ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম, খালের মাটি খালেই যাচ্ছে


আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম, খালের মাটি খালেই যাচ্ছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া-পেশকারহাট এলাকায় বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দূর থেকে মাটি সংগ্রহ না করে বেড়িবাঁধের পাশের খালের পাড় ও আশপাশের জমি থেকে মাটি কেটে বাঁধে দেওয়া হচ্ছে। এমনকি ড্রেজার ব্যবহার করে খাল থেকে কাদামাটি তুলে বাঁধে ফেলায় জোয়ার-ভাটার পানিতে সেই মাটি আবার খালের গর্তে গিয়ে পড়ছে। এই পরিস্থিতিতে প্রকল্পের কাজের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, দিনের বেলায় প্রতিবাদের মুখে কখনো কখনো কাজ বন্ধ থাকলেও রাতের আঁধারে ড্রেজার দিয়ে খাল থেকে কাদামাটি তুলে গর্ত ভরাট করা হচ্ছে। প্রকল্পের ধরন, বিবরণ ও বরাদ্দসংক্রান্ত তথ্য উল্লেখ করে সাইনবোর্ড টাঙানোর নিয়ম থাকলেও তা করা হয়নি। ফলে কাজের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। কোথাও বাঁধ উঁচু-নিচু, আবার কোথাও নির্ধারিত প্রস্থের চেয়ে সরু করে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

জানা গেছে, চাতরী ইউনিয়নের মহতরপাড়া-পেশকারহাট এলাকায় শিকলবাহা-মুরালী খালের পাড় ঘেঁষে এক কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণের জন্য প্রায় ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই কাজটি পেয়েছে উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক রফিক আহমদ মাস্টারের ঠিকাদারি প্রতিষ্ঠান।

আরও পড়ুন: ঝিনাইদহ চক্ষু হাসপাতালে নিয়োগে দুর্নীতি, ছয় কর্মচারীর চাকরি বাতিল

পানি উন্নয়ন বোর্ডের কার্যাদেশ অনুযায়ী, এক হাজার মিটার দীর্ঘ বেড়িবাঁধের উপরিভাগের প্রস্থ ১০ ফুট, নিচের প্রস্থ ২৬ থেকে ৩৩ ফুট এবং উচ্চতা ৮ থেকে ১০ ফুট নির্ধারণ করা হয়েছে। তবে সরেজমিনে দেখা গেছে, কার্যাদেশে উল্লেখিত মাপের সঙ্গে বাস্তব কাজের বিভিন্ন স্থানে অসংগতি রয়েছে। প্রায় এক বছর আগে কার্যাদেশ দেওয়া হলেও নির্ধারিত দুই বছরের মেয়াদের মধ্যে এখনো অর্ধেক কাজও শেষ হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের। কিন্তু কাজের শুরু থেকেই ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। মাটি কিনে বাঁধ নির্মাণের কথা থাকলেও আশপাশের সাধারণ মানুষের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়া হচ্ছে। পাশাপাশি খালের পাড় কেটে মাটি তোলায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই মাটি বাঁধে দেওয়ার পর আবার বৃষ্টির পানি ও জোয়ারের স্রোতে গর্তে গিয়ে পড়ছে।

খাল থেকে কাদামাটি তুলে বাঁধে দেওয়ায় মহতরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা অনেক আশাবাদী ছিলাম, বেড়িবাঁধের কাজটি ভালোভাবে হবে। কিন্তু যেভাবে কাজ করা হচ্ছে, তাতে মনে হচ্ছে আগামী এক বছরও টিকবে না।" তিনি আরও বলেন, বরাদ্দে মাটি কিনে দেওয়ার নিয়ম থাকলেও সাধারণ মানুষের জমি থেকে জোর করে মাটি নেওয়া হচ্ছে। আবার ড্রেজার দিয়ে খাল থেকে কাদামাটি তোলা হচ্ছে। আমার ভরাট করা শক্ত মাটিও নিয়ে গেছে। জায়গাটি ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো তা পূরণ করেনি।

আরও পড়ুন: কক্সবাজার শহরে ৩১% সড়কবাতি নষ্ট, ঝুঁকি বাড়ছে - ৭২৪ বাতির মধ্যে ৫০১টি সচল, ২২৩টি অকেজো

স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াস বলেন, "খালের পাড় থেকে মাটি নিয়ে বাঁধে দেওয়া হচ্ছে। জোয়ারের পানি এসে ভাটার টানে সেই কাদামাটিসহ বাঁধের মাটি আবার খালে চলে যাচ্ছে। এমনকি বিদ্যুতের খুঁটির গোড়া থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে। এভাবে নির্মাণ করা বাঁধ কত দিন টিকবে, তা নিয়ে আমরা শঙ্কিত।"

অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) মিজানুর রহমান বলেন, "মহতরপাড়া-পেশকারহাট এলাকায় ঢালু জায়গায় বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে। এক সপ্তাহ আগে বাঁধের কয়েকটি স্থানে কার্যাদেশের সঙ্গে অসংগতি পাওয়ায় সেগুলো সংশোধন করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। কাজ এখনো শেষ হয়নি।"

স্থানীয়দের অসহযোগিতার কারণে শুরু থেকেই কাজ বাধাগ্রস্ত হচ্ছে দাবি করে তিনি বলেন, "বাঁধের ওপর থাকা বাড়িঘর সরাতে অনেকে রাজি হচ্ছেন না। জমির দাম বেড়ে যাওয়ায় কেউ মাটিও বিক্রি করতে চাইছেন না। এ অবস্থায় কাজ করা কঠিন হয়ে পড়েছে।"

ঠিকাদার রফিক আহমদ মাস্টার বলেন, "এলাকার মানুষের কথায় আমরা পাশ থেকে শক্ত মাটি নিয়েছি। অন্যথায় বাইরে থেকে কাদামাটি এনে শুকিয়ে তারপর কাজ করছিলাম। জায়গাগুলো সরকারি খাসজমি, সেখান থেকে মাটি নেওয়া যায়। এলাকার মানুষের ভালো করতে গিয়ে আমি বিপদে পড়েছি।"

আরও পড়ুন: আগামীকাল পঞ্চগড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

বেড়িবাঁধ পুনর্নির্মাণকাজে সাইনবোর্ড টাঙানোর কোনো নিয়ম নেই দাবি করে তিনি আরও বলেন, "যেখানে মাটি ধসে পড়েছে, সেখানে খুঁটি গেড়ে পুনরায় কাজ করে দেওয়া হবে।"

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহীদ বলেন, "মহতরপাড়া এলাকার বেড়িবাঁধ নির্মাণকাজ চলমান রয়েছে। ঠিকাদার এখনো কাজ বুঝিয়ে দেননি। কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের এক তৃতীয়াংশ কেটে নাশকতার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের এক তৃতীয়াংশ কেটে নাশকতার চেষ্টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইটি ভিন্ন স্থানে মহাসড়কের পাশে অবস্থিত তিনটি বড় গাছের এক তৃতীয়াংশ কেটে নাশকতার চেষ্টা করেছে একটি দুর্বৃত্তের দল। বুধবার দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান এবং মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ নিরঞ্জন কুমার।

তথ্য অনুযায়ী, ফেনি জেলার সীমান্ত সংলগ্ন চৌদ্দগ্রামের লাটিমি রাস্তার মাথার বাঁশতলা এলাকায় এবং মহাসড়কের মিয়াবাজার সংলগ্ন ফুড প্যালেসের সামনে তিনটি বড় গাছের এক তৃতীয়াংশ কেটে ফেলে রাখা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এই গাছগুলো কেটে ফেলে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে হাইওয়ে পুলিশ এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় গাছগুলো অপসারণ করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন, "আমরা খবর পেয়ে দ্রুততার সঙ্গে গাছের বাকি অংশ কেটে গাছগুলো অপসারণ করি এবং যানবাহন চলাচল স্বাভাবিক করি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ও থাডসহ ২২টিরও বেশি অস্ত্র কারখানা তৈরি করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ও থাডসহ ২২টিরও বেশি অস্ত্র কারখানা তৈরি করছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র বর্তমানে নতুন অস্ত্র কারখানা নির্মাণের কাজ শুরু করেছে, যেখানে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ ও ‘থাড’ (THAAD) এবং ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্যটি প্রকাশ করেছেন।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) নেতাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করেন।

হোয়াইট হাউসের প্রধান জানিয়েছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয়ের জন্য অর্ডার দেয়, তাদের জন্য সরবরাহ পেতে অপেক্ষার সময় অনেক দীর্ঘ হয়ে যায়। এই দীর্ঘসূত্রতা কমানোর উদ্দেশ্যে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। ট্রাম্প উল্লেখ করেছেন, ‘প্রতিরক্ষা কোম্পানিগুলো বর্তমানে ২২টিরও বেশি নতুন কারখানা নির্মাণ করছে, যেখানে প্যাট্রিয়ট, থাড সিস্টেম, টমাহক ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সমরাস্ত্র তৈরি করা হবে।’

এর আগে, গত মে মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু গোলাবারুদ ও সমরাস্ত্রের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে প্যাট্রিয়ট, থাড এবং টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে বলে তিনি তখন উল্লেখ করেছিলেন। সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ কার্যকলাপে জড়িত আ.লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ কার্যকলাপে জড়িত আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মোঃ আশরাফ সিদ্দিকী, যিনি বাচ্চু সরদার নামেও পরিচিত (৫০), একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া আশরাফ সিদ্দিকী কালুখালী উপজেলার উত্তর কালুখালী গ্রামের মৃত আঃ আজিজ সরদারের পুত্র। তিনি কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন এবং একই ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।

পুলিশ মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে বুধবার (১৮ নভেম্বর) তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, পাংশা থানায় ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আসামি বিভিন্ন অপতৎপরতা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ অন্তর্ঘাতমূলক কার্যকলাপে লিপ্ত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াজ শুনতে নানাবাড়ি বেড়াতে এসে ট্রলিচাপায় প্রাণ গেল ৯ বছরের হাবীবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


ওয়াজ শুনতে নানাবাড়ি বেড়াতে এসে ট্রলিচাপায় প্রাণ গেল ৯ বছরের হাবীবের

ধর্মীয় ওয়াজ শুনতে নানাবাড়ি বেড়াতে আসা হাবীব মিয়া (৯) নামের এক শিশু ট্রলিচাপায় প্রাণ হারিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর শহরের নবীনগর এলাকায় ফারকীয়া দারুচ্ছালাম মাদরাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শিশুটি সদর উপজেলার সাপমারী এলাকার মিলন মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে শহরের নবীনগর ফারুকয়িা দারচ্ছালাম মাদরাসার মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ওয়াজ শুনতে শিশু হাবীব তার মায়ের সঙ্গে মাদরাসার সামনে অবস্থিত তাজ ফিলিং স্টেশনের পাশে নানাবাড়ি বেড়াতে আসে। ওয়াজের পেন্ডেল দেখার জন্য মাদরাসার কাছে গেলে শহর থেকে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলির ডংলা আকস্মিকভাবে ভেঙে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারায়। এই সময় রাস্তার পাশে দূরে দাঁড়িয়ে থাকা শিশু হাবীবকে ট্রলিটি চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%