০১:৪৬ পি.এম
সরকার বরেন্দ্র অঞ্চলে কৃষি সেচব্যবস্থাকে আধুনিক ও টেকসই করার জন্য প্রযুক্তির ব্যবহার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতাধীন সব গভীর নলকূপ সৌরবিদ্যুতের (সোলার) মাধ্যমে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খান।
উপ উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। কৃষকদের যাতে সহজে ও কম খরচে জমিতে সেচ দিতে সুবিধা হয়, সেজন্য সেচব্যবস্থার আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে উৎপাদন ব্যয় কমানোর বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
আরও পড়ুন: ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশি ফেরত
তিনি আরও জানান, বরেন্দ্র অঞ্চলে সেচব্যবস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিএমডিএ’র সব ডিপ টিউবওয়েল সোলারের মাধ্যমে পরিচালনা করার নির্দেশনা রয়েছে। এতে বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিচালন ব্যয় সাশ্রয় করা সম্ভব হবে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা যাবে।
এ সময় বিএমডিএ’র অতিঃ প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন