০৫:১৬ পি.এম
দীর্ঘদিনের আন্দোলনের পর কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের সম্প্রসারণ ও উঁচু করার কাজ শুরু হলেও, এর দৈর্ঘ্য ৫০ ফুট কমানোর সিদ্ধান্তের ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং রেললাইনের ভেতরের মাছের বাজার রক্ষার উদ্দেশ্যে নির্ধারিত নকশা পরিবর্তন করায় এই অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে মূল নকশা অনুযায়ী কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম নির্মাণের। সে লক্ষ্যে গত সেপ্টেম্বরের মাঝামাঝি রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অক্টোবরের মাঝামাঝি নির্মাণ কাজ শুরু হয়। তবে কাজ চলাকালীন হঠাৎ করেই এক বগি পরিমাণ বা ৫০ ফুট জায়গা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাণকাজে যুক্ত শ্রমিক শাহীন ও আবু বক্কর জানান, স্থানীয় সংসদ সদস্য এলাকা পরিদর্শনে এসে জনগণের স্বার্থে ও মাছবাজারের বিষয়টি বিবেচনায় নিয়ে প্ল্যাটফর্মের অংশবিশেষ কমানোর কথা বলেন। মূলত তার নির্দেশনার পরই কাজের পরিধি কমে যায়।
আরও পড়ুন: দৌলতপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে জরিমানা
নকশা পরিবর্তনের এই সিদ্ধান্তে স্থানীয়রা তীব্র আপত্তি জানিয়েছেন। জালাল মোল্লা নামের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "নির্ধারিত ম্যাপ অনুযায়ীই কাজ শেষ করতে হবে।" তিনি কোনো বাজার, দোকান বা ব্যক্তির স্বার্থে সংসদ সদস্যের এমন সুপারিশ করার এখতিয়ার নেই দাবি করে এই উদ্যোগকে সম্পূর্ণ অবৈধ বলে আখ্যায়িত করেন।
অন্যদিকে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কমানোর বিষয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, ওই এলাকায় দুটি জনগুরুত্বপূর্ণ রাস্তা, বাচ্চাদের স্কুল, মসজিদ ও বাজারঘাটে সাধারণ মানুষের চলাচলের সুবিধা বিবেচনা করেই ৫০ ফুট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী, চিফ ইঞ্জিনিয়ারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
দীর্ঘদিন ধরে নিচু প্ল্যাটফর্মের কারণে যাত্রীদের, বিশেষ করে বয়স্কদের ট্রেনে ওঠানামায় চরম দুর্ভোগ পোহাতে হতো। তাজিম ইসলাম নামের এক ট্রেনযাত্রী জানান, প্ল্যাটফর্ম উঁচু হলে সুন্দরবন এক্সপ্রেসসহ অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলোতে যাতায়াতে বয়স্ক শিশু সবারই সুবিধা হবে। তবে কাজের বর্তমান ধীরগতি নিয়েও জনমনে হতাশা রয়েছে। রেলস্টেশন সংস্কার আন্দোলনের নেতা আশরাফুল ইসলাম জানান, দ্রুত কাজ শেষ করতে লোকবল বাড়ানোর জন্য রেলওয়ে কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এদিকে সংশোধিত পরিকল্পনা বা কাজের অগ্রগতি নিয়ে রেল কর্তৃপক্ষ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, কোনো ধরনের আপস ছাড়াই যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে দ্রুত ও সঠিকভাবে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন