০৩:০৪ পি.এম
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ হাইকোর্টের জামিনে কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি মুক্তি পান।
এর আগে, সিফাতের আইনজীবীরা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর, তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরপর, দুই দফা নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়ে যায়। প্রথমে গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও দ্বিতীয় দফায় তার জামিন আবেদন খারিজ হয়।
দ্বিতীয় দফায় জামিন নামঞ্জুর হওয়ার পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করে। এর ধারাবাহিকতায় বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান।
সিফাতের আইনজীবীদের দাবি, তাকে গ্রেপ্তারের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ বিল নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়টি সামনে আনা হলেও সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারে এ ধরনের বক্তব্যের কোনো উল্লেখ নেই। তারা অভিযোগ করেছেন যে, পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে।
আরও পড়ুন: আগামীকাল লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিফাত আবদুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের পর তাকে পুলিশ আটক করে। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন