মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৩৯ পি.এম
২০২৮ সালে শতবর্ষ পূর্ণ হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসিক এই মাইলফলক উদযাপনের জন্য বছরজুড়ে নানা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। এর অংশ হিসেবে ভারতীয় দল ও বিশ্ব একাদশের মধ্যে একটি বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তাব উঠে এসেছে।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শতবর্ষ উদযাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় এ আয়োজনের পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপন ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সালজুড়ে চলতে পারে। সেই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে ভারত ও বিশ্ব একাদশের ম্যাচটি অন্তর্ভুক্ত করার চিন্তা করা হচ্ছে।
তবে ম্যাচ আয়োজনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। সম্ভাব্য তারিখ, ভেন্যু কিংবা দুই দলের খেলোয়াড়দের তালিকাও এখনও প্রকাশ করা হয়নি। অর্থাৎ, পুরো পরিকল্পনাটি আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ভারত ও বিশ্ব একাদশের মধ্যে বিশেষ ম্যাচ আয়োজন নতুন কোনো ধারণা নয়। অতীতে বিভিন্ন উপলক্ষে এমন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপনে যদি এবারও এমন একটি ম্যাচ আয়োজন করা হয়, তাহলে তা ভারতীয় ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য উদযাপনের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রতি বছর ২১ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক শান্তি দিবস। এই দিনটিকে বিশ্ব শান্তি দিবসও বলা হয়ে থাকে। জাতিসংঘ ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস এটি। শান্তি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এ দিবসটি পালিত হয়।
এদিন দিনভর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের পর টুর্নামেন্ট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে এক জরুরি সভা শেষে টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক কমিটি।
সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষে জড়ায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। একই দিনে দুপুর ৩টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। উভয় ঘটনায় প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
ফুটবল টুর্নামেন্ট কেন্দ্র করে সংগঠিত দফায় দফায় সংঘর্ষের পর বিকেলে ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিতের তথ্য জানায় ক্রীড়া আয়োজক কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন।
এনিয়ে উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে প্রশাসনের সাথে কথা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক বিভাগীয় সভাপতিদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া ইস্যু করা হবে।
এদিকে দফায় দফায় মারামারির ঘটনায় সুষ্ঠু তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান ৫ সদস্যের কমিটিটি গঠন করে দেন। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এছাড়া কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম। গঠিত কমিটিকে ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, খেলার আয়োজন করা হয় মূলত সম্পর্ক বাড়ানোর জন্য। কিন্তু মারামারিটা আমাদের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। দিনভর ঠুনকো বিষয় নিয়ে মারামারিতে জড়িয়েছে শিক্ষার্থীরা। শান্তি দিবসে দিনভর অশান্তিতে কাটলো সবার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় আয়োজিত এ বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জনাব রানা হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদার, পাঙ্গাশিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোশারফ চৌকিদারসহ স্থানীয়রা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে হত্যা করার অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী যুবক ইমনের বিরুদ্ধে। এ ঘটনার সময় তাকে থামাতে গিয়ে গুরুতর আহত হন তার ভাবী। পুলিশ এই ঘটনায় ইমনকে আটক করেছে।
এই ঘটনা সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নে ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, ইমনের মা পেয়ারা বেগম (৬০) এবং তার ৮ মাস বয়সী ভাতিজি। আহত রাবেয়া আক্তার, নিহত শিশুটির মা এবং ইমনের ভাবী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইমন আত্মহত্যার চেষ্টা করলে তার মা পেয়ারা বেগম ও ভাবী রাবেয়া আক্তার তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমন দা দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি মাকে কুপিয়ে হত্যা করেন এবং ৮ মাস বয়সী ভাতিজিকে ছুড়ে ফেলে দেন।
ইমনকে থামাতে গিয়ে গুরুতর আহত হন রাবেয়া আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ইমন আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাকে বাধা দেওয়ার কারণে তিনি তার মা ও ভাবীকে আঘাত করেন এবং ভাতিজিকে ছুড়ে ফেলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি বলেন, ঘটনাস্থলেই ইমনের মা ও ভাতিজির মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এই ঘটনায় ইমনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে কুমিল্লা থেকে সিআইডির একটি দল গিয়ে আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানায়, সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, ইমন দিনমজুর হিসেবে কাজ করতেন। সম্প্রতি একটি দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। সোমবার সকালে পায়ে তীব্র ব্যথা অনুভব করলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয়দের দাবি। এ সময় মা ও ভাবী তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু করেছে।
চ্যানেলটির সম্প্রচার শুরু হয় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায়। এএফপির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প টিভিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন ভিডিও এবং উল্লেখযোগ্য মুহূর্ত ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচার করা হবে। এসব বিষয় নিয়মিতভাবে হালনাগাদ করা হবে।
চ্যানেলটি চালুর পর সেখানে গত ৩ জুলাই মাউন্ট রাশমোরে ট্রাম্পের দেওয়া একটি বক্তব্যের পুরোনো ভিডিও সম্প্রচার করা হচ্ছিল।
এই চ্যানেলটি চালুর ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংবাদমাধ্যমগুলোর বিরোধ তীব্র আকার ধারণ করেছে। গত শুক্রবার ট্রাম্প সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দেন। পরে ওই তিন সংবাদমাধ্যম প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।
এর প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পাঁচটি বড় টেলিভিশন নেটওয়ার্ক—এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স ও এনবিসি—হোয়াইট হাউসের যৌথ সংবাদ সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখে। সেদিন সিএনএন হোয়াইট হাউসের টেলিভিশন সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকার কথা ছিল।
সাধারণত হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও প্রেসিডেন্টের কার্যক্রমের ভিডিও ধারণের জন্য এক বা একাধিক সংবাদমাধ্যমকে দায়িত্ব দেওয়া হয়। পরে অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো সেই ভিডিও ব্যবহার করতে পারে। এই ব্যবস্থাকেই যৌথ সংবাদ সংগ্রহ বলা হয়।
পাঁচটি বড় সংবাদমাধ্যম এক বিবৃতিতে উল্লেখ করেছে, "সরকারের কার্যক্রম সম্পর্কে সঠিক ও স্বাধীন তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে।" তারা আরও বলেন, "কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন পছন্দ না হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা উচিত নয়।"
ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রচলিত সংবাদমাধ্যমের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে মিথ্যা বা নেতিবাচক খবর প্রকাশ করে।
সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে নিষিদ্ধ করার ঘোষণার পরও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। সংবাদমাধ্যমকে তিনি ‘ক্যানসার’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে পক্ষপাতমূলক প্রচারণা চালানোর অভিযোগ করেছেন। তবে তিনি বলেন, এসব সংবাদমাধ্যম এখনো খবর প্রকাশ করতে পারবে এবং মতপ্রকাশের স্বাধীনতাও থাকবে।
ট্রাম্পের ঘোষণার পর শনিবার সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের সংবাদকর্মীদের প্রবেশপত্রও বাতিল করা হয়।
এই তিন সংবাদমাধ্যম আদালতে গিয়ে এই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করার আবেদন করেছে। তাদের দাবি, হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। বুধবার এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোমবার (২১ সেপ্টেম্বর) ওই তিন সংবাদমাধ্যম জানিয়েছে, তারা হোয়াইট হাউসের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই করবে।
সংবাদমাধ্যমগুলোর বিরোধের মধ্যে সোমবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে নতুন হেলিপ্যাড উদ্বোধন করেন ট্রাম্প। তবে বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো যৌথ সংবাদ সংগ্রহ বন্ধ রাখায় অনুষ্ঠানটি তাদের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়নি।
হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হলেও ট্রাম্পের বক্তব্যের পুরো শব্দ শোনা যায়নি।
এএফপিসহ কয়েকটি আলোকচিত্র সংবাদমাধ্যমও নিষিদ্ধ তিন সংবাদমাধ্যমের প্রতি সংহতি জানিয়ে হেলিপ্যাড উদ্বোধনের ছবি প্রকাশে বিলম্ব করে।
সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই বিরোধের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ চালু হলো। নতুন চ্যানেলটিতে ট্রাম্পের বক্তব্য, ভিডিও এবং হোয়াইট হাউসের বিভিন্ন কার্যক্রম সরাসরি সম্প্রচারের পাশাপাশি পুরোনো গুরুত্বপূর্ণ বক্তব্যও দেখানো হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ থেকে সরে দাঁড়ানোর ঘটনা দেশটির সংবাদমাধ্যম ও প্রশাসনের সম্পর্কের ক্ষেত্রে বিরল পরিস্থিতি তৈরি করেছে।
সূত্র: এএফপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ