ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়া ও চীনের প্রধানমন্ত্রী সেন্ট পিটার্সবার্গে বৈঠকে মিলিত


রাশিয়া ও চীনের প্রধানমন্ত্রী সেন্ট পিটার্সবার্গে বৈঠকে মিলিত

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বুধবার (২১ অক্টোবর) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দুই দেশের সরকারপ্রধানদের ৩১তম নিয়মিত বৈঠকে মিলিত হচ্ছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন খাতে যৌথ প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

রুশ বার্তা সংস্থা তাস এবং রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের প্রতিবেদনের ভিত্তিতে, বৈঠকে দুই দেশের সার্বিক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো জোরদার করার পাশাপাশি জ্বালানি, শিল্প, কৃষি, পরিবহন অবকাঠামো এবং শিক্ষা খাতের যৌথ উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধানের যৌথ ঘোষণাপত্র এবং দ্বিপক্ষীয় সহযোগিতাসংক্রান্ত আরও কয়েকটি নথিতে সই করার পরিকল্পনা রয়েছে। তবে এসব নথির বিস্তারিত বিষয়বস্তু বৈঠক শেষে প্রকাশিত হবে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

এবারের বৈঠকটি রাশিয়া ও চীনের মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির স্বাক্ষরের ২৫ বছর পূর্তির সময় অনুষ্ঠিত হচ্ছে। এই চুক্তিটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গণ্য করা হয়।

সেন্ট পিটার্সবার্গে বৈঠকে যোগ দেওয়ার আগে, মিশুস্তিন এবং লি ছিয়াং তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্যদেশগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণ করেন। সেখান থেকে তাঁরা রাশিয়ায় পৌঁছান।

রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য, জ্বালানি, শিল্প ও অবকাঠামো খাতে সহযোগিতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারের বৈঠকে চলমান উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তথ্যসূত্র: তাস

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ পদ শূন্য, চিকিৎসাসেবা ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ পদ শূন্য, চিকিৎসাসেবা ব্যাহত

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক এবং জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত ১৯৪টি পদের মধ্যে ১০০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ বন্ধ থাকায় উপজেলার দুই লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র অনুযায়ী, শূন্য পদগুলোর মধ্যে চিকিৎসকের সংখ্যা ৩০টি, দ্বিতীয় শ্রেণির কর্মচারীর ৮টি, তৃতীয় শ্রেণির কর্মচারীর ৪৫টি এবং চতুর্থ শ্রেণির কর্মচারীর ১৭টি। এসব পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

হাসপাতালটিতে অপারেশন থিয়েটার স্থাপন করা হলেও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক এবং জনবলের অভাবে সেখানে অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় জনবল না থাকায় এক্সরে সেবাও বন্ধ রয়েছে। প্রায় ১০ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা এক্সরে মেশিনটি নষ্ট হয়ে গেছে। ফলে এক্সরে ও ছোটখাটো অস্ত্রোপচারের জন্য রোগীদের বেসরকারি ক্লিনিকের ওপর নির্ভর করতে হচ্ছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ রোগী চিকিৎসার জন্য আসেন। অথচ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সাধারণ রোগী দেখার জন্য চিকিৎসক রয়েছেন মাত্র তিনজন। এতে একজন চিকিৎসককে প্রতিদিন গড়ে প্রায় ২০০ রোগী সামলাতে হচ্ছে, ফলে চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

সাতুরিয়া এলাকার দেলোয়ার হোসেন এবং বাঘড়ীর এলাকার শাহিন শিকদার অভিযোগ করেছেন যে, চিকিৎসক সংকটের কারণে জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কখনও কখনও চিকিৎসকের পরিবর্তে হাসপাতালের অন্যান্য কর্মচারীকে দিয়ে প্রাথমিক চিকিৎসা, ব্যান্ডেজ এবং সেলাইয়ের মতো কাজ করানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন।

জানা গেছে, আবাসিক মেডিকেল অফিসার, নাক-কান-গলা, সার্জারি, হৃদ্‌রোগ, চক্ষু, চর্ম ও যৌনরোগ, মেডিসিন, শিশু ও অ্যানেসথেসিয়াসহ বিভিন্ন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এবং সহকারী সার্জন ও মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। পাশাপাশি নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্সসহ দ্বিতীয় শ্রেণির কর্মচারীদের পদেও জনবল ঘাটতি রয়েছে।

তৃতীয় শ্রেণির কর্মচারীদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, অফিস সহকারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও অফিস সহায়ক, ওয়ার্ড বয়, আয়া, বাবুর্চি এবং পরিচ্ছন্নতাকর্মীর পদে পর্যাপ্ত জনবল নেই। এতে হাসপাতালের চিকিৎসা ও আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনায় সমস্যা সৃষ্টি হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, ‘বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই আমিসহ তিনজন চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাতে হচ্ছে। চিকিৎসক সংকটের কারণে প্রতিদিন একজন চিকিৎসককে গড়ে প্রায় ২০০ রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের এসব ওষুধ দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বারবার অবহিত করেও সমাধান পাওয়া যায়নি।’

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং জনবল সংকট নিরসন এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন উপজেলার নাগরিক সমাজ। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে হাসপাতালটিতে স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমডিএ’তে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা প্রদান করেছে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


বিএমডিএ’তে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা প্রদান করেছে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

সরকার বরেন্দ্র অঞ্চলে কৃষি সেচব্যবস্থাকে আধুনিক ও টেকসই করার জন্য প্রযুক্তির ব্যবহার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতাধীন সব গভীর নলকূপ সৌরবিদ্যুতের (সোলার) মাধ্যমে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খান।

উপ উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। কৃষকদের যাতে সহজে ও কম খরচে জমিতে সেচ দিতে সুবিধা হয়, সেজন্য সেচব্যবস্থার আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে উৎপাদন ব্যয় কমানোর বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

তিনি আরও জানান, বরেন্দ্র অঞ্চলে সেচব্যবস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিএমডিএ’র সব ডিপ টিউবওয়েল সোলারের মাধ্যমে পরিচালনা করার নির্দেশনা রয়েছে। এতে বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিচালন ব্যয় সাশ্রয় করা সম্ভব হবে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা যাবে।

এ সময় বিএমডিএ’র অতিঃ প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত, ছিনতাইয়ের অভিযোগ ১ লাখ ৭০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত, ছিনতাইয়ের অভিযোগ ১ লাখ ৭০ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মো. কায়েস রাজা নামে এক যুবক। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গত ১৮ অক্টোবর দুপুরে উপজেলার ফুলপুরের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহত কায়েস রাজা গোকর্ণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কায়েস রাজার অভিযোগ, বাবার চিকিৎসার জন্য তিনি ব্র্যাক ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। পাশাপাশি শ্বশুরবাড়ি থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে ছিলেন সজীব নামে এক ইলেকট্রিশিয়ান।

পথিমধ্যে ইয়াকুব মিয়া নামে এক ব্যক্তি তাঁদের পথরোধ করে টাকার ব্যাগ চান বলে অভিযোগ করেন কায়েস। ব্যাগ দিতে দেরি করায় তাঁকে চাইনিজ ছুরি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ও স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি তাঁর।

অভিযোগে কায়েস আরও জানান, পথচারী ও সঙ্গে থাকা সজীবের সহযোগিতায় তিনি প্রাণে রক্ষা পান। পরে রক্তাক্ত অবস্থায় নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করলে তাঁকে প্রথমে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

কায়েস রাজার দাবি, অভিযুক্ত ইয়াকুব মিয়াকে তিনি আগে চিনতেন না। কিছুটা সুস্থ হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সকলকে দৃঢ় ও আপসহীন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "কোনো অপশক্তিকে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্য ও অগ্রগতি বিনষ্ট করতে দেওয়া যাবে না।" বুধবার সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, "এই দেশ সবার। সবাইকে মিলেই দেশ গড়তে হবে।"

বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক হানাহানি চলছে, তখন বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করছে।" রাষ্ট্রপতি এটিকে দেশের সবচেয়ে বড় অর্জন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "এই সম্প্রীতি দেশের শক্তি ও অস্তিত্ব। যেকোনো মূল্যে তা অক্ষুণ্ন রাখতে হবে।"

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। রাষ্ট্রপতি বলেন, "এ দেশের মানুষ অসাম্প্রদায়িক। হাজার বছর ধরে এ ভূখণ্ডে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে একসঙ্গে বসবাস করে আসছে।" মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণ জাতীয় ঐক্যের ভিত্তি বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী সম্পর্কে বলেন, "অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়।" তিনি বলেন, "ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হওয়া গ্রহণযোগ্য নয়।" তিনি সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানান।

তিনি বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার।" রাষ্ট্রপতি উল্লেখ করেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক। তিনি বলেন, "সংবিধান প্রত্যেককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে।" এ লক্ষ্য বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

রাষ্ট্রপতি সকলকে পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন, যেন সব ধর্মের মানুষ নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্ম পালন করতে পারেন।

এর আগে রাষ্ট্রপতি দরবার হলে উপস্থিত হলে ‘হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট’, ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ ও ‘মহানগর সার্বজনীন পূজা কমিটি’র নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি বঙ্গভবনে আসা দর্শনার্থী ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%