ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন—শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুই পুরুষের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া’ পরিবহণের একটি যাত্রীবাহী বাস এবং একটি অটোরিকশা লচনা এলাকায় পৌঁছালে বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে সিএনজির ভেতরে থাকা তিনজন যাত্রী চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয় বলে তিনি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লাশগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে আইনি পদক্ষেপের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি (এফটিপি) এখনো চূড়ান্ত নয়। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার প্রধান সিরিজগুলো বেশ আগে থেকেই ঠিক হয়ে গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো। চিরাচরিত ধারা মেনেই চলবে অ্যাশেজ সিরিজ। ২০২৭ সালে ইংল্যান্ডে, ২০২৯-৩০ মৌসুমে অস্ট্রেলিয়ায় এবং ২০৩১ সালে আবার ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এই সিরিজ।

২০২৮ সালের শুরুতে টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে ইংল্যান্ড। এরপর ২০২৯ সালে ভারতকে নিজেদের মাটিতে আতিথ্য দেবে তারা।

২০২৭-৩১ চক্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ২০২৮ সালে অনুষ্ঠিতব্য লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। ১৯০০ সালের পর এই প্রথম অলিম্পিকে জায়গা পাচ্ছে ক্রিকেট। জুলাইয়ে অনুষ্ঠিত হবে এই আসর, যা পড়বে ইংলিশ গ্রীষ্মের ঠিক মাঝামাঝি সময়ে। সপ্তাহব্যাপী চলা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইভেন্টটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ঘরের মাঠের টেস্ট সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যান্য পূর্ণ সদস্য দেশগুলোর জন্য চিরাচরিত একটি চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে। প্রথমে ভারতের সঙ্গে এবং এরপর অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সঙ্গে নিজেদের সূচি সাজানোই হবে তাদের জন্য মূল কাজ। যেমন, ২০২৭ সালে জিম্বাবুয়ে এবং নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের ঠিক পরই ভারতকে আতিথ্য দেবে দক্ষিণ আফ্রিকা। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলার সুযোগ না থাকায় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আরও বেশি সিরিজের জন্য জোর দিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যে আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ঘোষণা দিয়েছে তারা। 

যদিও এই আলোচনা শুরু হয়েছিল ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে পাকিস্তান দৌড়ে থাকলে একটি এককালীন টেস্ট আয়োজনের প্রস্তাব হিসেবে। সে দৌড় থেকে এখন ছিটকে গেছে দলটি। এছাড়া ২০২৭-২৮ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে আরও একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


জার্মানিতে আরও একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

জার্মানির পশ্চিমাঞ্চলে স্পাংডাহলেম বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবরটি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পলিটিকো জানায়।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

জার্মান বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশটির সম্প্রচারমাধ্যম এসডব্লিউআরকে জানিয়েছে, কয়েকটি বিমান নিয়ে একটি মহড়া চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য বিমানগুলোকে রামস্টেইন বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

দুর্ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা উপস্থিত হন। আইফেলক্রাইস বিটবুর্গ-প্রুম জেলার দমকল ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

জেলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় একজন আহত হয়েছেন এবং পরে ঘটনাস্থলে জরুরি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

তবে, দুর্ঘটনার সঠিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি।

মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইং এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে। এসব বিমান যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হয়।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে স্পাংডাহলেম বিমানঘাঁটির দক্ষিণে জেমার-রডট এলাকায় নিয়মিত প্রশিক্ষণের সময় আরেকটি মার্কিন এফ-১৬ বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায়ও পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং সামান্য আহত হন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলের ভিডিওতে বড় ধরনের আগুনের গোলা এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে বিএনপির কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে ১১ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


কালিগঞ্জে বিএনপির কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে ১১ জন আহত

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে পৃথক বিক্ষোভ কর্মসূচির কারণে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বর ও কালিগঞ্জ থানার আশপাশে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ‘নৈরাজ্য, অপরাজনীতি ও অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে বিকাল ৩টায় কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাসানুর রহমান এবং শেখ নাজমুল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

একই দিনে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে বিকাল ৫টায় পৃথক কর্মসূচির প্রস্তুতি চলছিল। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা আগে থেকেই বিরাজ করছিল।

বিকালে রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে কৃষকদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বর থেকে কালিগঞ্জ থানার দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

মিছিলটি এগিয়ে গেলে অপর পক্ষের নেতাকর্মীদের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে রোকনুজ্জামান রোকন সমর্থিত সবুজ ও ছোটন আহত হন। তাদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রথমে নেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপর পক্ষের আল ইমরান হোসেনও আহত হয়ে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া বিপুল হোসেন, আজমির হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেখ হাসানুর রহমান বলেন, "জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় রোকনুজ্জামান রোকন সমর্থিত লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালান।"

অপরদিকে, রোকনুজ্জামান রোকন অভিযোগ করেন, "আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। একপর্যায়ে শেখ হাসানুর রহমান সমর্থিত লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।"

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু বলেন, "দলের মূল সংগঠনের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। পাশাপাশি উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানের নেতৃত্বে আরেকটি কর্মসূচি চলছিল। একপর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।"

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ঘোষ জানান, "উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে দুই পক্ষকেই ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার ১৮ মাস পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার ১৮ মাস পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রাম থেকে নিখোঁজ কিশোরী মোছা. নিঝুম খাতুনের গলিত লাশের সন্ধান মিলেছে পাবনার ঈশ্বরদীতে। প্রেমিক মাশরিকুল রহমান জিমের (২৩) দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি শনাক্ত করা হয়। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জিম। 

একইদিন রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সাইবার ক্রাইম ইউনিটের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এখলাচ হোসেন।

পুলিশ জানায়, ১৩ মার্চ ২০২৫ মোছা. নিঝুম খাতুন (১৭) নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় নিহতের মা মোছা. তাসলিমা খাতুন বাদী হয়ে ৮ এপ্রিল মহেশপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে তিনি একটি অপহরণ মামলা দায়ের করেন।

দীর্ঘ ১৮ মাস পর নিঝুমের প্রেমিক মাশরিকুল রহমান জিমকে আটক করা হয়। জিম উপজেলার রাখালভোগা গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। আটকের পর ২০ সেপ্টেম্বর তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় জিম নিঝুমের লাশের সন্ধান দেন। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের জিজ্ঞাসাবাদে তিনি জানান, পাবনার ঈশ্বরদী রেলস্টেশনের কাছে নিঝুমকে হত্যা করেছে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার বিষয়টি নিশ্চিত হন সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা।

জিমের দেওয়া তথ্য অনুযায়ী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানার পাকশী রেলস্টেশন এলাকায় যায় এবং ঘটনাস্থল শনাক্ত করে। একপর্যায়ে টিমের সদস্যরা জানতে পারেন, নিঝুমের অর্ধগলিত লাশ ঈশ্বরদী থানা পুলিশ ২০২৫ সালের ১৭ মার্চ দুপুরে অজ্ঞাতনামা লাশ হিসেবে উদ্ধার করে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

তখন পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে পাবনা আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় লাশটি কবরস্থ করা হয়। পরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম সিআইডির ক্রাইম সিন এক্সপার্টদের আর্কাইভে সংরক্ষিত অর্ধগলিত কিশোরীর ছবি সংগ্রহ করে। ছবিতে থাকা পোশাক দেখে জিম নিঝুমের লাশ শনাক্ত করে।

পুলিশ আরও জানায়, জিমের সঙ্গে নিঝুমের প্রেমের সম্পর্ক ছিল। ১৩ মার্চ ২০২৫ বেড়ানোর কথা বলে নিঝুমকে পাবনার ঈশ্বরদী থানাধীন পাকশী রেলস্টেশনে নিয়ে যান জিম। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে তারা জনশূন্য পাকশী রেললাইনের ওপর প্ল্যাটফর্মে বসে সময় কাটান।

এ সময় নিঝুম জিমকে বিয়ে করার জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিম রাগান্বিত হয়ে নিঝুমকে সজোরে থাপ্পড় মারেন। এতে নিঝুম অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে টেনে-হিঁচড়ে রেললাইনের নিচে নির্জন জঙ্গলের মধ্যে নিয়ে যান জিম। সেখানে নিঝুমের পরিহিত ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে মাথার ওপর পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন জিম।

মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ গুম করার উদ্দেশে জঙ্গলের পাশে নির্জন স্থানে রেখে ট্রেনে করে গ্রামে ফিরে যান জিম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে জিমকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়। সেখানে কিশোরী নিঝুম হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। মামলাটি তদন্ত করছেন মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমানিষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%