০৬:৩৬ পি.এম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জমকালো আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ শেষ হয়েছে। শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগ ৪-০ গোলে পরাজিত করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগকে রোমাঞ্চকর ফাইনাল খেলায় শিরোপা অর্জন করেছে।
ফাইনাল ম্যাচটি মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, যিনি খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “নিয়মিত একাডেমিক চাপের মধ্যে খেলাধুলা শিক্ষার্থীদের অন্য রকম আনন্দ দেয়। এটি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের বিকাশ ঘটাতে এবং পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে সাহায্য করে।” তিনি টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও দর্শক উভয়ের মধ্যে পড়াশোনায় কিছুটা উদাসীনতা লক্ষ করার পর সবাইকে পুনরায় মূল একাডেমিক পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, সোনারগাঁওয়ের ইউআইইউর বিরুদ্ধে বড় জয়
বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মাঠে এ ধরনের সুস্থ ও সুন্দর সহশিক্ষামূলক কার্যক্রমের প্রসার শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের আয়োজন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণ, প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রস্তুত করা এবং পরবর্তী সময়ে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে সহায়তা করে।
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণের পূর্বে আন্তঃহল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬-এর চ্যাম্পিয়ন তাপসী রাবেয়া হল ও রানারআপ বীর প্রতীক তারামন বিবি হলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন (নারী) প্রতিযোগিতায় এককে চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিকা পদ্দার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (নারী) প্রতিযোগিতা-২০২৬-এর রানারআপ হওয়ায় যবিপ্রবির নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, পিইএসএস বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ। মাঠে উপস্থিত বিপুলসংখ্যক দর্শকের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
আরও পড়ুন: ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন