০৪:১৭ এম
শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের বই পাওয়ার জন্য আগের বছরগুলোতে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হতো। তবে এবারের পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবইয়ের মধ্যে প্রাথমিকের ৯৮ শতাংশের বেশি এবং মাধ্যমিকের ৭০ শতাংশের বেশি বই ইতোমধ্যেই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। ২৭টি প্রেসের কাজ সম্পূর্ণ হলেও ২৩টি প্রেস নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্বেগ এখনও কাটেনি। এই প্রেসগুলোতে বাড়তি নজরদারি করছে এনসিটিবি, যাতে নির্ধারিত সময়ে মান বজায় রেখে বই সরবরাহ করা সম্ভব হয়।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা কালের কণ্ঠকে জানান, "নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী আমাদের কার্যক্রম এগিয়ে চলছে। কোনো রকম অনিয়ম পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এরই মধ্যে প্রাথমিকের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলায় পৌঁছে গেছে। মাধ্যমিকের বই ছাপার কাজ এখন পুরোদমে চলছে। আশা করছি, ৩০ নভেম্বরের মধ্যেই আমরা শতভাগ বই পৌঁছে দিতে পারব। এটা নিঃসন্দেহে একটি মাইলফলক হয়ে থাকবে।"
এনসিটিবি সূত্রে জানা যায়, প্রাক্-প্রাথমিকের শতভাগ বই পৌঁছে গেছে। প্রথম শ্রেণিতে ৯৮.০৮, দ্বিতীয় শ্রেণিতে ৯৮.১৪, তৃতীয় শ্রেণিতে ৯৮.১৫, চতুর্থ শ্রেণিতে ৯৮.১১ এবং পঞ্চম শ্রেণিতে ৯৮.১০ শতাংশ বই পৌঁছেছে। সব মিলিয়ে প্রাথমিক স্তরে বই সরবরাহের হার ৯৮.২৪ শতাংশ।
আরও পড়ুন: আইইউবির ২৭তম সমাবর্তনে ২০৬৭ শিক্ষার্থীর সনদ বিতরণ
প্রাথমিক বইয়ের মান তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডির ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজিম মুনির বলেন, "প্রাথমিকের কাজ প্রায় শেষই বলা যায়। শুধু পুনঃ দরপত্র হওয়া কিছু কাজ বাকি আছে। পৌনে ২ শতাংশ কাজের জন্য গত মাসের ১৮ তারিখ প্রেসের সঙ্গে চুক্তি হয়। সেগুলোর কাজ চলছে, সেটাও কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে।"
এনসিটিবি সূত্র জানায়, ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯১.২২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণির ৯১.৯৭, সপ্তম শ্রেণির ৯৩.৫৪, অষ্টম শ্রেণির ৬২.৮০ এবং নবম-দশম শ্রেণির ৩০.২২ শতাংশ বই পৌঁছেছে। সব মিলিয়ে মাধ্যমিক স্তরে বই সরবরাহের হার ৭০.৩১ শতাংশ। মাধ্যমিক বইয়ের মান তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইনডিপেন্ডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডির ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন জানান, "এরই মধ্যে ২৭টি প্রেস তাদের শতভাগ কাজ শেষ করেছে। পুরোদমে কাজ চলছে। নবম-দশম শ্রেণির বইয়ের কাজ পরে ধরায় সেটা কিছুটা পিছিয়ে আছে। আশা করছি, দরপত্রের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।"
এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য মোট ৩০ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ১০১ কপি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক্-প্রাথমিকের জন্য ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি, প্রাথমিক স্তরের জন্য সাত কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৫৩৮ কপি এবং মাধ্যমিক স্তরের জন্য ২২ কোটি ১০ লাখ ৪২ হাজার ৯২৩ কপি বই ছাপানো হবে। এসব বই ছাপাতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় দুই হাজার ১০০ কোটি টাকা।
হাওলাদার অফসেট প্রেসের স্বত্বাধিকারী মো. শাহে আলম বলেন, "আমি ৪০ লাখ বইয়ের কাজ পেয়েছিলাম। শতভাগ কাজই শেষ হয়ে গেছে। এ বছর আগে কার্যাদেশ পেয়েছি, আগে কাজ শুরু হয়েছে; ফলে আগেভাগেই কাজ শেষ হচ্ছে। এবার বইয়ের মানও ভালো হয়েছে।"
আরও পড়ুন: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা চালু: শিক্ষামন্ত্রী
আমিন আর্ট প্রেসের পরিচালক মো. রেজাউল করিম সোহেল জানান, "আমি ৬৩ লাখ বইয়ের কাজ পেয়েছি। এরই মধ্যে প্রায় ৮৫ শতাংশ বইয়ের কাজ শেষ হয়েছে। ২ ডিসেম্বর পর্যন্ত আমার সময় আছে। বেশ আগেই কাজ শেষ হয়ে যাবে। মানের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছি। আগের যেকোনো সময়ের চেয়ে ভালো মানের বই হয়েছে।"
এদিকে, মাধ্যমিকের প্রায় ৭০ শতাংশ বই পৌঁছলেও ২৩টি ছাপাখানার কাজ নিয়ে এনসিটিবির সন্দেহ রয়েছে। এসব ছাপাখানাকে চিহ্নিত করে নিয়মিত তদারকির পাশাপাশি বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য এনসিটিবির তিনজন সদস্য ও সচিবকে বিশেষ মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩টি ছাপাখানার বই ছাপার কাজ শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি লাগতে পারে বলে মনে করছে এনসিটিবি। পাশাপাশি অতিরিক্ত কাজের চাপের সুযোগ নিয়ে কেউ যাতে নিম্নমানের কাগজে বই ছাপতে না পারে, সে বিষয়েও সতর্ক রয়েছে সংস্থাটি। গত ৪ নভেম্বর থেকে এই নজরদারি শুরু হয়েছে। এতে অনেক ছাপাখানার কাজের অগ্রগতিও হয়েছে। দ্রুত বই ছাপার কাজ শেষ করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এনসিটিবি নভেম্বরের মধ্যে বই ছাপার কাজ শেষ করার কথা বললেও বাস্তবে কয়েকটি ছাপাখানার কাজ শেষ হতে আরো কিছুদিন সময় লাগতে পারে। চুক্তি অনুযায়ী, কাজ শেষ করার জন্য ৭০ দিন সময় দেওয়া হয়েছে। সেই হিসাবে কয়েকটি ছাপাখানার সর্বশেষ সময়সীমা ৯ ডিসেম্বর। তবে তিন-চারটি ছাপাখানার কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা নিয়েও সংশয় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন