ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

তাহিরপুরে মাটিয়ান হাওরপাড় মাটিয়ান গ্ৰামে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০


তাহিরপুরে মাটিয়ান হাওরপাড় মাটিয়ান গ্ৰামে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জের তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান হাওর পাড়ের মাটিয়ান গ্রামে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য কাঁচা মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে নারীসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে মাটিয়ান গ্রামের কাঁচা মিয়া মেম্বারের পক্ষের মনসুর মিয়ার ছেলে ইমন আহমেদের (২৩) সঙ্গে নুরুল ইসলাম চেয়ারম্যানের পক্ষের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।
 
 
উল্লেখ্য,কয়েক দিন আগে ওই ঘটনা নিয়ে ইমন আহমেদ ফেসবুকে একটি উত্তেজনাপূর্ণ পোস্ট দেন বলে জানা গেছে। এ নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি মন্তব্যের জেরে দুপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্যোগে মঙ্গলবার দুপক্ষকে নিয়ে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু সালিশের পরও উত্তেজনা থামেনি। এর জের ধরে বুধবার দুপুরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
সংঘর্ষে আহত ব্যক্তিদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে নুরুল ইসলাম পক্ষের রিফাত মিয়া (২০) এবং কাঁচা মিয়া মেম্বার পক্ষের শাহীনুর মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
 
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখুঞ্জি বলেন, মঙ্গলবার দুপক্ষের বিরোধ সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়েছিল। কিন্তু সালিশের পরও তারা তুচ্ছ বিষয় নিয়ে আবার বিরোধে জড়ান। রাতে ও বুধবার সকালে তিনি দুপক্ষকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারা কথা শোনেননি। পরে দুপুরের দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
এব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে থাকায় পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে ব্যস্ত ছিলেন। মাটিয়ান গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা প্রশাসক মিজ কউসার গাবুরার মেগা প্রকল্প পরিদর্শন করলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


জেলা প্রশাসক মিজ কউসার গাবুরার মেগা প্রকল্প পরিদর্শন করলেন

সাতক্ষীরা, ২২ অক্টোবর, ২০২৬ : জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ কউসার আজিজ। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।

পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক, সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম, মাস্টার আবু তালেব সাগর, আমজিয়াদ হোসেন ও ইকবাল হোসেন মন্টু সভায় সুন্দরবন ও উপকূলীয় জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তারা গাবুরার চলমান মেগা প্রকল্পের রাস্তার সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ, সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিতের দাবি করেন। প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় সুপেয় পানি সংরক্ষণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, খেলার মাঠ সংরক্ষণ, ভূমিহীনদের বসতির ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন এলাকার উন্নয়ন ও সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি অসমাপ্ত খাল খনন এবং মেগা প্রকল্পের বিভিন্ন কাজের গুণগত মান নিয়েও আলোচনা করা হয়।

জেলা প্রশাসক কউসার আজিজ এসময় সুন্দরবনে জলদস্যু দমনে সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি গাবুরার সুপেয় পানির সংকট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং এলাকায় পর্যাপ্ত স্কুল না থাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া চলমান মেগা প্রকল্পের সড়ক নির্মাণ কাজ যথাযথভাবে বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার বিষয়েও আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে হারিয়ে আইএইচএফ নেশন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


বাংলাদেশকে হারিয়ে আইএইচএফ নেশন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশ নারী হ্যান্ডবল দল চ্যাম্পিয়নশিপে সফলতা অর্জন করতে পারেনি। তারা বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে ২৮-১৬ ব্যবধানে পরাজিত হয়েছে।

বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত চার জাতির এই টুর্নামেন্টে ভারত অপরাজিত অবস্থায় শিরোপা জিতে নিয়েছে। লিগ পর্বে বাংলাদেশও ভারতের কাছে হেরেছিল। মালদ্বীপকে পরাজিত করে নেপাল ব্রোঞ্জ পদক জিতেছে।

ফাইনালে পরাজয়ের পরও বাংলাদেশ শুরু থেকেই লড়াই করেছে। তবে প্রথমার্ধে ভারত ১৪-৯ গোলে এগিয়ে ছিল। পরবর্তী অর্ধে দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হতে থাকে। ভারত তাদের ব্যবধান বাড়াতে সক্ষম হয়। শেষ দিকে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

বাংলাদেশের একের পর এক প্রচেষ্টা রোধ করেন ভারতের গোলকিপার দিকশা কুমারী। তিনি অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও অর্জন করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের ভাবনা শর্মা।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ এবং সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়মে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়মে বিতর্ক

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। রাজ্য সরকার বলেছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকর করার যুক্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, রাজ্যজুড়ে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার এবং সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্যকে ক্ষুণ্ণ করছে।

রাজ্য সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষের নতুন নির্দেশনার ভিত্তিতে, শিক্ষা দপ্তরের অধীনস্থ স্বীকৃত এবং স্বীকৃতির প্রক্রিয়ায় থাকা সব মাদরাসাকে সাধারণ সরকারি স্কুলের মতো একই নিয়মে রোববার সাপ্তাহিক ছুটি পালন করতে হবে। গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত রাজ্যের প্রায় ২০৬টি মাদরাসার ওপর কার্যকর হবে।

ইসলামি সংস্কৃতি ও ধর্মীয় রীতিতে জুমার নামাজের জন্য শুক্রবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘকাল ধরে মাদরাসাগুলোতে এ দিন সাপ্তাহিক ছুটি ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী, শুক্রবারে নিয়মিত পাঠদান চলবে এবং ছুটি থাকবে রোববার। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুক্রবার দুপুরের নামাজের জন্য শিক্ষার্থীদের সময়সূচির বিশেষ ছাড় দেওয়া হবে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, শিক্ষায় সমতা রক্ষা এবং মাদরাসাগুলোকে মূলধারার সঙ্গে একীভূত করতেই এমন অভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে। আধুনিক শিক্ষার পথ সুগম করার অংশ হিসেবে মাদরাসাগুলো সাধারণ স্কুলের নিয়মে পরিচালিত হবে বলে তিনি দাবি করেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এর আগে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৫২টি প্রতিষ্ঠান সক্রিয় ছিল। নতুন ব্যবস্থার অংশ হিসেবে ইতোমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান সাধারণ স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আরও ১১৪টি আবেদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, সরকারের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে ও আসন্ন নির্বাচনের আগে মেরুকরণ সৃষ্টির স্বার্থে বিজেপি সরকার পরিকল্পিতভাবে মাদরাসা ও সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

বিশ্লেষকদের মতে, শিক্ষার মান উন্নয়ন ও কাঠামোগত আধুনিকায়ন ইতিবাচক পদক্ষেপ হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুশীলন ও সাংবিধানিক স্বাতন্ত্র্য বজায় রাখার বাধ্যবাধকতা রাষ্ট্রের রয়েছে। অভিন্ন নিয়মের অজুহাতে দীর্ঘদিনের ধর্মীয় বাস্তবতা অগ্রাহ্য করা হলে তা সামাজিক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে পুলিশ তিন ভাইকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির বিশেষ অভিযানে তারা গ্রেফতার হন।

অভিযুক্ত তিন ভাই হলেন- মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) এবং অমিত হাসান (২৮)।

পুলিশের দাবি, তারা স্থানীয় ফোর স্টার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেফতার জয় মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুনের হয়ে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল এবং ফুটপাত নিয়ন্ত্রণে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এছাড়া কিশোর গ্যাং পরিচালনা ও আর্থিক লেনদেনের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে।

জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো।

পুলিশ জানিয়েছে, গ্রেফতাররা ওই তিনজনের ভাগনে।

এছাড়া সানজিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল ফোনে তাদের যোগাযোগ হতো।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%