‘হাং জুরি’ বলা হয়। এর ফলে, ক্ল্যান্সিকে দোষী বা নির্দোষ হিসেবে ঘোষণা করা হয়নি। একইভাবে প্রসিকিউশনও তাদের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে কি না, সে বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামী ২৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব: এনএসইজেডের সমস্যা ৩ মাসে সমাধান হবে

 

সেখানে প্রসিকিউশন নতুন করে বিচার করার আবেদন জানাবে, নাকি অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে, তা জানা যাবে। ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন মিসট্রায়াল ঠেকানোর জন্য জুরিদের রায় দিতে বাধ্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু তা সফল হয়নি। বর্তমানে ৩৬ বছর বয়সী সাবেক নার্স ক্ল্যান্সি একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ বহাল রয়েছে।

 

প্রসিকিউশন চাইলে নতুন করে বিচার করতে পারে অথবা ক্ল্যান্সির সঙ্গে সমঝোতায় যেতে পারে।

আরও পড়ুন: গাজীপুরে যুবদলের সংঘর্ষ, সময় টিভির চিত্রসাংবাদিক মো. আরিফের ওপর হামলা

২০২৩ সালে ম্যাসাচুসেটসে নিজ বাড়িতে তিনি তার তিন সন্তানকে হত্যা করেন। শিশুদের মধ্যে ৫ বছর বয়সী কোরা, ৩ বছর বয়সী ডসন এবং ৮ মাস বয়সী ক্যালান অন্তর্ভুক্ত রয়েছে। শিশুদের হত্যার সময় তাদের গলায় ব্যায়ামের ব্যান্ড পেঁচিয়ে দেওয়া হয়। সন্তানদের হত্যার পর ক্ল্যান্সি নিজেকে ছুরি দিয়ে আঘাত করেন এবং আত্মহত্যার চেষ্টা করেন, এরপর বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দেন, যার ফলে তিনি পক্ষাঘাতগ্রস্ত হন।

তবে ক্ল্যান্সি সন্তান হত্যার ঘটনা অস্বীকার করেননি। তিনটি ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার আইনজীবীদের যুক্তি, সন্তানদের হত্যার সময় তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন, তাই তাকে ফৌজদারি দায়ে দায়ী করা উচিত নয়।

মামলাটি যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং সমাজকে বিভক্ত করেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে মন্তব্য করেছেন। শুক্রবার ট্রাম্প বলেন, "এটি একটি ভয়াবহ পরিস্থিতি। দেখুন, সে একটি ভয়ানক কাজ করেছে। এর চেয়ে খারাপ আর হতে পারে না। এর একটা মূল্য দিতে হবে, মানসিক হাসপাতাল বা জেল বা ওইরকম কিছু একটা।"

মামলাটি কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। প্রসবোত্তর সাইকোসিস নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিচার কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়েছিল এবং প্রতিদিন দুই শতাধিক সাংবাদিক আদালতে উপস্থিত ছিলেন। ক্ল্যান্সির সমর্থকেরা প্রায়ই আদালতের বাইরে জড়ো হতেন।

আরও পড়ুন: সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করেছে: শফিকুল ইসলাম মাসুদ

বিচারের বেশিরভাগ দিন গোলাপি পোশাক পরা ক্ল্যান্সির সমর্থক নারীরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই নিজেদের প্রসব-পরবর্তী অভিজ্ঞতা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, তিনি লিন্ডসে ক্ল্যান্সির মামলাটি সম্পর্কে জানেন এবং ধারণা করছেন, মামলাটির আবার বিচার হতে পারে।

ট্রাম্প বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা। তবে ক্ল্যান্সি এই ঘটনার জন্য শাস্তি পাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আদালতের।

বিচারের সময় জুরিদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। শুক্রবার ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন একজন জুরিকে সরিয়ে দেওয়ার আবেদন করেন। এর আগের দিন জুরিরা জানিয়েছিলেন, ওই জুরি ‘যুক্তিসংগত সন্দেহ’ সম্পর্কিত আদালতের নির্দেশনা সঠিকভাবে মানছেন না।

যুক্তরাষ্ট্রে কাউকে অপরাধী সাব্যস্ত করতে হলে জুরিদের সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে হয় এবং তাদের নিশ্চিত হতে হয় যে আসামির অপরাধ ‘যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে’ প্রমাণিত হয়েছে। এই অপরাধ প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের। বিচারক উইলিয়াম সুলিভান আইনজীবীর আবেদন নাকচ করে জুরিদের আবার আলোচনা করতে পাঠান। প্রায় এক ঘণ্টা পর জুরিরা আদালতে ফিরে জানান, তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

আরও পড়ুন: জাতিসংঘ: চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার

এরপর বিচারক মিসট্রায়াল ঘোষণা করেন। রেডিংটন সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত স্থগিত রেখে জরুরি আপিলের সুযোগ চান। তবে ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালত তার আবেদন নাকচ করে দেন। মিসট্রায়াল ঘোষণার সময় ক্ল্যান্সিকে বিমর্ষ দেখাচ্ছিল।

আদালতকক্ষে নেমে আসে নীরবতা। রেডিংটন বিচারকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বলেন, ওই জুরিকে সরিয়ে দেওয়ার ক্ষমতা বিচারকের ছিল।

রেডিংটন জানান, তিনি মিসট্রায়াল পুনর্বিবেচনার জন্য নতুন আবেদন করবেন। এ বিষয়ে চলতি মাসের পরবর্তী শুনানিতে আলোচনা হতে পারে। প্রায় ছয় সপ্তাহ ধরে চলা বিচার শেষে জুরিরা সাত দিনে ৪০ ঘণ্টারও বেশি সময় আলোচনা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

প্লাইমাউথ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টিমোথি ক্রুজ বলেন, মামলাটি আবার বিচার করা হবে কি না, সে বিষয়ে তারা আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন। তার দাবি, লিন্ডসে ক্ল্যান্সিই তার তিন সন্তানকে হত্যা করেছেন এবং প্রমাণ অনুযায়ী, হত্যার সময় তিনি নিজের কাজের ওপর নিয়ন্ত্রণে ছিলেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

আদালতের বাইরে রেডিংটন দাবি করেন, ওই একজন জুরি না থাকলে বাকি ১১ জন ক্ল্যান্সির পক্ষে রায় দিতেন। তবে জুরিদের মধ্যে কী আলোচনা হয়েছিল, তা প্রকাশ করা হয়নি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ বন্ধের নতুন পরিকল্পনা নিয়ে মস্কো-কিয়েভে ট্রাম্পের দূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


যুদ্ধ বন্ধের নতুন পরিকল্পনা নিয়ে মস্কো-কিয়েভে ট্রাম্পের দূত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো ও কিয়েভে দুই দূত পাঠানোর কথা ঘোষণা করেছেন, যা ইউক্রেনে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার অংশ।

শুক্রবার ট্রাম্প জানান, তার দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রাশিয়া ও ইউক্রেন সফরে যাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের কূটনৈতিক অচলাবস্থা কাটানোর জন্য এটি ওয়াশিংটনের সর্বশেষ উদ্যোগ।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, দুই দূতের কিয়েভে পৌঁছানোর সময় রোববার নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানাচ্ছে, তারা শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে এবং রোববার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।

ক্রেমলিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ট্রাম্প সাংবাদিকদের জানান, দুই প্রতিনিধি শান্তির পথে কোনো অগ্রগতি সম্ভব কি না, তা যাচাই করবেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে শান্তি আলোচনা থমকে গেছে। এর মধ্যে রাশিয়া ও ইউক্রেন দূরপাল্লার হামলা আরও জোরদার করেছে। যুদ্ধ শুরুর পর বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা এমন পর্যায়ে পৌঁছেছে, যা আগে দেখা যায়নি।

ট্রাম্প বলেন, ‘আমি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠিয়েছি। তারা দুজনই অসাধারণ আলোচক। তারা খুব ভালো কাজ করেছেন। কোনো সমাধানে পৌঁছানো সম্ভব কি না, তা দেখতে আমরা তাদেরকে পাঠিয়েছি আর সেটি সম্ভব হওয়ার ভালো সম্ভাবনাও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব সঙ্গে নিয়ে যাচ্ছে।’

তবে ট্রাম্প সরাসরি বলেননি, পরিকল্পনাটিতে ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব রয়েছে কি না। এর আগে তিনি ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। তবে এবার তিনি বলেন, ‘শান্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে।’

গত বছর ট্রাম্প আবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পর এই প্রথম তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু উইটকফ ও জামাতা কুশনার যুদ্ধবিধ্বস্ত কিয়েভ সফরে যাচ্ছেন।

গাজা ও ইরানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যুক্ত থাকা উইটকফ ও কুশনার এর আগে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে একাধিকবার মস্কো সফর করেছেন।

পাল্টাপাল্টি হামলা অব্যাহত

নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সময় রাশিয়া ও ইউক্রেন একে অপরের ওপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা আগে, রাশিয়ার একটি ড্রোন মধ্য কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর সদর দপ্তরে আঘাত হানে বলে জানিয়েছেন জেলেনস্কি।

জেলেনস্কির দাবি, সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধানের কার্যালয় লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এই প্রথম এসবিইউ-এর সদর দপ্তরে হামলা হলো।

হামলাটি নজিরবিহীন হলেও, মার্কিন দূতদের সফর চলাকালে রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি পালনের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

সন্ধ্যার ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না। আলোচনার জন্য যত সময় প্রয়োজন, সেই সময়টুকু রাশিয়াকেও পাল্টা হামলা ছাড়া যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে।’

রাশিয়া তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে বুধবার জেলেনস্কি বলেছিলেন, মস্কো যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়ার আকাশসীমা ‘সম্পূর্ণ অনিরাপদ’ হয়ে থাকবে এবং সেখানে বিপুলসংখ্যক ইউক্রেনীয় ড্রোন থাকবে।

উইটকফ ও কুশনারের এই সফরের এক সপ্তাহেরও বেশি আগে সিআইএ’র পরিচালক জন র‌্যাটক্লিফ বিরল এক সফরে মস্কো গিয়েছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি রাশিয়াকে ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের ওপর হামলার বিষয়ে সতর্ক করেছিলেন।

এর আগে, চলতি সপ্তাহে উত্তর ক্যারোলিনায় অনুষ্ঠিত জি ২০ বৈঠকে যুক্তরাষ্ট্র রাশিয়ার অর্থমন্ত্রীকে স্বাগত জানিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’ হিসেবে উল্লেখ করেছেন।

নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তার প্রশাসন সংঘাতের গুরুত্ব কমানোর যে প্রচেষ্টা চালাচ্ছে, ট্রাম্পের এই মন্তব্যকে সেই প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী ঘিরে সংঘর্ষ বেড়ে চললেও ‌‌আমি এটিকে যুদ্ধ বলব না।’

এর একদিন পর শুক্রবার, ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অনেকেই এটিকে যুদ্ধ বলে না। আমি এটিকে সামরিক সংঘাত বলি, কারণ এটি আমাদের জন্য ছোটখাটো বিষয়।’

ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘এটি বড় কোনো বিষয় নয়। আমরা ভেনেজুয়েলায়ও করেছি এবং এটিও করেছি।’

এই সময় গরুর মাংস প্রক্রিয়াজাতকরণ নিয়ে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার অনুষ্ঠানে আমন্ত্রিত গবাদিপশু খামারিরা তার পাশে উপস্থিত ছিলেন।

ছয় মাস ধরে চলমান এই যুদ্ধে ১৮ জন মার্কিন সেনা ও হাজার হাজার ইরানি প্রাণ হারিয়েছে। বর্তমানে সংঘাত অনেকটা অচলাবস্থার মধ্যে রয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

তবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে।

এই কারণে তার প্রশাসন সংঘাতের প্রভাব কম করে তুলে ধরার চেষ্টা করছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘বিক্ষিপ্তভাবে হামলা’ চালাচ্ছে, তবে ‘এই মুহূর্তে আমরা যুদ্ধ করছি না।’

তিনি আবারও দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্র কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা অবিশ্বাস্য। আমরা ভেনেজুয়েলা দখলে নিয়েছি এবং কার্যত ইরানও আমাদের নিয়ন্ত্রণে এসেছে।’

১৮ জন মার্কিন সেনা নিহত হওয়ার পরও কীভাবে তিনি এই যুদ্ধকে ‘ছোটখাটো বিষয়’ বলছেন— সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প ক্রমেই বিরক্ত হয়ে ওঠেন।

তিনি ইরানের যুদ্ধকে ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি যুদ্ধের সঙ্গে তুলনা করেন।

ট্রাম্প বলেন, ‘আপনি এটিকে কী নামে ডাকছেন, সেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ব্যাপক সাফল্য পেয়েছি। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে থামিয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৫ দিন দেশে ভারি বর্ষণের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


টানা ৫ দিন দেশে ভারি বর্ষণের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের জন্য দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা জানিয়েছে। এছাড়াও, বজ্রবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে উল্লেখ করা হয়েছে, আজ শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিন আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের দেওয়া বিলাসবহুল বিমানে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


কাতারের দেওয়া বিলাসবহুল বিমানে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, তুরস্কে নিরাপত্তাজনিত উদ্বেগের ঘটনার পর তিনি প্রথম বিদেশ সফরে কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানটি ব্যবহার করবেন। তবে বিমানটির অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি কার্যকর করতে আরও কিছু সময় লাগবে।

আগামী মাসে বিমানটিতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত জুলাইয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের যুক্তরাষ্ট্রে ফেরার ঘটনা নিয়ে বিমানটি নিয়ে বিতর্ক শুরু হয়। ইরানের সম্ভাব্য হুমকির খবর পাওয়ার পর ট্রাম্প প্রথমে পুরোনো একটি ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠেন। পরে গোপনে আরেকটি ছোট বিমানে চলে যান বলে জানা যায়।

শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প নিশ্চিত করেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে কাতারের রাজপরিবারের উপহার দেওয়া বিমানটিই ব্যবহার করবেন।

বিমানটিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করার আগের ঘোষণা বহাল আছে কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটিকে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত করা হবে। হ্যাঁ, এটি অসাধারণ একটি বিমান।’

তিনি আরও বলেন, বিমানটিতে অনেক ধরনের নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা রয়েছে। তবে সম্পূর্ণ প্রস্তুত করতে প্রায় ৬০ দিন সময় লাগবে, যাতে এটি ‘যেকোনো অঞ্চলে নিরাপদে যেতে পারে’। অক্টোবর মাসে বিমানটি সেই আপগ্রেডের জন্য পাঠানো হবে।

তবে এবার ট্রাম্প যে সময়সীমার কথা বলেছেন, তা তার আগের ঘোষণার প্রায় দ্বিগুণ। গত ১৯ জুলাই তিনি জানিয়েছিলেন, বিমানটির নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে প্রায় এক মাস সময় লাগবে।

হোয়াইট হাউস এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।

প্রশাসনিক এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা এমন একটি ধারাবাহিক ব্যবস্থা বজায় রাখি, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য নিরাপদ, সুরক্ষিত ও নির্ভরযোগ্য সক্ষমতা নিশ্চিত করে। প্রয়োজন অনুযায়ী সেই সক্ষমতা নিয়মিতভাবে উন্নত করা হয়।’

তিনি বিমানটিকে ‘এ পর্যন্ত প্রেসিডেন্টের জন্য নির্মিত সবচেয়ে সেরা বিমান’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্প আগামী সপ্তাহে সংক্ষিপ্ত সফরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন যাবেন। এরপর দেশটির পশ্চিমাঞ্চলীয় ডুনবেগে তাঁর পরিবারের মালিকানাধীন গলফ কোর্সে আইরিশ ওপেন দেখতে যাওয়ার কথা রয়েছে।

কাতার ২০২৫ সালে যুক্তরাষ্ট্রকে বিলাসবহুল বোয়িং ৭৪৭ বিমানটি উপহার দেয়। এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পুরোনো প্রেসিডেন্টবাহী বিমানগুলো পুরোনো হয়ে যাওয়া এবং সেগুলোর বদলে নতুন বিমান সরবরাহে বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তবে বিদেশি একটি দেশের কাছ থেকে এত দামি উপহার গ্রহণ করায় শুরু থেকেই নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

মার্কিন সামরিক বাহিনী বিমানটিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার পর জুনের শেষ দিকে এটি ট্রাম্পের ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। তখন ট্রাম্প এটিকে ‘বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমান’ এবং ‘উড়ন্ত হোয়াইট হাউস’ হিসেবে বর্ণনা করেন।

তবে দ্রুত পরিবর্তন আনার কারণে কাতারের দেওয়া বিমানটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়।

এরপর গত জুলাইয়ে আঙ্কারা ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রে ফিরছিলেন, তখন ইসরাইল সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে। ওই সময় পুরোনো একটি ‘এয়ার ফোর্স ওয়ান’ ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানা যায়।

কিন্তু পরে জানা যায়, ট্রাম্প গোপনে পুরোনো বিমানটি একটি খাবার সরবরাহকারী ট্রাকের আড়ালে রেখে অন্য একটি ছোট বিমানে উঠে যান।

অগাস্টে এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘তারা আমাকে অন্য একটি ফ্লাইট, অন্য একটি বিমানে যেতে বলেছিল—নিরাপত্তা একই ছিল। তারা আমাকে যেতে বলেছিল, তাই আমি গিয়েছি। তারা যা বলে, আমি তা করি।’

এদিকে ট্রাম্প অন্য বিমানে চলে গেলেও সাংবাদিক ও তাঁর শীর্ষ সহযোগীরা আগের ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ছিলেন। ফলে ওই বিমানটি সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকিতে ছিল বলে ধারণা করা হয়।

ট্রাম্প আরও জানিয়েছেন, ২০২৯ সালে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর কাতারের দেওয়া বিমানটি তার পরিকল্পিত প্রেসিডেন্ট জাদুঘরে রাখা হতে পারে। তবে এ বিষয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

বোয়িং জানিয়েছে, নতুন করে প্রেসিডেন্টের জন্য নির্মিত দুটি ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথমটি ২০২৮ সালে সরবরাহ করার আশা করছে। নির্ধারিত সময়ের তুলনায় কয়েক বছর দেরিতে বিমান দুটি সরবরাহ করা হবে।

ট্রাম্প বলেন, ‘আমি এখনও সিদ্ধান্ত নিইনি। তবে সম্ভবত এটি জাদুঘরেই যাবে। নির্ধারিত পরিকল্পনাও সেটিই।’

তবে ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর কাতারের দেওয়া বিমানটি ব্যক্তিগত বিমান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে জল্পনা চলছে। বিদেশি কোনো দেশের কাছ থেকে প্রেসিডেন্টদের উপহার গ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় বিষয়টি নিয়ে নৈতিক প্রশ্নও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%