শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৭ পি.এম
বাংলাদেশে মালয়েশিয়ার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার জন্য এমটিসিপি (মালয়েশিয়ান টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম) অ্যালামনাইদের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার হাইকমিশন। একইসঙ্গে, বাংলাদেশিদের মধ্যে মালয়েশিয়ার পর্যটন ও চিকিৎসাসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অ্যালামনাইদের সহযোগিতা চেয়েছে হাইকমিশন।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ-মালয়েশিয়া এমটিসিপি অ্যালামনাইদের একটি অনুষ্ঠানে এই তথ্য জানান বাংলাদেশে মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনল।
তিনি উল্লেখ করেন, এমটিসিপি অ্যালামনাইরা কেবল প্রশিক্ষণ কর্মসূচির সাবেক অংশগ্রহণকারী নন, বরং তারা মালয়েশিয়ার বন্ধু। মালয়েশিয়ায় তাদের অবস্থানকালে দেশটির আতিথেয়তা, সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য, জীবনযাপন ও উন্নয়ন প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। তিনি এসব ইতিবাচক অভিজ্ঞতা সহকর্মী, পরিবার এবং বাংলাদেশের বৃহত্তর জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
চার্জ দ্য অ্যাফেয়ার্স আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক কেবল সরকারি বৈঠক, আনুষ্ঠানিক যোগাযোগ কিংবা চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। দুই দেশের জনগণের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠে।
তিনি জানান, এমটিসিপি অ্যালামনাইদের সঙ্গে হাইকমিশনের যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। হাইকমিশন এই আয়োজনকে এককালীন অনুষ্ঠান হিসেবে দেখতে চায় না। বরং ভবিষ্যতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে অ্যালামনাইদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
অনুষ্ঠানে হাজওয়ান হাসনল মালয়েশিয়ার পর্যটন খাতের প্রচারে বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, Visit Malaysia Year 2026–2027 সামনে রেখে আরও বেশি বাংলাদেশিকে মালয়েশিয়া ভ্রমণে উৎসাহিত করতে চায় হাইকমিশন। তিনি বাংলাদেশিদের মালয়েশিয়া যাওয়ার আহ্বান জানান, যাতে তারা শুধু ছুটি কাটানো কিংবা কেনাকাটার জন্য নয়, বরং দেশটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য, কেনাকাটার গন্তব্য এবং খাবারের বৈচিত্র্য উপভোগ করতে পারেন।
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার চিকিৎসা পর্যটন বা মেডিকেল ট্যুরিজমের সুযোগ তুলে ধরার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তিনি বলেন, আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মাধ্যমে মালয়েশিয়া মানসম্মত চিকিৎসাসেবার একটি গন্তব্য হিসেবে পরিচিতি অর্জন করেছে। হাইকমিশন দেশটিতে চিকিৎসার সুযোগ ও বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা সম্পর্কে বাংলাদেশিদের আরও বেশি জানাতে চায়।
এ ক্ষেত্রে এমটিসিপি অ্যালামনাইদের নিজ নিজ যোগাযোগ ও পরিচিত মহলে মালয়েশিয়ার চিকিৎসাসেবার সুযোগ সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া দুই দেশের সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক, ঐতিহ্য, খাদ্য ও জনকূটনৈতিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথা জানান হাজওয়ান হাসনল। এসব উদ্যোগের মধ্যে সাংস্কৃতিক আয়োজন, মালয়েশীয় খাবার উৎসব, ঐতিহ্যবিষয়ক প্রদর্শনী, পর্যটন কার্যক্রম ও সামাজিক যোগাযোগমূলক অনুষ্ঠান আয়োজনের বিষয় রয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়া হাইকমিশন আনুষ্ঠানিক যোগাযোগ ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে পারে। তবে অ্যালামনাইদের ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক প্রভাব ও নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও বিস্তৃত জনগণের কাছে পৌঁছানো সম্ভব।
এমটিসিপি অ্যালামনাই নেটওয়ার্ককে সাবেক প্রশিক্ষণার্থীদের একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশে মালয়েশিয়ার বন্ধু ও শুভেচ্ছাদূতদের সক্রিয় নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষার পাশাপাশি পর্যটন, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ-মালয়েশিয়া এমটিসিপি অ্যালামনাই সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা একপর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনের দরজায় পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। তারা সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’এমন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের সঙ্গে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানার ছিল। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের সামনে গিয়ে প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসটির বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। পরে তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে একাধিকবার আলোচনা করেছিলেন। তবে সেই বহুল আলোচিত সাক্ষাৎ শেষ পর্যন্ত হয়নি। ট্রাম্পের সফরের পুরো সময়জুড়ে কিমকে দেখা গেছে শীতকালীন অবকাশকেন্দ্র, পবিত্র পর্বত এবং নৌবাহিনীর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। ওয়াশিংটনের আহ্বানে তিনি কোনো সাড়া দেননি।
বৃহস্পতিবার রাতে এশিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন ট্রাম্প। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হলেও কিমের সঙ্গে সাক্ষাৎ ছাড়াই তার সফর শেষ হয়।
কেন এই বৈঠকটি হয়নি, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি কেবল দুই নেতার ব্যস্ত সূচির কারণে নয়; বরং যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার অনাস্থা, পারমাণবিক অস্ত্র নিয়ে দুই দেশের বিপরীত অবস্থান এবং বৈঠকের প্রস্তুতির অভাবও এর পেছনে কাজ করেছে।
আগের তিন বৈঠকেও আসেনি সমঝোতা
ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত বৈঠকটি বিশেষভাবে আলোচিত ছিল। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনাই ছিল এসব বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই আলোচনা ভেঙে যায়।
হ্যানয়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর কিম প্রায় ৬০ ঘণ্টার ট্রেনযাত্রা করে দেশে ফিরেছিলেন। ওই অভিজ্ঞতা থেকে উত্তর কোরীয় নেতা হয়তো এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নীতির ওপর নির্ভর করা যায় না।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই কিমের সঙ্গে নতুন করে বৈঠকের আগ্রহ প্রকাশ করে আসছেন। গত বছর এশিয়া সফরের আগে পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। এমনকি উত্তর কোরিয়াকে ‘একধরনের পারমাণবিক শক্তিধর দেশ’ বলেও উল্লেখ করেছিলেন। তবে সে সময়ও কোনো সাড়া মেলেনি।
চলতি বছরের মার্চে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী কিম মিন-সুক জানিয়েছিলেন, কিম জং উনের সঙ্গে বৈঠক হলে তা ভালো হবে বলে মনে করেন ট্রাম্প। এশিয়া সফরের সময়ও মার্কিন প্রেসিডেন্ট নতুন বৈঠকের সম্ভাবনা সামনে আনেন। কিন্তু কিম নীরবই থাকেন।
‘সময়সূচিতে অনেক বৈঠক ছিল’
বৈঠক না হওয়ার কারণ হিসেবে ব্যস্ততার কথা বলেছেন ট্রাম্প নিজেই। এনবিসি নিউজের সাংবাদিক গ্যাবে গুতিয়েরেজের বরাতে জানা গেছে, এশিয়া থেকে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প বলেন, ‘সম্পর্ক রয়েছে, কিন্তু আমাদের দেখা হয়নি।’
বৈঠক কেন সম্ভব হলো না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনেক বৈঠক ছিল। সময় মেলানো সম্ভব হতো না।’ তবে ভবিষ্যতে কোনো একসময় কিমের সঙ্গে তার সাক্ষাৎ হবে বলেও আশাবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
তবে বিশেষজ্ঞরা ট্রাম্পের এই ব্যাখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, কিমের সঙ্গে বৈঠক আয়োজনের জন্য ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে বাস্তব কোনো কূটনৈতিক যোগাযোগ হয়েছিল কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম উল-চুল এএফপিকে বলেন, দুই দেশের মধ্যে পর্দার আড়ালে কোনো কার্যকর যোগাযোগ হয়েছিল বলে তিনি মনে করেন না।
তার মতে, হ্যানয়ের আলোচনা ভেঙে যাওয়ার পর কিম সম্ভবত বুঝেছেন, ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বোঝাপড়া থাকলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল বা প্রশাসন পরিবর্তনের সঙ্গে দেশটির মূল নীতিতে আস্থার মতো কোনো পরিবর্তন আসে না।
দক্ষিণ কোরিয়ার ডংগুক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক কো ইউ-হোয়ান বলেন, একটি আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকের আগে বিশেষ দূত বিনিময় এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা হওয়া প্রয়োজন। এসব প্রস্তুতি ছাড়া কিমের এমন কোনো বৈঠকে যাওয়ার কারণ নেই, যা কেবল ট্রাম্পের রাজনৈতিক অর্জন তুলে ধরার ছবির সুযোগ তৈরি করবে।
পারমাণবিক রাষ্ট্রের স্বীকৃতি চায় পিয়ংইং?
বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো বাস্তব পদক্ষেপ না নিলে ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার সম্ভাবনা কম পিয়ংইয়ংয়ের।
কিন্তু ওয়াশিংটনের অবস্থান এখনো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পুরোপুরি পরিত্যাগের দাবিতে অনড়। ট্রাম্পের এশিয়া সফরের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান আবারও উত্তর কোরিয়ার ‘সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের’ প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
অধ্যাপক লিমের মতে, ট্রাম্প ব্যক্তিগতভাবে কিমের প্রতি সদিচ্ছা দেখালেও যুক্তরাষ্ট্রের সরকার এমন কোনো বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে পারেনি, যার ভিত্তিতে উত্তর কোরিয়া আবার আলোচনায় ফিরতে আগ্রহী হবে।
ট্রাম্পকে এড়িয়ে পাহাড় ও নৌ বিশ্ববিদ্যালয়ে কিম
ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে যখন আলোচনা চলছিল, তখন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের বিভিন্ন সফরের খবর প্রকাশ করা হয়। সপ্তাহের শুরুতে তাকে একটি স্কি রিসোর্ট ও দেশটির পবিত্র হিসেবে বিবেচিত মাউন্ট পেকতু পরিদর্শন করতে দেখা যায়। বুধবার তিনি নৌবাহিনীর একটি বিশ্ববিদ্যালয় সফর করেন। সেখানে সামুদ্রিক প্রতিরক্ষা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের আহ্বানে সরাসরি সাড়া না দিয়ে দেশের বিভিন্ন অঞ্চল ও সামরিক স্থাপনা পরিদর্শন করার মাধ্যমে কিম নিজের অগ্রাধিকার তুলে ধরতে চেয়েছেন। এতে একদিকে ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের আগ্রহ না দেখানোর বার্তা গেছে, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ বিষয়েও মনোযোগ দেখানো হয়েছে।
চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ কমিয়ে থাকতে পারে। অধ্যাপক কো বলেন, ইউক্রেন যুদ্ধে সংশ্লিষ্টতার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাচ্ছে পিয়ংইয়ং। পাশাপাশি চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাও বাড়াচ্ছে দেশটি।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও হ্যাকিং ও ক্রিপ্টোকারেন্সি চুরির মতো কর্মকাণ্ডের মাধ্যমে উত্তর কোরিয়া অর্থ সংগ্রহ অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে কিমের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা সরাসরি নাকচ করা হয়নি। উত্তর কোরিয়া বিষয়ক বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মু-জিনের মতে, ট্রাম্প এখনো কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী। অন্যদিকে পিয়ংইয়ংও বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাই ভবিষ্যতে দুই নেতার বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: এএফপি ও গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের ভবিষ্যৎকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে এমন যোগ্য শিক্ষার্থীদের তৈরি করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে প্রাপ্ত ধারণা এবং জ্ঞানকে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে, যাদের শিক্ষা ও মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমানে বিশাল তরুণ জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে, যথাযথ শিক্ষাদানের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। সে লক্ষ্যে সরকার শিক্ষার আধুনিকায়নে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্য-প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।’
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদ এবং শিক্ষাখাত সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রেক্সিটের এক দশক পর যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করছে। এই লক্ষ্যে আজ শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে মিলিত হচ্ছেন যুক্তরাজ্য ও ইইউর নেতারা। বৈঠকে খাদ্যপণ্য বাণিজ্য, কার্বন নিঃসরণ এবং তরুণদের যাতায়াত ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠক করবেন। ২০২০ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়ার পর এটি দুই পক্ষের মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলন।
গত বছরের শীর্ষ সম্মেলনকে লন্ডন ও ব্রাসেলসের সম্পর্ক পুনর্গঠনের জন্য একটি ‘স্থিতিশীল ভিত্তি’ হিসেবে অভিহিত করা হয়েছিল। তবে শুক্রবারের বৈঠকটি দুই পক্ষের সম্পর্ক নতুন করে গড়ে তোলার উদ্যোগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুতে বার্নহাম মন্তব্য করেছেন, "ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্য যতটা লাভবান হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে—এটি একটি ‘স্পষ্ট সত্য’।" ২০১৬ সালে যুক্তরাজ্যে ইইউ ছাড়ার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটে ৫২ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে মত দেন, যদিও গণভোটটি আইনগতভাবে বাধ্যতামূলক ছিল না।
বার্নহামের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ব্রাসেলসের সঙ্গে সম্পর্কের সংস্কার তার সরকারের অন্যতম অগ্রাধিকার।
সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি হতে পারে প্রাণী, উদ্ভিদ ও এ-সংশ্লিষ্ট পণ্যের আন্তসীমান্ত বাণিজ্য নিয়ে। যুক্তরাজ্যের হিসাব অনুযায়ী, এসব পণ্যের ওপর বর্তমানে যে নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ রয়েছে, তা তুলে নেওয়া গেলে বছরে ৫১০ কোটি পাউন্ড (৬৭০ কোটি ডলার) অর্থনৈতিক সুবিধা পাওয়া সম্ভব।
কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থা নিয়েও একটি চুক্তি হতে পারে। এর আওতায় যুক্তরাজ্য ও ইইউ পরস্পরের পণ্যের ওপর কার্বন সীমান্ত শুল্ক আরোপ থেকে অব্যাহতি দিতে পারে। ইস্পাতের মতো পণ্য এই চুক্তির আওতায় আসতে পারে।
তরুণদের যাতায়াত ও কর্মসংস্থানের সুযোগ নিয়েও একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইইউর ১ লাখ নাগরিক যুক্তরাজ্যে সর্বোচ্চ তিন বছর বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। একইভাবে যুক্তরাজ্যের ১ লাখ নাগরিকও ইইউভুক্ত দেশগুলোতে বসবাস ও কাজ করতে পারবেন। এ ক্ষেত্রে যুক্তরাজ্য প্রথমে অর্ধেকসংখ্যক মানুষের জন্য এই সুযোগ চালুর প্রস্তাব দিয়েছিল।
এদিকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইইউর শিক্ষার্থীদের জন্য স্থানীয় শিক্ষার্থীদের সমপরিমাণ টিউশন ফি নির্ধারণের দাবি জানাচ্ছে ইইউ। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের তুলনায় স্থানীয় শিক্ষার্থীদের টিউশন ফি অনেক ক্ষেত্রে প্রায় এক-তৃতীয়াংশ।
তবে লন্ডন এ বিষয়ে শুধু ‘উল্লেখযোগ্য পরিমাণে কমানো’ ফি নির্ধারণে সম্মত হয়েছে। ফলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
এ ছাড়া ইইউর ‘মেইড ইন ইউরোপ’ নীতিমালার আওতায় আসতে চায় যুক্তরাজ্য। ব্রাসেলস এ বিষয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তবে এর জন্য যুক্তরাজ্যকে ইইউর নীতিমালা মেনে নিতে হবে।
এই শর্ত মানা বার্নহামের জন্য রাজনৈতিকভাবে কঠিন হতে পারে। কারণ, যুক্তরাজ্যে এখনো ইউরোপীয় ইউনিয়নবিরোধী উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রয়েছেন। ফলে ব্রাসেলসের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগে তাঁকে দেশের ভেতরের রাজনৈতিক বিরোধিতাও সামলাতে হতে পারে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ