ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু


বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর দ্বিতীয় দিনের সংলাপ। রোববার (৪ অক্টোবর) সকাল পৌনে ১০টা থেকে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একযোগে পাঁচটি রুদ্ধদ্বার অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় দিনের আয়োজনে গণতন্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য, কূটনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এটি আন্তর্জাতিক এই সংলাপের পঞ্চম আসর। শনিবার (৩ অক্টোবর) সকালে তিন দিনব্যাপী সংলাপের উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। আগামী সোমবার (৫ অক্টোবর) শেষ হবে এ আয়োজন।

আরও পড়ুন: ‘সনাতন ধর্মাবলম্বীরা বলতেন, মায়ের কোলে সন্তান যেমন থাকে সাঈদীর কাছে সেভাবেই আছি’

দ্বিতীয় দিনের কর্মসূচিতে গ্র্যান্ড বলরুমে সকাল ১১টায় ‘ফাইভ সিজ, ওয়ান গ্যাদারিং স্টর্ম’ শীর্ষক কৌশলগত বক্তব্য দেবেন ভারতের সাবেক পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবর। সকাল ১১টা ২০ মিনিটে ‘দ্য ডিপ্লোম্যাটিক লেন্স’ পর্বে বক্তব্য দেবেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে নেতৃত্ব ও যোগাযোগ বিষয়ে কথা বলবেন ভারতের কমেডিয়ান ও এক্সিকিউটিভ কোচ পাপা সিজে।

দুপুর ১২টা ১০ মিনিটে ‘হু গেটস টু লিড?’ শীর্ষক গ্র্যান্ড কনভারসেশনে স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব নিয়ে আলোচনা হবে। এতে অংশ নেবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং, নির্বাচনী সংস্কার কমিশনের সাবেক সদস্য মো. আব্দুল আলীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। অধিবেশনটি সঞ্চালনা করবেন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ও নির্বাচন বিশেষজ্ঞ ক্যাথরিন এম সিসিল।

দুপুর ১টা ১০ মিনিটে বক্তব্য দেবেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এর ১০ মিনিট পর ‘ডু উই নো হাউ টু গভর্ন?’ শীর্ষক পর্বে সুশাসন নিয়ে আলোচনা করবেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

দুপুর ২টা ৩০ মিনিটে ‘হু ডিসাইডস হোয়েন দ্য মডেল ডিসাইডস?’ শীর্ষক অধিবেশনে রাষ্ট্র পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ, শ্রীলঙ্কার ডিজিটাল অর্থনীতি মন্ত্রণালয়ের সচিব ওয়ারুনা শ্রী ধনপালা এবং এশিয়া ফাউন্ডেশনের ইনসাইটওয়ার্কসের নির্বাহী পরিচালক নিকোলা নিক্সন। অধিবেশনটি সঞ্চালনা করবেন এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ।

আরও পড়ুন: সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতঙ্ক, রাত জেগে চলছে পাহারা

বিকেল ৩টা ৩০ মিনিটে ‘বিটউইন পাওয়ার অ্যান্ড প্রিন্সিপল’ শীর্ষক বে অব বেঙ্গল লেকচার দেবেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। এরপর বিকেল ৩টা ৫০ মিনিটে ‘জার্নালিজম আফটার দ্য টার্নিং পয়েন্ট’ বিষয়ে বক্তব্য দেবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

দিনের শেষ মূল অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়। ‘দ্য ডেমোক্রেসি কনভারসেশন’ শীর্ষক লিডারশিপ ফোরামে অংশ নেবেন ভারতের ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজের প্রেসিডেন্ট অশোক সাজ্জানহার, সিপিডির ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা, লাটভিয়ার সাবেক সংসদ সদস্য সের্গেজস পোটাপকিনস এবং মালয়েশিয়ার সাবেক মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন। অধিবেশনটি সঞ্চালনা করবেন নেপালের জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বাস বরাল।

এবারের বে অব বেঙ্গল কনভারসেশনে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন। সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে ৬ লাখ ৪৩ হাজার মিটার জাল জব্দ, ৪ জনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১২ এম


সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নয় দিনের সরকারি সফরের জন্য অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026) অংশগ্রহণ করবেন।

এছাড়া, তিনি মেলবোর্নে ডেকিন ইউনিভার্সিটি (Deakin University) পরিদর্শন করবেন। সফর শেষে, জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেবেন।

যুক্তরাষ্ট্রে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান বার্ষিক সভা ও প্রদর্শনী (Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition) তে অংশগ্রহণ করবেন।

সরকারি সফরের সময় সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালিশ শেষে বাড়ি ফিরছিলেন আ.লীগ নেতা, পুলিশ গ্রেপ্তার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৩ এম


সালিশ শেষে বাড়ি ফিরছিলেন আ.লীগ নেতা, পুলিশ গ্রেপ্তার করেছে

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. দিদারুল আলম, যিনি দিদার মেম্বার নামেও পরিচিত।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দিদারুল আলম খানখানাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ডোংরা গ্রামের মৃত সোলায়মানের পুত্র।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিদারুল আলম খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠক এবং দলের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করছেন। অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দিদার মেম্বারের পরিবার দাবি করেছে, তিনি একটি সালিশি বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া দিদারুল আলমকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৩ এম


শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কোচপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে আনা মালিকবিহীন ভারতীয় মদসহ মো. কবির হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

(৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা কোচপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ৪৭ বোতল ভারতীয় মদসহ মো. কবির হোসেন (১৮)-কে আটক করা হয়। আটক কবির হোসেন নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া গ্রামের মৃত মোর্শেদের ছেলে।

অভিযানে তার কাছ থেকে একটি ভিভো মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন কিংবদন্তি ডেনিস অ্যামিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৩ এম


মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন কিংবদন্তি ডেনিস অ্যামিস

ক্রিকেটে ব্যাটারদের মাথার সুরক্ষায় আধুনিক হেলমেট ব্যবহারের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম হলো ইংল্যান্ডের কিংবদন্তি ডেনিস অ্যামিস। তিনি মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ভয়ংকর গতির ফাস্ট বোলারদের মোকাবিলা করতে গিয়ে একসময় কটাক্ষের শিকার হন। তবে, তার সাহসী উদ্যোগই পরবর্তী সময়ে ক্রিকেটে সুরক্ষার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হয়।

১৯৭০-এর দশকে ক্রিকেটে ব্যাটারদের জন্য আধুনিক হেলমেটের প্রচলন ছিল না। ডেনিস লিলি, জেফ থম্পসন, মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার ও ইমরান খানের মতো গতিদানবদের সামনে ব্যাটারদের সাহস, দক্ষতা ও প্রতিক্রিয়ার ওপর নির্ভর করতে হতো।

এমন পরিস্থিতিতে ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটে মোটরসাইকেলের ভারী হেলমেট ও পলিকার্বনেটের ভাইজর পরে ব্যাটিং করেন অ্যামিস। তার এই উদ্যোগ ক্রিকেটে মাথার সুরক্ষার বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করে সবাইকে।

অ্যামিস ৫০টি টেস্ট খেলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবেও পরিচিত। তবে, হেলমেট ব্যবহারের শুরুটা তার জন্য সহজ ছিল না। সতীর্থ ও প্রতিপক্ষের কাছ থেকে তাকে নানা ধরনের কটাক্ষ শুনতে হয়েছিল।

এক সাক্ষাৎকারে অ্যামিস তার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে বলেন, "ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটে ঘণ্টায় ৯০ মাইল বা প্রায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম এমন ১৯ জন ফাস্ট বোলার ছিলেন।" এর আগে লিলি ও থম্পসনের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থেকেই তিনি মাথার সুরক্ষার গুরুত্ব বুঝতে পারেন।

অ্যামিসের ভাষায়, "মাথায় আঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে।" ক্রিকেটার ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সেই ঝুঁকির নির্মম উদাহরণ। এসব বিবেচনা করে তিনি মোটরসাইকেলের হেলমেটের সঙ্গে পলিকার্বনেটের ভাইজর ব্যবহার শুরু করেন।

শুরুর দিকে তাকে শুনতে হতো, "এই অ্যামিস, তোমার মোটরসাইকেল কোথায়?" কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে যায়। একসময় অন্য ব্যাটাররাও হেলমেটের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন।

অ্যামিস জানান, অস্ট্রেলীয় ব্যাটার ডেভিড হুকসের চোয়াল ভেঙে যাওয়ার পর তাকে ছয় সপ্তাহ স্ট্র দিয়ে তরল খাবার খেতে হয়েছিল। এরপর অ্যান্ডি রবার্টসের বিপক্ষে খেলতে নামার আগে হুকস অ্যামিসের কাছে হেলমেট ধার চান।

এরপর ঘটে যায় একটি স্মরণীয় ঘটনা। হেলমেট পরে রবার্টসের করা প্রথম বলটি মাথার দিকে উঠে এলে হুকস সেটিকে হুক করে ছক্কা হাঁকান। অ্যামিসের চোখের সামনেই ঘটে ঘটনাটি।

সেই মুহূর্তের স্মৃতিচারণ করে অ্যামিস বলেন, "ধারাভাষ্যকার রিচি বেনো ঘটনাটিকে ক্রিকেটের সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া মুহূর্ত হিসেবে বর্ণনা করেছিলেন।"

অ্যামিসের কাছে ঘটনাটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। যে ব্যাটার কয়েক সপ্তাহ আগে চোয়াল ভাঙার কারণে স্বাভাবিকভাবে খেতে পারছিলেন না, সেই তিনিই একই বোলারের বিপক্ষে একই মাঠে দ্রুতগতির বল হুক করে সীমানার বাইরে পাঠিয়েছিলেন।

ক্রিকেটে হেলমেটের ব্যবহার এক দিনে সর্বজনীন হয়ে ওঠেনি। তবে, ডেনিস অ্যামিসের সেই সাহসী পদক্ষেপ ব্যাটারদের নিরাপত্তা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একসময় যে হেলমেট নিয়ে তাকে বিদ্রূপ সহ্য করতে হয়েছিল, সেটিই পরবর্তী সময়ে আধুনিক ক্রিকেটে ব্যাটারদের অপরিহার্য সুরক্ষাসামগ্রীর একটি হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%