০৩:০২ পি.এম
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে ২৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে সুপারির একটি বিশাল বাগান। সারি সারি সুপারি গাছ, সবুজের সমারোহ এবং কর্মব্যস্ত শ্রমিকদের পদচারণায় বাগানটি যেন এক সুপারির রাজ্যে পরিণত হয়েছে। এই রাজ্যের পেছনে রয়েছে এক প্রবাসফেরত মানুষের অবিচল সংগ্রাম, নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এবং দীর্ঘ চার বছরের নিরলস পরিশ্রম।
কে এ জামান নান্টু দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। সেখানে তিনি ব্যবসা প্রতিষ্ঠা করে জীবনের সচ্ছলতা অর্জন করেন। কিন্তু দেশে ফিরে এসে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। শারীরিক অসুস্থতা ও ভিসা জটিলতার কারণে তিনি আর প্রবাসে ফিরে যেতে পারেননি। এর ফলে সৌদিতে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানসহ হারাতে হয় তাঁর অর্জিত সম্পদ।
তবে নান্টু জীবনের কঠিন পরিস্থিতিতে থেমে যাননি। পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ২৫ বিঘা জমিতে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেন। টানা চার বছর দিন-রাত পরিশ্রম করে তিনি সুপারির বাগান গড়ে তোলেন। বর্তমানে বাগানে পুরোনো ও নতুন মিলিয়ে প্রায় ২৫ হাজার সুপারি গাছ রয়েছে। পাশাপাশি আরও ১৫ হাজার সুপারির চারা রোপণের কাজ চলছে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ
বর্তমানে বাগানে সুপারি সংগ্রহের ব্যস্ত মৌসুম চলছে। প্রতিদিন গাছ থেকে সুপারি পেড়ে কাঁধি ছাড়ানো, বাছাই এবং বস্তাবন্দি করে ফকিরহাট বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আকার ও মানভেদে প্রতি কুড়ি সুপারি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। এক কুড়িতে ২৬৪টি সুপারি থাকে।
সপ্তাহে গাছ থেকে প্রায় ২০০ কুড়ি সুপারি সংগ্রহ করা হয়। এর মধ্যে বড় ও ভালো মানের সুপারি বাজারে বিক্রি করা হয়। বাকি সুপারি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হচ্ছে, যাতে পরবর্তী সময়ে বাজারজাত করা যায়।
সুপারি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের কাজে প্রতিদিন পাঁচ থেকে ছয়জন শ্রমিক নিয়োজিত থাকেন। বাগান পরিচর্যায় কাজ করেন আরও চার থেকে পাঁচজন। সব মিলিয়ে প্রায় ১০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এই বাগানে। প্রত্যেক শ্রমিক দৈনিক ৬০০ টাকা মজুরি পান।
সারা বছরই সুপারি বাগানের পরিচর্যা করতে হয়। বিশেষ করে অক্টোবর ও নভেম্বর মাসে গাছের গোড়া পরিষ্কার করে মাটি কুপিয়ে দেওয়া হয়। পুরোনো শিকড় ছেঁটে দিলে নতুন শিকড় গজাতে সহায়তা করে। এ সময় সরিষার খৈল, পটাশ ও ফসফেট সার, ব্রোন ইত্যাদি প্রয়োগ করা হয়। এছাড়া চৈত্র-বৈশাখ মাসে গাছের প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হয়। নিয়মিত পরিচর্যা ও আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণের ফলে ধীরে ধীরে বাগানের উৎপাদন ও আয় বাড়ছে।
আরও পড়ুন: বাংলাদেশ ও জর্ডান যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে সম্মত
দুই বছর আগে এই বাগান থেকে বছরে আয় ছিল প্রায় এক লাখ টাকা। কিন্তু পরিচর্যা, পরিকল্পনা ও আধুনিক কৃষিপদ্ধতির প্রয়োগের মাধ্যমে বর্তমানে বছরে প্রায় ২০ লাখ টাকার সুপারি বিক্রি হচ্ছে।
বাগান মালিক কে এ জামান নান্টুর আশা, আগামী দুই বছরের মধ্যে সব গাছে ফলন এলে বছরে প্রায় কোটি টাকার সুপারি বিক্রি করতে পারবেন তিনি।
তাঁর কৃষি উদ্যোগ শুধুমাত্র সুপারি চাষেই সীমাবদ্ধ নয়। সুপারি গাছের ফাঁকা জায়গায় বাণিজ্যিকভাবে সাগর ও অগ্নিশ্বর জাতের কলা চাষ করা হচ্ছে। রয়েছে কয়েকটি পুকুর, যেখানে গলদা চিংড়ি, রুই ও কাতলা মাছ চাষ হচ্ছে। পাশাপাশি আম, জাম, কাঁঠাল, লেবু, নারকেলসহ নানা ধরনের ফলজ গাছও বাগানজুড়ে শোভা পাচ্ছে।
সব মিলিয়ে ২৫ বিঘা জমির এই কৃষি উদ্যোগ যেন এক বহুমুখী সম্ভাবনার সবুজ খামার। প্রবাসে হারানো স্বপ্নকে দেশের মাটিতে নতুন করে গড়ে তোলার এক অনন্য দৃষ্টান্ত। কঠোর পরিশ্রম, পরিকল্পনা এবং কৃষির প্রতি ভালোবাসা থাকলে পতনের পরও ঘুরে দাঁড়ানো সম্ভব, এ জামান নান্টুর সুপারির রাজ্য যেন সেই কথাই বলে।
আরও পড়ুন: ঘোড়াঘাটে ট্রাক ঢুকে পড়ল বসতঘরে, ৩ মাসের শিশুর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন