মামুন বিল্লাহ কালীগঞ্জ সাতক্ষীরা
০৫:১৪ পি.এম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খেজুরতলা মৎস্য সেট সড়ক সংলগ্ন বড় খালের মাথায় মাছের ঘের থেকে সঞ্জীব সরকার (৩০) নামে ১ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে অভিযোগের তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জীব সরকার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামের গোপালচন্দ্র সরকারের পুত্র। প্রাপ্ত তথ্যে জানা যায়, মরদেহের শরীরের কপালে ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে, পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে চাচাতো ভাই ডালিম ও আনন্দ সঞ্জীবকে হত্যা করে মাছের ঘরের পাশে ফেলে দিয়েছে। মৃত সঞ্জীব সরকারের বাবা গোপাল সরকারসহ পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (৩০ জুন) রাতে আনুমানিক সাড়ে ৮ টার দিকে সঞ্জীব সরকার এবং তার বাবা গোপাল সরকার মৎস্য ঘেরে যায়। রাতে বাবা গোপাল সরকার বাড়িতে ফিরে আসলেও সঞ্জীব সরকার কিছুক্ষণ পরে আসার কথা বলে সেখানে থেকে যায়। পরে রাতে বাড়িতে না ফেরায় তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। গভীর রাতে স্থানীয়রা তার নিজের মাছের ঘেরের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ১লা জুলাই সকালে থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার উপ পরিদর্শক আব্দুর রহিম সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের বিভিন্ন দেশ ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। গ্রিসে প্রাণ গেছে একই পরিবারের দুই সদস্যের। যুক্তরাষ্ট্রে অন্তত নতুন করে ৮৩টি আগুনের ঘটনা শনাক্ত করা হয়েছে। ইউক্রেনের চেরনোবিল এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দুই শতাধিক উদ্ধারকর্মী। এছাড়া ক্রোয়েশিয়া, স্পেন ও তুরস্কেও দাবানল ছড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুন করে ৮৩টি আগুনের ঘটনা শনাক্ত হওয়ায় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এর মধ্যে ৫৪টি বড় দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ইউটাহ অঙ্গরাজ্যের দাবানল বর্তমানে দেশের সবচেয়ে বড় আগুন বলে জানানো হয়। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানল মোকাবিলায় দেশজুড়ে ৮ হাজারের বেশি দমকল কর্মী কাজ করছেন।
ইউক্রেনের চেরনোবিল এলাকার কয়েক দিন ধরে জ্বলতে থাকা বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দুই শতাধিক উদ্ধারকর্মী। কর্তৃপক্ষ জানাচ্ছে, এলাকায় বিকিরণের মাত্রা এখনো স্বাভাবিক রয়েছে। তবে আগুনের ধোঁয়া কিয়েভ পর্যন্ত পৌঁছে বায়ুদূষণ ও দৃশ্যমানতা কমিয়ে দিয়েছে। উত্তর দিকে বাতাস প্রবাহিত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
তীব্র তাপপ্রবাহে দাবানলের ঝুঁকি বেড়েছে ক্রোয়েশিয়ায়। ওরেবিচ শহরের কাছে আগুন নিয়ন্ত্রণে অবস্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি কর্মীরা। আগুনের বিস্তার ঠেকাতে দমকলকর্মীদের পাশাপাশি আকাশপথ থেকেও অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের কয়েকটি অঞ্চলে কর্তৃপক্ষ সর্বোচ্চ পর্যায়ের লাল আবহাওয়া সতর্কতা জারি করেছে।
স্পেনের আরাগন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার খবর রয়েছে। এতে অন্তত ২ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে শতাধিক সেনা ও দমকল সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।
গ্রিসে ভয়াবহ দাবানলের মধ্যে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। আগুন থেকে বাঁচতে গিয়ে তারা প্রাণ হারান বলে ধারণা কর্তৃপক্ষের। এ ঘটনায় একজন আহত হয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান চালাচ্ছে দমকল বাহিনী।
অন্যদিকে তুরস্কের ইজমিরে আবাসিক এলাকার কাছে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুনের শিখা বাড়িঘর ও সড়কের একেবারে কাছাকাছি এসে পৌঁছে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আবাসিক এলাকায় যেন আগুন ছড়িয়ে না পড়ে সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বুধবার মাদ্রাসা চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
পরে শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম। চারা বিতরণের পাশাপাশি রোপিত চারার যথাযথ পরিচর্যার বিষয়ে উদ্বুদ্ধ করা হয় এবং বিভিন্ন গাছের চারা রোপন করার উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকরা বলেন, “তোমাদের প্রিয় বিদ্যাপিঠ প্রাঙ্গনে বা নিজ বাড়ির আঙ্গিনায় বা যেকোন সুবিধাজনক স্থানে নিজ উদ্যোগে একটি করে গাছের চারা রোপন করবে এবং রোপিত চারার যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলবে। মনে রাখবে, আজকে রোপন করা একটি গাছের চারা যথাযথ যত্নের মাধ্যমে বড় করতে পারলে এটি হবে তোমাদের আগামীর বৃহৎ সঞ্চয়। তোমাদের রোপিত বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তোমাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা দিতে সক্ষম হবে।”
এসময় ক্যামেরার ফ্রেমে স্থানীয় বিএনপির নেতা রানা মিয়া, মাদ্রাসার সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক শওকত আলী, মাহাদী মাসুদ, আবু রায়হান, মোজাহিদুল ইসলাম, উজ্জল মিয়া ও আরিফ হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ ও নবম শ্রেণির শিক্ষার্থী শিমুল মিয়া এবং ক্যামেরার ফ্রেমের বাহিরে সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক মুক্তা খাতুন, তাহেরা সুলতানা, আয়শা সিদ্দিকা, ইয়াছিন আহাম্মেদ ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের আন্দোলনের সূচনা ঘটে ১ জুলাই থেকেই। উচ্চ আদালতের এক রায়কে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়। এ আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উৎপত্তি করে ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। সড়কে যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও নেমে আসেন।
শান্তিপূর্ণ এই আন্দোলনকে দমাতে ব্যাপক দমনপীড়ন চালায় আইনশৃঙ্খলাবাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফলে আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে।
শাহবাগে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা লাগাতার অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন। সরকারের দমনপীড়ন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণও আন্দোলনে বাড়তে থাকে। আওয়ামী দুঃশাসনে ক্ষুব্ধ মানুষ তাদের সমর্থন যোগায় আন্দোলনে।
১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে পুলিশ। ওইদিন চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। সারাদেশজুড়ে আন্দোলন দাবানলের মতো জ্বলে ওঠে।
জাতিসংঘের হিসেবে এরপরের প্রায় তিন সপ্তাহের মধ্যে গুলি করে হত্যা করা হয় ১৪০০ এরও বেশি মানুষকে, যাদের মধ্যে শিশুরাও ছিল।
এরপর ২০২৪ সালের ৫ আগস্ট সড়কে আসে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনমুখী লাখো মানুষের ঢল। অবস্থা যখন বেগতিক হয়ে পড়ে, তখন দুপুরে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এটি ছিল কর্তৃত্ববাদী এক শাসনের পতন। গণভবন ও সংসদভবন দখলে নেয় ছাত্র-জনতা।
পরে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তে এটি প্রকাশ্যে আসে যে, নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করতে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন। এমনকি তিনি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দিয়েছিলেন। যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহারের প্রমাণও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি জুলাই মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম বাড়বে কি না, সে সম্পর্কে তথ্য জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। ওই দিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে।
একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জুলাই, ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী, জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ ঘোষণা করা হবে বৃহস্পতিবারে। ওই দিন বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।
এছাড়াও, এলপিজির নতুন দর ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে বিইআরসি গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একইসাথে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ