ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে অব্যাহত উত্তেজনার প্রেক্ষাপটে একটি অভূতপূর্ব সামরিক সংঘাতের সৃষ্টি হয়েছে। টানা ১০ রাত ধরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ হিসেবে এবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন একাধিক বিমান ঘাঁটি, রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। অন্যদিকে, ইরান তেহরানের অনুমোদন না মেনে প্রবাহে প্রবেশের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাঙ্কারেও আঘাত হেনেছে, যার ফলে হরমুজ প্রণালি ঘিরে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে চরম অনিশ্চিতাবস্থা সৃষ্টি হয়েছে।

ইরানি সেনা সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, বাহরাইনের মুহাররাক এলাকায় মার্কিন রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সঙ্গে রিফায় প্যাট্রিয়ট সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এছাড়া শেখ ইসা সামরিক ঘাঁটিতেও তারা ড্রোন আক্রমণ চালিয়েছে। কুয়েতের আহমেদ আল-জাবের ও আলি আল-সালেম বিমান ঘাঁটিতে স্যাটেলাইট এবং টেলিযোগাযোগ কেন্দ্রসহ ক্যাম্প আরিফজানে মার্কিন সেনা আবাসনে হামলা চালানোর অভিযোগ করেছে তেহরান। জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে এফ-ফিফটিন যুদ্ধবিমান এবং রাডার ধ্বংসের খবর পাওয়া যায়।

আরও পড়ুন: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো নিযুক্ত

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত অঞ্চলটিতে হরমুজ প্রণালিতে এক ফোঁটা তেল রপ্তানি করতে দেওয়া হবে না।

২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। মাঝখানে জুনের মাঝামাঝি সময়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ওয়াশিংটনের চুক্তি পুনঃব্যাখ্যার প্রচেষ্টা এবং হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ পুনরায় আরোপের পর সংঘাতের নতুন মাত্রা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের এই চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে কঠোর সমালোচনা চলমান রয়েছে।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার অবিলম্বে এই যুদ্ধ বন্ধের জোর দাবি জানিয়েছেন এবং মার্কিন সেনাদের সুরক্ষায় প্রতিনিধি পরিষদে ভোটাভুটির ঘোষণা করেছেন। এই বহুমুখী সংঘাত এবং আন্তর্জাতিক মধ্যস্থতার গুঞ্জনের মধ্যে বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা চলছে।

আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে ৩৬ ফিলিস্তিনি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুনি মোজাফফরকে দেশ-বিদেশে কারা আশ্রয় দিয়েছে, প্রশ্ন রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


খুনি মোজাফফরকে দেশ-বিদেশে কারা আশ্রয় দিয়েছে, প্রশ্ন রিজভীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ৪৫ বছর পর মেজর (অব.) মোজাফ্ফর হোসেন গ্রেপ্তার হওয়ার ফলে নানা প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানতে চেয়েছেন, এত বছর মেজর মোজাফ্ফর কোথায় ছিলেন এবং দেশের ভেতরে বা বিদেশে কাদের দ্বারা তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর নয়াপল্টনের আনন্দ ভবনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

রিজভী বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একজন অভিযুক্তকে চার দশকেরও বেশি সময় পর গ্রেপ্তার করা হয়েছে। তাই এই দীর্ঘ সময়ে তিনি কোথায় অবস্থান করেছেন, কারা তাকে নিরাপত্তা দিয়েছে এবং কীভাবে আইনের আওতার বাইরে ছিলেন, এসব বিষয়ে জাতির সামনে পরিষ্কার ব্যাখ্যা আসা প্রয়োজন।

তিনি একই প্রসঙ্গে কাদের সিদ্দিকীর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। রিজভীর দাবি, সে সময় তিনি বিদেশে আশ্রয় নিয়েছিলেন এবং অস্ত্রও পেয়েছিলেন। দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে কারা ব্যবহার করেছিল, সেটিও এখন আলোচনায় আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের সময় মুগ্ধ, ওয়াসিফ, আবু সাঈদসহ বহু শিক্ষার্থী ও তরুণের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত আওয়ামী লীগের যেসব নেতাকর্মী পরে ভারতে পালিয়ে গেছেন, তাদের কারা আশ্রয় দিয়েছে, সেই প্রশ্নেরও জবাব চায় দেশের মানুষ।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, কোনোভাবেই হতাশ হওয়ার সুযোগ নেই। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও ধৈর্যের ফল একদিন অবশ্যই আসে।

তিনি বলেন, ১৭ বছরের স্বৈরশাসনের অবসান, নানা প্রতিকূলতা অতিক্রম করে দলের শীর্ষ নেতার দেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, এগুলো প্রমাণ করে যে আত্মত্যাগ কখনও বিফলে যায় না।

প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বলেছেন, ন্যায়ের পথে যারা অবিচল থাকে, শেষ পর্যন্ত তারাই সফল হয়। তাই দলের আদর্শ ধারণ করে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রশংসা করে রিজভী বলেন, ফ্যামিলি কার্ডের আওতা সম্প্রসারণ এবং কৃষক কার্ড চালুর মতো উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এসব কর্মসূচির সুফল মানুষের কাছে পৌঁছালে মরহুম জাকির হোসেন নান্নুর মতো ত্যাগী নেতাদের আত্মদান আরও অর্থবহ হয়ে উঠবে।

দীর্ঘ প্রবাসজীবন ও নির্যাতনের পর দলের চেয়ারম্যানের দেশে ফিরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ কারণে নেতাকর্মীদের তার নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান তিনি।

৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের কথা স্মরণ করে রিজভী বলেন, বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো সেই চেতনার ধারক। বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই দলটির জন্ম। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি কোনো আপস করেনি বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের রাডার ও এফ-১৫ বিমান ধ্বংসের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


যুক্তরাষ্ট্রের রাডার ও এফ-১৫ বিমান ধ্বংসের দাবি আইআরজিসির

জর্ডান-বাহরাইনে মার্কিন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানায়, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার সিস্টেম ও একটি এফ-১৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সংস্থাটির ৪০তম বিবৃতিতে জানানো হয়, জর্ডানের রুকবান অঞ্চলে মার্কিন সেনা সংস্থান সংলগ্ন একটি কম্পাউন্ডে এই আঘাত হানা হয়।

এর ফলে, বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন।

অঞ্চলটি কোনোভাবেই মার্কিন আগ্রাসনকারীদের জন্য নিরাপদ নয় উল্লেখ করে আইআরজিসি সতর্ক করে বলেছে, আরও বড় ধরনের ক্ষতি এড়াতে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ত্যাগ করতে হবে।

বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলা হয়, প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়ে অনেক বেশি।

পাশাপাশি উন্নত অস্ত্র ব্যবহার করে নিরীহ শিশুদের ওপর হামলা চালানো সেনাদের বীর হিসেবে আখ্যায়িত করার মার্কিন অবস্থানের তীব্র সমালোচনা করা হয়।

অন্যদিকে, ইরানের দারখোভিনে বেসামরিক স্থাপনায় মার্কিন আগ্রাসনের জবাবে বাহরাইনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের কেন্দ্রীয় তথ্য পরিকাঠামোয় একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে তা ধ্বংস করার দাবিও করেছে আইআরজিসি।

যুদ্ধাপরাধীদের খুব দ্রুতই বিশ্বের স্বাধীন মানুষের কাছে জবাবদিহি করতে হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

এর আগে বাহরাইন-কুয়েতে মার্কিন রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রণালি হরমুজের দক্ষিণে নিয়ম লঙ্ঘনকারী দুটি তেল ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ইরানি বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং দেওয়ার কারণে ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।

মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বহিষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. ফজলে হাসান ফাহাদ, আল-আমিন হোসাইন, জাহিদ হাসান, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান খান আকিব, মাহমুদুল আমিন সিয়াম, মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল। এই শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, বহিষ্কৃত শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অফিস আদেশে জানানো হয়েছে যে, কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হচ্ছে যে, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) কিছু শিক্ষার্থী কর্তৃক একই বিভাগের ৫৫তম ব্যাচের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন, অকথ্য ভাষায় গালিগালাজ এবং কান ধরিয়ে ওঠবস করানোর মাধ্যমে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) র‍্যাগিং করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৫(ঙ) ধারা অনুযায়ী ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় টিজ/র‍্যাগিং/নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না’ লঙ্ঘন করায় এ অভিযোগের ভিত্তিতে জড়িতদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মগবাজারের অফিসের ঘটনা, সিসি ফুটেজ ঘিরে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


মগবাজারের অফিসের ঘটনা, সিসি ফুটেজ ঘিরে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগ

জামায়াতে ইসলামীর নেতা এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি সোমবার (২০ জুলাই) রাতের পরে ভাইরাল হয়ে গেছে এবং এটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে নারীটি এমপির দ্বিতীয় স্ত্রী দাবী করে মঙ্গলবার (২১ জুলাই) একটি বিবৃতি দেন তিনি। বিবৃতি অনুযায়ী জানা যায়, ঘটনাটি মগবাজারের একটি অফিসের, সিসি ফুটেজের পেছনে চাঁদা দাবি ও ‘ব্ল্যাকমেইল’।

বিবৃতিতে এমপি বলেন, তার গাড়িচালক তার কাছ থেকে চাদা দাবি করে এবং ক্যামেরায় তাদের স্বামী-স্ত্রীর অবস্থানের ভিডিও ফুটেজ মিডিয়াতে প্রচার করে চরিত্র হননের অপচেষ্টা চালায়। যদিও নির্বাচনী হলফনামা থেকে জানা যায়, তার স্ত্রী একজন।

বিবৃতিতে জামায়াত এমপি বলেন, গত ১৩ই ডিসেম্বর, ২০২৩ আমার প্রথমা ও দ্বিতীয়া স্ত্রী যথাক্রমে মোছা. মাকছুদা বেগম এবং মোছা. মারিয়াম বেগম এবং অত্র মরিয়াম বেগমের মামা মো. ওবায়দুল্লাহ গাড়ীচালককে সাথে নিয়ে মগবাজারস্থ মো. মাছুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে পরিদর্শনের জন্য যাই। সেখানে আনুমানিক মোট সোয়া ১ ঘণ্টা অবস্থান করি। যোহরের নামাজের পড়ার পূর্বে গাড়ী চালক গাড়ি দেখার জন্য বাইরে যায় বেশ কিছু সময় অবস্থান করে। দ্রুত রুমে ফিরে এসে আমাদের সতর্ক থাকতে বলে এবং পুনরায় চলে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে এসে দরজা খুলতে বললে দ্বিতীয় স্ত্রী মারিয়াম দরজা খুলে দেয়। সাথে সাথে ৫/৭ জন অপরিচিত লোক রুমে ঢুকে পড়ে আমাদের কৈফিয়ত তলব করে যে কেন আমরা সেখানে আছি। কিছুক্ষণ পর তারা আমাদের ব্যাগ পকেট চেক করে নিচে একটি বিকাশের দোকানে নিয়ে যায় এবং এক লাখ টাকা দাবী করে। আমাদের দাবির প্রেক্ষিতে উক্ত টাকা প্রদান করতে বাধ্য হই এবং তারা আমাদের নিরাপদে ও স্ব-সম্মানে সেখান থেকে প্রস্থান করতে সহায়তা করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এতক্ষণে আমাদের গাড়ি চালক ওবায়দুল্লাহ বহুক্ষণ ধরে খোঁজ করে পাওয়া যায়নি। এরপর আমরা বাসায় ফিরে আসি। রাত আনুমানিক দশটার দিকে গাড়ী চালক ওবায়দুল্লাহ্ আমার কাছে ৫ লাখ টাকা এবং আমার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাছুম বিল্লাহর কাছে দশ লক্ষ টাকা দাবি করে অন্যথা মগবাজারের চাঁদাবাজরা গাড়ি দেবে না বলে জানান। কিন্তু প্রকৃত ঘটনা হলো- গাড়ী চালক ওবায়দুল্লাহ সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের নায়ক।

বিবৃতিতে বলা যাচ্ছে, গাড়ী চালক ওবায়দুল্লাহর দুলাভাই আমার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাছুম বিল্লাহর সাথে দীর্ঘ দিন ধরে মানসিক টানাপোড়ন চলতে থাকে। যদিও অতীতে সম্পর্কটি ভীষণ খারাপ ছিল, বর্তমানে কিছুটা বাহ্যিকভাবে উন্নতি দেখা দিলেও দ্বন্দ্বের অবসান ঘটেনি। গাড়ী চালক ওবায়দুল্লাহ ষড়যন্ত্র করে আমাকে, আমার দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার গাড়ি জিম্মি করে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করতে চেয়েছিল। জনাব মাছুম বিল্লাহ কৌশলে পরের রাত প্রায় ১২টার নাগাদ তার একজন ভাই থানার এস আই আমিনুরকে সাথে নিয়ে এয়ারপোর্ট রোড থেকে গাড়ীটা চালকসহ উদ্ধার করেন। এরপর বাসায় এসে গাড়ী চালক ওবায়দুল্লাহকে মারধর করলে ওবায়দুল্লাহ ক্ষুব্ধ হয়ে ছুটে চলে যায়। সেসময় তিনি বলেন, ‘তোমার মেয়ের জীবন আমার হাতে এবং এমপিকে দেখে নেব।’

সুতরাং গাড়ী চালক ওবায়দুল্লাহ হিংসা ও স্বার্থের কারণে তার পূর্বে অফিস রুমে ধারন করা সিসি ক্যামেরায় আমাদের স্বামী-স্ত্রীর অবস্থান ভিডিও ফুটেজ মিডিয়াতে প্রচার করে তার হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা চালায়। যা সম্পূর্ণ বেআইনী, হিংসাত্মক, চক্রান্তমূলক এবং আমার বা আমাদের চরিত্র হননের সামিল।

বিবৃতিতে তিনি গাড়ী চালক ওবায়দুল্লাহর এমন কাজকে চক্রান্ত বলে উল্লেখ করেন এবং বিষয়টির নিন্দা জানানোর পাশাপাশি চরিত্র হননের জন্য তার কঠোর শাস্তি দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%