ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

হাসান-তানজিদের পারফরম্যান্সের প্রশংসায় ওয়াসিম আকরাম


হাসান-তানজিদের পারফরম্যান্সের প্রশংসায় ওয়াসিম আকরাম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর মাধ্যমে বাংলাদেশের জন্য এটি ছিল প্রতিপক্ষের মাটিতে প্রথম জয়। এই দাপুটে জয়টি বাংলাদেশের প্রশংসা জাগিয়েছে বিশ্বের কাছে।

শুধু দল নয়, বরং আলাদা আলাদাভাবে ক্রিকেটাররাও প্রশংসা পাচ্ছেন। বিশেষ করে ঐতিহাসিক জয় এনে দেওয়ার অন্যতম দুই গুরুত্বপূর্ণ কারিগর, হাসান মাহমুদ ও তানজিদ হাসান তামিম, প্রশংসায় ভাসছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের পর এবার পাকিস্তানের ওয়াসিম আকরামেরও প্রশংসা পাচ্ছেন তারা।

আকরাম দুজনের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের কিংবদন্তি লিখেছেন, 'প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছে, এর মধ্যে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে ওপেনার তানজিদ। আমি হাসান মাহমুদের বোলিংয়ে দারুণ মুগ্ধ হয়েছি। সে চমৎকার লেংথে বল করেছে। খুব বেশি কিছু করার চেষ্ট না করে একদম নিখুঁত লাইন-লেংথে বোলিং করেছে।'

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

ডারউইন টেস্টে মোট ৯ উইকেট নিয়ে (৬ ও ৩) ম্যাচের সেরা হয়েছেন হাসান। বিপরীতে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ। দুজনের পাশাপাশি ৬৫ রানের সঙ্গে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে জয়ে অনবদ্য অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়ে দীর্ঘ ২৩ বছর পর অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আকরামের মতে, জয়টি মহাকাব্যিক। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার লিখেছেন, 'শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মহাকাব্যিক জয়! এই জয় জানিয়ে দেয় টেস্টে বাংলাদেশ কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকার কোথায়। জয়ে দলের সবাই কোনো না কোনোভাবে অবদান রেখেছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা জব্দ, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


কুমিল্লায় প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা জব্দ, আটক ২

কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রায় ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে। ইতোমধ্যে এ ঘটনায় ফয়সাল হোসেন (২৫) ও আমান উল্লাহ (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশের তথ্য মতে, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চলাকালে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জাগুরজুলি এলাকায় অবস্থান নিয়েছিল ডিবির একটি দল।

এ সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা বহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়।

আটক দুইজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

বিশেষভাবে উল্লেখযোগ্য, আমান উল্লাহ ওই গাড়ির চালক ছিলেন।

ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, প্রায় ৩ লাখ পিস ইয়াবাসহ একটি প্রাডো গাড়ি জব্দ করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা হতে পারে।

পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় দুইজনকে আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে জানা হবে এই বিপুল পরিমাণ ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার কথা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ, তদন্তে দুদক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ, তদন্তে দুদক

মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে আট হাজার কোটি টাকা লুটপাটের মামলায়, এবার শতাধিক এজেন্সির বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। এ ঘটনার জন্য আলাদা আলাদা দলের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। অন্যদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে সংস্থাটি আবারও মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

সোমবার (১৭ আগস্ট), রাজধানীর সেগুনবাগিচায় অবস্থতি দুর্নীতি দমন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া যেন এক চিরচেনা আস্থার জায়গা। কিন্তু সেই আস্থাকে পুঁজি করে আওয়ামী লীগ সরকারের আমলে ১০০টি রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে। এসব এজেন্সির বিরুদ্ধে এরইমধ্যে আট হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে ২৩২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

এবার এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। এদিন ৫৪ কোটি টাকা আত্মসাতের মামলায় ''দি জিএমজি অ্যাসোসিয়েটস'' এর চেয়ারম্যান গোলাম মাওলাসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি।

পরে দুদক উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, সরকারি খরচ ৭৯ হাজার টাকা নির্ধারিত থাকলেও, এজেন্সিগুলো অতিরিক্ত সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে।

এদিকে, দুদকের মামলা থাকার পরও বেবিচকের দুই প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদ সম্পর্কে যে কোনো মামলা নেই, এমন ভুল তথ্য ছড়ানোর বিষয়টি সামনে আসলে, দুদকের টনক নড়ে। পরে দুদক জানায়, তাদের নামে মামলা রয়েছে, এই বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে সাইকেল র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে সাইকেল র‌্যালি

সাতক্ষীরা, ১৭ আগস্ট, ২০২৬ : সংশ্লিষ্ট জেলা পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে সাইকেল র‌্যালি আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকালে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিম এবং বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই সাইকেল র‌্যালির আয়োজন করে।

র‌্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমাপ্ত হয়।

এসময় অংশ নেওয়া ব্যক্তিদল ‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়’, ‘বৃক্ষনিধন বন্ধ করুন’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাঁটলে সর্বনাশ’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, ‘আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে’, ‘পানি দূষণ বন্ধ করো’, ‘ফুল-পাখি-গাছ ও পুকুরের নগর চাই’ ইত্যাদি বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করেন।

র‌্যালির পূর্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য আজমিরা খাতুন, রাফিদ রাহি, তাপস মন্ডল, আবু তায়ের প্রমুখ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য তাদের বক্তব্য ছিল, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। বর্তমানে চলমান তাপ প্রবাহের অন্যতম প্রধান কারণ হলো বৃক্ষ নিধন। সুতরাং, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগানো প্রয়োজন।

দূষণমুক্ত পরিবেশ এবং মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান বক্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের প্রশংসায় ওয়াসিম আকরাম, ইয়ান বিশপ ও রবিচন্দ্রন অশ্বিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বাংলাদেশের প্রশংসায় ওয়াসিম আকরাম, ইয়ান বিশপ ও রবিচন্দ্রন অশ্বিন

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : ডারউইন টেস্টে চারদিন ব্যাট-বল হাতে অসাধারণ পারফরমেন্সে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। দীর্ঘ ২৩ বছর পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্ট খেলতে নেমে টাইগাররা প্রথম জয়ের ইতিহাস গড়েছে। তাই বাংলাদেশকে নিয়ে প্রশংসা জানাচ্ছেন বিশ্বের সাবেক ক্রিকেটাররা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে এক ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরিতে বাংলাদেশ ৪২৬ রান করে। এতে করে প্রথম ইনিংস থেকে ২২৮ রানের বিশাল লিড পায় টাইগাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের সফলতার জবাবে, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বড় সংগ্রহ গড়ে তুলতে পারেনি। ক্যামেরন গ্রিনের লড়াকু সেঞ্চুরি সত্ত্বেও অস্ট্রেলিয়া ২৮৪ রানে গুটিয়ে যায়। ফলে ম্যাচ জয়ের জন্য বাংলাদেশ পায় ৫৭ রানের লক্ষ্য। গ্রিন ১০৪ রান করেন।

৫৭ রান তাড়ায় নেমে বাংলাদেশ ৮৬ বল খেলে জয়ের বন্দরে পা রাখে। ৯ উইকেটে জয় লাভ করে এই প্রথমবার সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছে টাইগাররা। সিরিজের শেষ অন্তত ড্র করতে পারলে অসিদের বিপক্ষে সিরিজ জয়ের নতুন ইতিহাস তৈরির সুযোগ রয়েছে বাংলাদেশর।

তবে প্রথম টেস্টে বাংলাদেশের অসাধারণ পারফরমেন্স নিয়ে প্রশংসায় মুখর হয়ে উঠেছেন বিশ্বের সাবেক ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এক মহাকাব্যিক জয়। এই জয় যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের উন্নতি এবং তাদের অগ্রাধিকারের বিষয়ে প্রমাণ বহন করে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের নায়ক হাসান মাহমুদ। দুই ইনিংসে মিলিয়ে তিনি ৯ উইকেট শিকার করেছেন। ব্যাটিংয়ে ১০১ রানের ইনিংসে জয়ে অবদান রেখেছেন তানজিদও। আকরাম জানিয়েছেন, ‘মাঠে সবাই নিজেদের সেরাটা দিয়েছে। তানজিদ দুর্দান্ত সেঞ্চুরি করেছে। হাসানের বোলিং দেখে আমি মুগ্ধ। সে চমৎকার লাইনে বল করেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে দেশের মানুষের জন্য একটি বড় অর্জন মনে করেন ইয়ান বিশপ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি এক অবিস্মরণীয় মুহূর্ত।’

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ অশ্বিন লিখেছেন, ‘বাংলাদেশের এটি একটি দুর্দান্ত পারফরমেন্স। এটি টেস্ট সেন্টারের গুরুত্বকে আবারও মনে করিয়ে দিল। অস্ট্রেলিয়ানদের জন্য ডারউইনের কন্ডিশন চমক সৃষ্টি করেছে।’

ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে প্রথম জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বিশাল ঐতিহাসিক মুহূর্ত।’ শ্রীলংকার সাবেক ব্যাটার রাসেল আর্নল্ড বলেছেন, ‘এই অর্জনকে মহাকাব্যিক ও অবিশ্বাস্য এক পারফরমেন্স বলা যেতে পারে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%