ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পোশাকশিল্প বাঁচাও, বেসরকারি খাত বাঁচাও


পোশাকশিল্প বাঁচাও, বেসরকারি খাত বাঁচাও

বাংলাদেশের অর্থনীতির বেসরকারি খাত প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে। দেশের জিডিপিতে এই খাতের অবদান ৭৮ থেকে ৮৬ শতাংশের মধ্যে রয়েছে। কর্মসংস্থানের প্রায় ৯৫ শতাংশ আসে এই খাত থেকে। তবে বর্তমানে বেসরকারি খাত কার্যত রুগ্ন অবস্থায় রয়েছে। সামষ্টিক অর্থনীতির অস্থিরতা, উচ্চ সুদহার, তীব্র জ্বালানিসংকট এবং ডলারের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে উদ্যোক্তারা চাপের মধ্যে আছেন।

বাংলাদেশের পোশাকশিল্প বেসরকারি খাতের অন্যতম প্রাণশক্তি। এটি দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। প্রায় এক মাস ধরে দেশের রপ্তানি আয়ের প্রধান খাতে অচলাবস্থা ও অস্থিরতা বিরাজ করছে। শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন, যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে।

পোশাকশিল্পে দীর্ঘমেয়াদী অস্থিরতা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে রপ্তানি আয় কমে যাবে, বেকারত্ব বাড়বে, এবং ব্যাংকঋণ পরিশোধে অক্ষম মালিকরা ঋণখেলাপি হয়ে পড়বেন। ব্যাংকিং খাত দুর্বল হয়ে যাবে। পোশাক খাতে চলমান অস্থিরতা কেবল বেসরকারি খাতের জন্য নয়, বরং গোটা অর্থনীতির জন্য অশনিসংকেত।

আরও পড়ুন: গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব ও সহিংসতা দেখা গেল: সাদিক কায়েম

রবিবার পোশাক খাতের অসন্তোষের কারণে অনেক কারখানা বন্ধ ছিল। শ্রমিকদের বেতন বাড়াতে সরকার গঠিত মজুরি বোর্ড কাজ করছে। তবুও তৈরি পোশাক খাতে অস্থিরতা থামছে না। মালিকপক্ষ ইতোমধ্যে ১৪৭টি গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। আন্দোলন অব্যাহত থাকলে সোমবার থেকে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতারা।

শনিবার সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এই তথ্য জানান। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টস নিয়ে বিদেশি ক্রেতাদের কাছে ভুল বার্তা যাচ্ছে। কিছু অর্ডার (ক্রয় আদেশ) ইতোমধ্যে বাতিল হয়েছে এবং নিশ্চিত হওয়া অর্ডারও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শুধু পোশাক খাত নয়, পুরো অর্থনীতিতে সমস্যা তৈরি হবে।

অক্টোবরের শেষের দিকে শ্রমিক আন্দোলন শুরু হওয়ার পর সরকার দ্রুত মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ড ইতোমধ্যে দুইটি বৈঠক করেছে। আগামী ১৬ (আজ) নভেম্বর সোমবার মালিক পক্ষ মজুরি প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। মজুরি বাড়ানোর এই উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলনের পেছনে নানা কারণ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজিএমইএ সভাপতি জানান, সোমবার মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: কুমিল্লায় ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার

এদিকে শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়। শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। একই সঙ্গে উসকানি ও অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। শ্রমিকনেতারা মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন।

আন্দোলন নয় বরং আলাপ-আলোচনার মাধ্যমে শ্রমিকদের মজুরি নির্ধারণে একটি সমঝোতা প্রয়োজন। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। বর্তমানে পোশাকশ্রমিকদের যে বেতন তা দিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। মালিকপক্ষের উচিত ছিল শ্রমিকদের আন্দোলনের আগেই তাদের সঙ্গে কথা বলে যুক্তিসংগতভাবে মজুরি বৃদ্ধি করা। কিন্তু তারা কালক্ষেপণ করেছেন। শ্রমিকদের কেন রাস্তায় নামতে হলো? কেন তাদের আন্দোলনে যাওয়ার সুযোগ দেওয়া হলো? এই শ্রমিকদের কারণেই মালিকরা বিত্তবান হয়েছেন। তাই শ্রমিকদের দুঃখকষ্টে তাদের পাশে দাঁড়ানো মালিকদের দায়িত্ব।

এখন মালিকপক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে নানা রকম আপত্তি তুলছেন। তারা বৈশ্বিক প্রতিযোগিতা এবং বর্তমান মন্দা অর্থনীতির অজুহাত তুলেছেন। তবে ব্যবসায় চড়াই-উতরাই থাকবে। একজন শিল্পোদ্যোক্তাকে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার দৃঢ়তা থাকতে হবে। একজন উদ্যোক্তার কাজ শুধু মুনাফা অর্জন নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা। শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হলে তারা আরো আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এতে উৎপাদন বাড়বে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাবে। ভালো মজুরি পেলে শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ে, চাকরি ছেড়ে যাওয়ার হার কমে, প্রশিক্ষণের খরচ বাঁচে। আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ডগুলো বছরের পর বছর পোশাকের দাম নিয়ন্ত্রণে রেখেছে। শ্রমিকের মজুরির খরচ ক্রয়মূল্যের মধ্যে আলাদা করে সুরক্ষিত রাখতে মালিকদের এবং সরকারের যৌথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। মালিকপক্ষকেও মুনাফার ন্যায্য অংশটি মজুরিতে দিতে হবে। রাষ্ট্রকে রেশন, ভর্তুকি মূল্যে নিত্যপণ্য, বাসস্থান ও যাতায়াত সহায়তার মাধ্যমে ঘাটতির একটি অংশ পূরণ করার ব্যবস্থা করতে হবে।

চলমান পরিস্থিতিতে মালিক-শ্রমিক একসঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন। কেউ গো ধরে থাকলে সংকট বাড়বে। তাই বর্তমান অচলাবস্থার নিরসন হওয়া মালিক-শ্রমিক উভয়ের জন্য জরুরি। শ্রমিক না বাঁচলে উৎপাদন হবে না, কারখানা বন্ধ হয়ে যাবে। মালিকের ক্ষতি হবে। অন্যদিকে, কারখানা বন্ধ হলে শ্রমিকরা বেকার হয়ে যাবে। কাজেই উভয় পক্ষকে সংযত ও সহনশীল থাকতে হবে।

আরও পড়ুন: শরীয়তপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে ডিসি ও বিআইডব্লিউকে প্রতিবেদন দাখিলের নির্দেশ

পোশাক খাতের চলমান অস্থিরতার প্রভাবে অন্যান্য বেসরকারি শিল্প হুমকির মুখে পড়ছে। সামগ্রিকভাবে সংকটে পড়ছে দেশের অর্থনীতি।

বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তারা গভীর সংকটে আছেন। ইউনূস সরকারের আমলে দেশের বেসরকারি খাতে যে মন্দাবস্থা তৈরি হয়েছে, তা এখনো কাটেনি। বন্ধ হয়ে পড়া শিল্পকারখানাগুলো চালুর জোরালো উদ্যোগ নেই, নতুন বিনিয়োগে উৎসাহ কম। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা। এসবের প্রভাব পড়েছে ব্যাংকঋণে।

ব্যাংকগুলো যে ঋণ আদায় করছে, তার তুলনায় নতুন ঋণ বিতরণ করছে কম। এর ফলে গত জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭ শতাংশে, যা ইতিহাসে সর্বনিম্ন। এর ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে।

ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক বিনিয়োগবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে। বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে ঢালাও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কোনো ধরনের তদন্ত ছাড়াই শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। অর্থ পাচারের ভিত্তিহীন অভিযোগ এনে বেসরকারি খাতের ইমেজ ক্ষুণ্ন করা হয়েছে ইউনূস সরকারের আমলে। এর ফলে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখা বেসরকারি খাত রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, ডলারের অস্থিরতা এবং রাজনৈতিক অনিশ্চয়তায় দুই বছরের বেশি সময় ধরে ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগে শ্লথগতি রয়েছে। এতে নতুন কর্মসংস্থান হচ্ছে না। তাই যেকোনো মূল্যে পোশাক খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। পোশাকশিল্পের এই অচলাবস্থা অব্যাহত থাকলে কেবল গার্মেন্টসশিল্প ক্ষতিগ্রস্ত হবে না বরং গোটা বেসরকারি খাত অচল হয়ে যাবে। এতে চলমান অর্থনৈতিক সংকট আরো প্রকট আকার ধারণ করবে। যেখান থেকে উত্তরণের পথ বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ইউট্যাবের উদ্বেগ ও নিন্দা

পোশাকশিল্পকে বাঁচাতে হবে। বাঁচাতে হবে বেসরকারি খাতকে, তাহলেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ওই অঞ্চলে পৌঁছেছে। এর ফলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় বর্তমানে তিনটি বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিশ্চিত করছে।

একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, রবিবার (১৫ নভেম্বর) রণতরীটি সেন্টকম এলাকায় প্রবেশ করে। প্রথমে পরিকল্পনা ছিল রুজভেল্টের মাধ্যমে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ রণতরীটিকে প্রতিস্থাপন করার, কিন্তু পরিস্থিতির পরিবর্তনের কারণে জর্জ ওয়াশিংটনকেও আপাতত ওই অঞ্চলে রাখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই রণতরী মোতায়েনের দিনেই বাহরাইনে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের বিরতির পর পারস্য উপসাগরীয় অঞ্চলে এটিই ইরানের প্রথম হামলা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের পাঠানো দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মাস্কাট সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সপ্তাহে এশিয়া সফরে রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকের প্রেসিডেন্টের ট্রাম্পকে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


ইরাকের প্রেসিডেন্টের ট্রাম্পকে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণের আহ্বান

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে তার নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ট্রাম্প মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এর জন্য ইরানের সঙ্গে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করার পাশাপাশি বিশ্বের অন্যান্য সংঘাত নিরসনে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে।

ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজার আমেদি এসব মন্তব্য করেন। খবরটি আলজাজিরা দ্বারা প্রকাশিত হয়েছে।

আমেদি বলেন, ট্রাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে সক্ষম। এই প্রক্রিয়ায় ইরানের সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানো অত্যন্ত জরুরি।

ইরাকের প্রেসিডেন্ট আরও বলেন, ট্রাম্প নির্বাচিত হওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়নে ফিরে যাওয়ার প্রয়োজন রয়েছে। ওই প্রতিশ্রুতির অন্যতম লক্ষ্য ছিল বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ করা।

তিনি উল্লেখ করেন, ‘আমি চাই, ট্রাম্প তার নির্বাচিত হওয়ার সময়ের অবস্থানে ফিরে যান। তখন তার প্রতিশ্রুতি ছিল সব যুদ্ধ বন্ধ করা। সেটি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো সংঘাত।’

আমেদির মতে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তাই নির্বাচনি প্রচারে দেওয়া যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে অবৈধ ইটভাটার সংখ্যা বৈধের চেয়ে বেশি, কাঠ পোড়ানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


বরিশালে অবৈধ ইটভাটার সংখ্যা বৈধের চেয়ে বেশি, কাঠ পোড়ানোর অভিযোগ

বরিশাল বিভাগজুড়ে অবৈধ ইটভাটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিভাগের বৈধ ইটভাটার সংখ্যা ২৯৬টি রয়েছে। কিন্তু সময় সংবাদের অনুসন্ধানে ৫০০টিরও বেশি অবৈধ ইটভাটার তথ্য পাওয়া গেছে। এই অবৈধ ভাটাগুলোর একটি বড় অংশ চরাঞ্চল ও দুর্গম এলাকায় গড়ে উঠেছে।

কিছু ভাটার অবস্থান ঘনবসতিপূর্ণ এলাকার নিকটবর্তী, আবার কিছু কৃষিজমির পাশে অবস্থিত। কয়লার পরিবর্তে সেখানে প্রকাশ্যে কাঠ পোড়ানো হচ্ছে। এর ফলে পরিবেশের দূষণ ঘটছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

অনিয়মের চিত্র ধারণের চেষ্টা করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার চেষ্টার ঘটনাও ঘটেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দফতরগুলোকে ম্যানেজ করেই এই অবৈধ কার্যক্রম চলছে।

সরজমিনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ গ্রামে গিয়ে দেখা গেছে, মাত্র ৬০০ ফুটের মধ্যে দুটি ইটভাটা, মেসার্স হাসান ব্রিকস ও আইবিএফ, পাশাপাশি গড়ে উঠেছে।

ঘনবসতিপূর্ণ এলাকায় এসব স্থাপনা কিভাবে গড়ে উঠেছে? এবং কোন জ্বালানিতে ইট পোড়ানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে সময় সংবাদের টিম ইটভাটায় পৌঁছায়। তবে সেখানে তথ্য সংগ্রহ ও চিত্র ধারণের সময় প্রতিবেদক বাধার সম্মুখীন হন।

একপর্যায়ে হাসান ব্রিকসের মালিক ফারুক মৃধার ছেলে হাসান মৃধা প্রতিবেদকের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এমনকি তাদের অফিস কক্ষের দরজা আটকে হামলার চেষ্টাও করেন তিনি।

এ সময় হাসান মৃধা বলেন, 'আপনি ক্যামেরা-বুম ছাড়া আসেন, তাহলে কথা বলব। আর অন্য দশ জায়গায় যেভাবে কাঠ পোড়ায়, আমরাও সেভাবে করি। আপনি পরিবেশের লোক না। আপনার যা করার কইরেন।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামে যেসব সময়ের ঘুম নিন্দনীয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


ইসলামে যেসব সময়ের ঘুম নিন্দনীয়

ঘুম জীবনের একটি অপরিহার্য অংশ। এটি জীবিত প্রাণীদের জন্য মহান আল্লাহ তাআলার দ্বারা নির্ধারিত একটি স্বাভাবিক প্রক্রিয়া। আল্লাহ তাআলা বলেন, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে রাত ও দিনে তোমাদের ঘুম এবং তাঁর অনুগ্রহ থেকে তোমাদের জীবিকা অন্বেষণ। নিশ্চয়ই এতে নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য, যারা মনোযোগ দিয়ে শোনে।’ (সুরা : আর-রুম, আয়াত : ২৩)

একজন মুমিনের ঘুমও ইবাদত হতে পারে, যদি সে সওয়াবের নিয়ত করে ঘুমাতে যায়। যেমন, তার জেগে থাকা সময়ও ইবাদত। মুআজ (রা.) বলেন, ‘আমি রাতের প্রথম ভাগে ঘুমাই। অতঃপর ঘুমের নির্ধারিত অংশ পূর্ণ হলে জেগে উঠি এবং আল্লাহ আমার জন্য যতটুকু তাওফিক দেন, ততটুকু কোরআন তিলাওয়াত করি। এভাবে আমি আমার ঘুমের জন্যও সওয়াবের আশা করি, যেভাবে রাতের ইবাদতের জন্য সওয়াবের আশা করি।’ (বুখারি, হাদিস : ৪৩৪১)

মানুষের জন্য ঘুম অপরিহার্য, এবং যদি কাউকে একেবারে ঘুমাতে না দেওয়া হয়, তবে সে মারা যেতে পারে। কিন্তু কিছু ঘুম এমনও আছে, যা নিন্দনীয় এবং যার কারণে মানুষ নিন্দার পাত্র হয়ে যায়।

ফরজ ইবাদত ছেড়ে ঘুমিয়ে থাকা

নিন্দনীয় ঘুমের মধ্যে অন্যতম হলো ফরজ ইবাদত, বিশেষ করে নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকা। এ সম্পর্কে কঠোর সতর্কতা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, “অতঃপর তাদের পরে এমন অপদার্থ উত্তরসূরিরা এলো, যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং তারা অচিরেই ‘গাইয়্য’ নামক শাস্তির সম্মুখীন হবে।” (সুরা : মারইয়াম, আয়াত : ৫৯)

যে ব্যক্তি নিয়মিত নামাজের সময় ঘুমিয়ে থাকে, তার এই আচরণ মুনাফিকদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুনাফিকদের কাছে ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। তারা যদি এ দুই নামাজের মধ্যে কী ফজিলত রয়েছে তা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো।’ (বুখারি, হাদিস : ৬৫৭)

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করা হলো, যে সারা রাত ঘুমিয়ে সকাল করে ফেলেছে। তখন তিনি বলেন, সে এমন ব্যক্তি, যার কানে শয়তান প্রস্রাব করেছে। অথবা বলেছেন, তার দুই কানে। (বুখারি, হাদিস : ৩২৭০)

কিছু মানুষ ঘুমের কারণে আসরের নামাজের সময় পার করে দেয়। অথচ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার আমল বিনষ্ট হয়ে গেল।’ (বুখারি, হাদিস : ৫৫৩)

তাহাজ্জুদ, বিতর ও সাহরির সময় ইবাদত ছেড়ে ঘুমিয়ে থাকা

নিন্দনীয় ঘুমের আরেকটি দিক হলো রাতের শেষ ভাগে ঘুমিয়ে থেকে তাহাজ্জুদ, বিতর ও ইস্তিগফার থেকে বঞ্চিত হওয়া। বিশেষ করে ফজরের আগে সাহরির সময়টি অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা নেককার বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, ‘তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত। আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।’ (সুরা : আয-যারিয়াত, আয়াত : ১৭-১৮)

ফজরের পর ঘুমিয়ে থাকা

নিন্দনীয় ঘুমের আরেকটি দিক হলো ফজরের পর ঘুমিয়ে থাকা। কেননা এ সময়টি হলো দিনের শুরু বা সকালবেলা, যে সময়ে রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন। সাখর আল-গামিদি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে আল্লাহ! আমার উম্মতের জন্য তাদের দিনের প্রথম ভাগে বরকত দান করুন।’

বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন কোনো সেনা দল বা বাহিনী পাঠাতেন, তখন দিনের প্রথম ভাগেই পাঠাতেন। সাখর (রা.) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তাঁর ব্যাবসায়িক কাফেলাও দিনের প্রথম ভাগে পাঠাতেন। ফলে তিনি প্রচুর সম্পদের অধিকারী হন এবং তাঁর সম্পদ বৃদ্ধি পায়। (তিরমিজি, হাদিস : ১২১২)

অতিরিক্ত ঘুমানো

অতিরিক্ত ঘুম নিন্দনীয়, বিশেষ করে দিনের বেলায়। বিশেষত যদি সেই ঘুমের কারণে ফরজ ইবাদত কিংবা দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়। যেমন—কোনো শিক্ষার্থী রাত জেগে সকালে ঘুমিয়ে পড়ে এবং বিদ্যালয়ে যেতে পারে না। কোনো চাকরিজীবী ঘুমের কারণে কর্মস্থলে যেতে পারে না। কোনো ব্যবসায়ী ঘুমের কারণে তার ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে না।

অতিরিক্ত ঘুমের অন্যতম কারণ হলো বেশি খাবার খাওয়া এবং রাত জাগার অভ্যাস। এ দুটি অভ্যাসই নিন্দনীয়। কেননা অতিরিক্ত খাবার শরীরে অলসতা ও শিথিলতা সৃষ্টি করে এবং বেশি ঘুমের কারণ হয়। আবার যে ব্যক্তি নিয়মিত রাত জাগে, সে রাতের ঘুমের ঘাটতি পূরণ করার জন্য দিনের বেলায় বেশি ঘুমায়।

দিনের ঘুম রাতের ঘুমের বিকল্প হতে পারে না। রাতের প্রথম ভাগের ঘুম শেষ রাতের ঘুমের তুলনায় বেশি বরকতময় ও উপকারী। কিন্তু দুঃখজনক বিষয় হলো মানুষের বেশির ভাগ অনুষ্ঠান, দাওয়াত ও ভোজের আয়োজন হয় রাতে, তা-ও আবার অনেক রাত করে। ফলে এতে দুটি খারাপ অভ্যাস একত্র হয়—রাত জাগা এবং রাতে অতিরিক্ত খাবার খাওয়া। এরপর আবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়া।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) অন্তরের ব্যাধিগুলোর মধ্যে অতিরিক্ত ঘুমকেও উল্লেখ করেছেন। তিনি বলেন, অতিরিক্ত ঘুম অন্তরকে মৃত করে দেয়, শরীরকে ভারী করে তোলে, সময় নষ্ট করে এবং অধিক উদাসীনতা ও অলসতার জন্ম দেয়। কিছু ঘুম অত্যন্ত অপছন্দনীয়, আবার কিছু ঘুম শরীরের জন্য ক্ষতিকর ও উপকারহীন। সবচেয়ে উপকারী ঘুম হলো যখন শরীরের প্রকৃত প্রয়োজন দেখা দেয় তখন ঘুমানো।

রাতের প্রথম ভাগের ঘুম শেষ ভাগের ঘুমের তুলনায় উত্তম ও বেশি উপকারী। দুপুরের মাঝামাঝি সময়ের ঘুম দিনের শুরু ও শেষ ভাগের ঘুমের চেয়ে বেশি উপকারী। ঘুম যতই দিনের দুই প্রান্তের দিকে চলে যায়, তার উপকারিতা তত কমে এবং ক্ষতি তত বাড়ে, বিশেষ করে আসরের সময়ের ঘুম এবং দিনের প্রথম ভাগের ঘুম, তবে যে ব্যক্তি রাত জেগেছে, তার ক্ষেত্রে ব্যতিক্রম। (ইবনুল কাইয়্যিম (রহ.), মাদারিজুস সালিকিন, খণ্ড-১, পৃষ্ঠা-৪৫৭)

সারকথা, সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও উপকারী ঘুম হলো রাতের প্রথম অর্ধেক এবং শেষের ষষ্ঠাংশ, যা প্রায় আট ঘণ্টার সমান। চিকিৎসকদের মতে, এটিই ঘুমের সবচেয়ে ভারসাম্যপূর্ণ পরিমাণ। এর চেয়ে বেশি বা কম হলে শরীরের স্বাভাবিক অবস্থায় কমবেশি বিরূপ প্রভাব পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%