ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

রাজ অশোক: প্রকৃতির দুর্লভ ও বিপন্ন উপহার


রাজ অশোক: প্রকৃতির দুর্লভ ও বিপন্ন উপহার

চলতি বছরের ৮ এপ্রিল। প্রকৃতির তখন চৈত্র মাস। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। তবুও ফুলের খোঁজে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম। ব্রহ্মপুত্রের তীরে পুষ্প, বৃক্ষ, লতা-গুল্মে সমৃদ্ধ এই উদ্যানের মূল ফটক দিয়ে প্রবেশ করে ডান দিকে কিছুটা এগিয়ে গিয়ে দেয়ালের কাছেই রাজ অশোকের দেখা পেলাম। গাছে ফুল নিয়ে ঝুলছে লম্বা মঞ্জরিদণ্ড। তখন ফুলগুলো পুরোপুরি ফোটেনি। ছবি তুলে ফেললাম ঝটপট।

প্রকৃতির এক অনন্য ও দুর্লভ সৃষ্টি রাজ অশোক। এটি উদ্ভিদজগতের অন্যতম রূপবতী ও রাজকীয় বৃক্ষ হিসেবে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Amherstia nobilis, যা Fabaceae পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ এবং এই জেনাসের এটি একমাত্র প্রজাতি। বৈশ্বিকভাবে এটি Pride of Burma, Orchid Tree কিংবা Tree of Heaven নামেও পরিচিত। ঢাকার বিখ্যাত বলধা গার্ডেনের প্রয়াত তত্ত্বাবধায়ক অমৃতলাল আচার্য এই গাছটির বাংলা নাম রেখেছিলেন রাজ অশোক। স্বর্গের অপ্সরা উর্বশীর সঙ্গে তুলনা করে অনেকেই একে উর্বশী নামেও ডাকেন।

রাজ অশোকের আদি নিবাস প্রতিবেশী দেশ মিয়ানমার। সেখান থেকে এটি কালক্রমে ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন ক্রান্তীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে এই গাছটি অত্যন্ত বিরল ও বিপন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান, বলধা গার্ডেন এবং চট্টগ্রাম ও আরাকানের কিছু বৌদ্ধ বিহারে অত্যন্ত যত্নসহকারে গাছটি টিকিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন: অটিজমের জন্য স্পিচ থেরাপির গুরুত্ব ও পদ্ধতি

রাজ অশোক একটি মাঝারি আকৃতির চিরসবুজ বৃক্ষ। এটি সাধারণত ৮ থেকে ১০ মিটার উঁচু হয়ে থাকে। ফুলহীন অবস্থায় সাধারণ অশোক গাছের সঙ্গে এর ডালপালা, কাণ্ড ও পাতার বেশ মিল দেখা যায়। তবে ফুল ফোটার পর এর আসল রাজকীয় রূপ প্রকাশ পায়। এই গাছের কচি পাতাগুলো অত্যন্ত আকর্ষণীয়। ডালের ডগায় ঝুলে থাকা কচি পাতাগুলোর রং তামাটে বা হালকা চকোলেট রঙের। পাতাগুলো বড় হলে গাঢ় সবুজ রং ধারণ করে। রাজ অশোকের আসল সৌন্দর্য এর ফুলে। এর ফুল ফোটার প্রধান সময় হেমন্ত থেকে বসন্তকাল (বিশেষ করে শীতকাল)। শাখার আগায় কিংবা পাতার কক্ষে দীর্ঘ, ঝুলন্ত পুষ্পমঞ্জরি তৈরি হয়। মঞ্জরিতে একাধিক ফুল পর্যায়ক্রমে ফোটে। ফুলের রং উজ্জ্বল লাল, গাঢ় গোলাপি ও লালচে আভাযুক্ত। পাপড়ির মধ্যে হলুদ দাগ ও সাদা-লাল রঙের সূক্ষ্ম নকশা ফুলের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। এর দীর্ঘ ঝুলন্ত পুষ্পমঞ্জরি যেন প্রকৃতির সাজানো ফুলের ঝাড়বাতি। প্রতিটি মঞ্জরিতে চার-পাঁচটি ফুল চমৎকার বিপরীত সজ্জায় সাজানো থাকে।

রাজ অশোক শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্যই অনন্য নয়, এর রয়েছে নান্দনিক ও পরিবেশগত গুরুত্ব। একে বিশ্বের সবচেয়ে সুন্দর ফুল উৎপাদনকারী গাছের একটি হিসেবে ধরা হয়। যেকোনো উদ্যান, বোটানিক্যাল গার্ডেন বা শিক্ষাপ্রতিষ্ঠানের নান্দনিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিতে এই বৃক্ষের জুড়ি নেই। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বায়ু শোধনে ভূমিকা রাখে।

বাংলাদেশে রাজ অশোক অত্যন্ত দুর্লভ ও বিলুপ্তপ্রায় একটি উদ্ভিদ। এর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-৪ অনুযায়ী এই প্রজাতিটিকে সংরক্ষিত উদ্ভিদ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই গাছ কাটা বা ক্ষতিসাধন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এই গাছে ফল ও বীজ হলেও বীজ থেকে প্রাকৃতিকভাবে চারা গজানোর হার খুবই কম। মূলত গুটি কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে এর চারা তৈরি করতে হয়। তাই উদ্ভিদবিজ্ঞানী ও প্রকৃতিপ্রেমীদের কাছে এই গাছের কৃত্রিম প্রজনন ও চারা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব অনেক বেশি। রাজ অশোকের প্রধান গুরুত্ব শোভাবর্ধক বৃক্ষ হিসেবে। উদ্ভিদ উদ্যান, বৃহৎ ব্যক্তিগত বাগান, পার্ক এবং উপযুক্ত উন্মুক্ত স্থানে এটি রোপণ করা যায়।

আরও পড়ুন: নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত

লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় বন্যায় তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, জরুরি সহায়তায় এগিয়ে এল কাতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ এম


গাজায় বন্যায় তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, জরুরি সহায়তায় এগিয়ে এল কাতার

গাজা উপত্যকায় ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে কাতার। এই উদ্যোগটি উপত্যকাটির পুনর্গঠনে নিয়োজিত কাতারি কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে।

ত্রাণ দলগুলো গাজার ৪৫টি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির এবং গুরুত্বপূর্ণ সড়কে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলায় এসব এলাকায় আবহাওয়ারোধী তাঁবু, আশ্রয় উপকরণ, খাদ্যসামগ্রী ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত সপ্তাহান্তে মৌসুমের প্রথম বড় ধরনের ঝড় গাজায় আঘাত হানে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাত্র ১২ ঘণ্টার মধ্যে উপত্যকাটিতে প্রায় ৭০ হাজার তাঁবু বন্যার পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার বলে জানা গেছে।

সোমবার পর্যন্ত গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগে দুই হাজার ১০০টির বেশি জরুরি সহায়তার আবেদন জমা পড়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, উপত্যকিতে দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এদিকে, প্রায় চার লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন সব এলাকায় আশ্রয় নিয়েছেন, যেগুলো বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় তাঁবু ও আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ায় এসব মানুষের মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চন্দ্রঘোনায় এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক সাইদুর রহমান আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ এম


চন্দ্রঘোনায় এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক সাইদুর রহমান আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে পুলিশ সাইদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার রাইখালী বাজার থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আটক সাইদুর দীর্ঘ ৪ মাস ধরে এনএসআই সদস্য পরিচয়ে রাইখালী বাজারের মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স থেকে চাঁদা আদায় করে আসছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় চাঁদার টাকা নিতে গেলে, মালিকের সন্দেহ হয়। এরপর তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করে নিশ্চিত হয় যে, সাইদুর একজন প্রতারক। তিনি রাঙ্গুনিয়া থানার রোয়াজার হাট এলাকায় বসবাস করেন এবং তার স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি জেলার মহালছড়ি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সাকের জানান, আটক সাইদুরকে বুধবার আদালতে পাঠানো হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ এম


১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানকে ১২ দলীয় জোটের নতুন সমন্বয়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তারা আগামী তিন মাস এই দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ১২ দলীয় জোটের একটি অংশ তাদের সঙ্গে আলোচনা ছাড়া কমিটি গঠনের বিষয়ে নিন্দা প্রকাশ করেছে।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ১২ দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ সভায় জোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্দেশ্যে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের প্রতিনিধিত্বে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী নাহিদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার, যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম; ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আব্দুল মান্নান।

অন্যদিকে, ১২ দলীয় জোটের অপর অংশ দাবি করেছে, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া এই ধরনের কমিটি ঘোষণা করা অবৈধ। তারা এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে 'ভুল বোঝাবুঝি', আহত ৩ পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ এম


কুষ্টিয়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুইজন উপ-পরিদর্শক (এসআই) এবং একজন কনস্টেবল রয়েছেন।

ঘটনার পর আহত পুলিশ সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। তবে, পুলিশের পক্ষ থেকে ঘটনার ব্যাখ্যায় বলা হচ্ছে এটি একটি ভুল বোঝাবুঝি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে সরকারি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তবে, এই অপ্রীতিকর ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানাচ্ছে না।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে এই প্রতিবেদক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আহত ডিবি সদস্যদের চিকিৎসা নিতে দেখেন। পরে তারা হাসপাতাল ত্যাগ করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, "শুনেছি পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাদের নাম উল্লেখ নেই।"

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, "ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা ঘটেছে।"

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম জানান, "পুরো ঘটনা জানি না। কর্মকর্তারা সেখানে গেছেন। বিস্তারিত জেনে পরে জানাব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%