ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের চাকরি ছাড়া শন টেইট আবার পাকিস্তানের দায়িত্বে


বাংলাদেশের চাকরি ছাড়া শন টেইট আবার পাকিস্তানের দায়িত্বে

অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইট, বাংলাদেশের সঙ্গে পথচলা শেষ করার কয়েক মাসের মধ্যে পুরোনো ঠিকানায় ফিরে যাচ্ছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে তিনি একটি চুক্তিতে পৌঁছেছেন। টেইট পাকিস্তানের জাতীয় দলের বোলিং পরামর্শকের দায়িত্ব নিতে যাচ্ছেন।

পিসিবি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কোচিং স্টাফে একাধিক পরিবর্তন করেছে এবং বোলিং বিভাগকে শক্তিশালী করার জন্য টেইটকে বেছে নিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার সূত্রে জানিয়েছে, টেইটের নিয়োগ শিগগিরই ঘোষণা করা হবে। আগামী সপ্তাহের শুরুতে পাকিস্তানে পৌঁছে তিনি দায়িত্ব বুঝে নেবেন।

পাকিস্তানের সঙ্গে টেইটের সম্পর্ক নতুন নয়। ২০২২ সালে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পাকিস্তান সফরের আগে তিনি শাহিন আফ্রিদি ও হারিস রউফদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৩ সালের শুরু পর্যন্ত পাকিস্তানের পেসারদের নিয়ে কাজ করেছেন তিনি, যিনি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। তবে এবার তিনি পূর্ণকালীন কোচ হিসেবে নয়, বরং পরামর্শক হিসেবে ফিরে আসছেন।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

বাংলাদেশে এক বছরের অধ্যায়

২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন টেইট। তার সঙ্গে চুক্তি ছিল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। কিন্তু এ বছরের ৪ জুন তিনি হঠাৎ করে পদত্যাগ করেন।

বাংলাদেশের পেস আক্রমণে টেইটের সময়টা ছিল সফল। তার অধীনে তরুণ পেসাররা আত্মবিশ্বাস পেয়েছে এবং বাংলাদেশের পেস বোলিং ধীরে ধীরে শক্তিশালী হয়েছে। তার সময়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ২-০ টেস্ট সিরিজ জয়েও বাংলাদেশের পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষ করে নাহিদ রানা টেইটের অধীনে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। পাকিস্তানের বিপক্ষে মার্চে ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়ার পর নাহিদ প্রকাশ্যে টেইটের প্রশংসা করেছিলেন।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

নাহিদ রানা বলেছিলেন, “সত্যি বলতে তিনি অসাধারণ একজন কোচ। কারণ তিনি শুধু কোচ হিসেবেই নন, আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশে যান।”

কেন বাংলাদেশ ছেড়েছিলেন টেইট

বাংলাদেশের দায়িত্ব ছাড়ার সময় টেইট জানিয়েছিলেন, তিনি পরিবারের জন্য আরো সময় দিতে চান। বছরজুড়ে তিন সংস্করণের ক্রিকেটে পূর্ণকালীন দায়িত্ব পালনের চাপ থেকেও সরে আসতে চেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান।

টেইট বলেছিলেন, “পূর্ণকালীন দায়িত্বে ১২ মাস কাজ করা আমার জন্য বাড়তি চাপ মনে হচ্ছিল। এখন একটু পেছনে সরে গিয়ে পরিবারকে কিছুটা সময় দিতে চাই।”

আরও পড়ুন: ডুলির লক্ষ্য, সব ম্যাচে জয় নিশ্চিত করা

এবার পাকিস্তানে নতুন ভূমিকায়

বাংলাদেশ ছাড়ার সময় টেইটের পরিবারকে সময় দেওয়ার বিষয়টি সামনে আসায় পাকিস্তানে এবার তাকে পূর্ণকালীন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে না। বরং তার জন্য পরামর্শক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফলে সারা বছর তিন সংস্করণের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার চাপ তুলনামূলকভাবে কম থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরকন্যা কুয়াকাটায় ২৩-২৪ অক্টোবর বীচ কার্নিভাল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


সাগরকন্যা কুয়াকাটায় ২৩-২৪ অক্টোবর বীচ কার্নিভাল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায়, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য মেলে, সেখানে আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দু'দিন ব্যাপী বীচ কার্নিভাল উৎসব বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। এই আয়োজনের মাধ্যমে কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন একটি সভার আয়োজন করেছে, যেখানে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

রবিবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের কনফারেন্স হলে এই সভাটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৭ সালে শেষবার বীচ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৯ বছরের বিরতির পর, এবার ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটা বীচ কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান জনাব মো. শামীমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।

এছাড়া সভায় পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, বরিশাল বিভাগীয় ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) অর্নিবান চাকমা, সহকারী কমিশনার( ভূমি) ইয়াসীন সাদেক এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, উদ্যোক্তা ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের কার্নিভালের আয়োজনের উদ্দেশ্য হলো কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটকদের কাছে এই অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তোলা। কার্নিভালকে কেন্দ্র করে সৈকত ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কার্নিভালে থাকবে বীচ ক্যাম্পিং, বিচ ফুটবল, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ উৎসব, পুথি পাঠ, প্রি-ইভেন্টসহ নানা আয়োজন। পাশাপাশি, স্থানীয় পণ্য, খাবার ও পর্যটনকে ঘিরেও বিভিন্ন কর্মসূচি থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহের বৃদ্ধ আব্দুর রহিম নিজের কবর খুঁড়লেন জীবিত অবস্থাতেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


ঝিনাইদহের বৃদ্ধ আব্দুর রহিম নিজের কবর খুঁড়লেন জীবিত অবস্থাতেই

একটি পাকা কবর, যা ইট-পাথরে মোড়ানো, চারপাশে রয়েছে পরিপাটি পরিবেশ, পিলার, ছাদ এবং ছোট ছোট মিনার। প্রথমবার দেখলে এটি সাধারণ একটি ঘর বলে মনে হতে পারে, কিন্তু এটি আসলে প্রস্তুত রাখা একটি সমাধি। গত পাঁচ বছর ধরে নিজ হাতে তৈরি করা এই কবরের পাশে বসে জীবনের শেষ দিনগুলো গুনছেন এক বৃদ্ধ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আব্দুর রহিম নামের বৃদ্ধ মনোবেদনা ও অবহেলার শঙ্কা থেকে নিজের কবর নিজেই তৈরি করেছেন। প্রতিদিন নিয়মিতভাবে তিনি নিজের তৈরি কবরের যত্ন নেন এবং ধুলোবালি জমলে নিজ হাতে তা পরিষ্কার করেন। শুধু নিজের জন্যই নয়, মৃত্যুর পর স্ত্রী যেন পাশে ঠাঁই পান, সে জন্য স্ত্রীর জন্যও পাশাপাশি আরেকটি কবর প্রস্তুত করে রেখেছেন। তাঁর স্বজনদের কাছে আকুতি—মৃত্যুর পর যেন দুজনকে পাশাপাশি দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রহিমের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের নাম হলো আব্দুর রশিদ, খাজা আহাম্মেদ, আব্দুর রহমান ও শিখা খাতুন। তবে সন্তান থাকা সত্ত্বেও মৃত্যুর পর তারা ঠিকঠাক দাফন-কাফন করবেন কি না—এমন শঙ্কা থেকেই মূলত নিজের কবরের ব্যবস্থা নিজে করার সিদ্ধান্ত নেন তিনি। এমনকি মৃত্যুর পর যেন কারো ওপর আর্থিক বা সামাজিক বোঝা হতে না হয়, সে জন্য জীবিত অবস্থাতেই নিজের কুলখানি, চল্লিশা ও দোয়া মাহফিলের মতো ধর্মীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রেখেছেন।

জীবিত মানুষের এমন ব্যতিক্রমী কর্মকাণ্ড ও অগ্রিম প্রস্তুতি দেখতে প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন আব্দুর রহিমের বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের একটি অংশ বিষয়টিকে কৌতূহল ও বিস্ময়ের চোখে দেখছেন, তবে কেউ কেউ বলছেন, জীবনের চরম সত্যকে এত কাছ থেকে মেনে নেওয়ার মানসিকতা সত্যিই বিরল।

এই ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরূপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘জীবিত অবস্থায় নিজের কবর খুঁড়ে রাখা কিংবা চল্লিশা করার বিষয়টির কথা শুনেছি। ঘটনাটি সত্যিই অবাক করার মতো। সন্তানরা থাকতেও কোনো বাবা-মা যদি এমন শঙ্কা থেকে নিজের কবরের ব্যবস্থা নিজে করেন, তবে তা অত্যন্ত দুঃখজনক। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমি বিষয়টির খোঁজখবর নিচ্ছি এবং ওই বৃদ্ধের কোনো সহায়তার প্রয়োজন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

পৃথিবীর মায়াজাল ছিন্ন করে একদিন সবাইকে চলে যেতে হবে পরপারে। তবে মহেশপুরের আব্দুর রহিমের এই প্রস্তুতি কি সন্তানের প্রতি আক্ষেপ, নাকি মৃত্যুর অবধারিত সত্যকে অতি নিকটে মেনে নেওয়ার এক অদ্ভুত মানসিকতা, তা নিয়ে পুরো এলাকায় আলোচনা ও কৌতূহল এখন তুঙ্গে। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি আজাদ রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তর মেডিকেল রিপোর্টের অপেক্ষায় বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


শান্তর মেডিকেল রিপোর্টের অপেক্ষায় বিসিবি

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শারীরিক অবস্থার মূল্যায়ন সম্পন্ন করার পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত।

শান্ত এশিয়ান গেমস চলাকালীন ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে জাপান থেকে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তবে, পাঁচ দিনের ম্যাচ খেলার জন্য তার পর্যাপ্ত ফিটনেস ফিরে এসেছে কি না, সে বিষয়ে দলের মেডিকেল স্টাফরা পর্যবেক্ষণ করছেন।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, মেডিকেল টিম শান্তর বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাশার বলেন, ‘শান্ত এখন সুস্থ। চিকিৎসকরা ধাপে ধাপে তার দুর্বলতার মাত্রা যাচাই করবেন।’

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচকরা শান্তর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। তিনি বলেন, ‘সিদ্ধান্তটি আমাদের নয়। এটি মেডিকেল টিমের বিষয়। আশা করা হচ্ছে, দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এশিয়ান গেমসে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে শান্ত ছিলেন। কিন্তু নাগোয়ায় বেশ কয়েক দিন জ্বরে ভোগার পর দেশে ফিরে আসেন তিনি।

শান্তর ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে ভাইরাল সংক্রমণের কারণে সতর্কতাস্বরূপ তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

এদিকে, আসন্ন সফরের জন্য বাংলাদেশ টেস্ট দল ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। টাইগাররা ৯ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু করবে। এরপর তারা আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে।

শান্ত ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন। মেডিকেল টিমের আশা, টেস্ট ম্যাচের ধকল সামলানোর মতো যথেষ্ট ফিট কি না, সেটি যাচাই করার পর শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের মুখোমুখি ডিএসসিসি প্রশাসক: ‘আমরা কেমন ঢাকা চাই’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


শিশুদের মুখোমুখি ডিএসসিসি প্রশাসক: ‘আমরা কেমন ঢাকা চাই’

‘আমরা কেমন ঢাকা চাই’—এই থিমকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম রাজধানীর জলাবদ্ধতা, ডেঙ্গু, পরিচ্ছন্নতা, যানজট, হকার সমস্যা, ফুটপাত দখল, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক নিরাপত্তার মতো বিভিন্ন বিষয় নিয়ে শিশুদের সঙ্গে আলোচনা করেছেন।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ‘শিশু আনন্দমেলায়’ তিনি শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শিশুদের প্রশ্নের মাধ্যমে তাদের স্বপ্নের ঢাকা ফুটে ওঠে—একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগর।

প্রশ্নোত্তর পর্বে শিশুদের নিরাপদ পথচলা নিশ্চিত করা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বৃদ্ধি করা এবং জলাবদ্ধতা নিরসনের জন্য ঢাকা শহরের সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক।

ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসক উল্লেখ করেন, সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে নির্দিষ্ট কিছু এলাকায় হকারদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিশুদের জন্য জেব্রা ক্রসিং তৈরি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সিটি করপোরেশন সহযোগিতা করবে বলেও জানান তিনি।

পৌর পার্ক ও খেলাধুলার সুযোগ

শিশুদের শারীরিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক জানান, প্রতিটি ওয়ার্ডে অথবা যৌথভাবে দুটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ তৈরির চেষ্টা চলছে। বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন, টার্ফ স্থাপন এবং পরিত্যক্ত জায়গাগুলোকে উপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া শহীদ জিয়া শিশু পার্কের নির্মাণকাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, খেলার সরঞ্জাম এলেই এটি চালু করা হবে। পাশাপাশি ওসমানী উদ্যান, মতিউর পার্কসহ বিভিন্ন স্থানকে নতুন করে সাজানো হচ্ছে।

ঐতিহ্য ভ্রমণ ও সাংস্কৃতিক বিকাশ

ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে প্রতি শুক্রবার ও শনিবার দুটি বাসে বিনামূল্যে ঐতিহ্যবাহী স্থানগুলো (যেমন : শহীদ মিনার, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা, কার্জন হল) ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রমে শিশুদের দুপুরের খাবারও সরবরাহ করা হবে। এছাড়া শিশুদের মানসিক বিকাশের জন্য নাট্য উৎসব আয়োজন এবং বন্ধ থাকা সাংস্কৃতিক কেন্দ্রগুলো সংস্কারের কথাও জানান তিনি।

মেধা বিকাশ ও প্রণোদনা

আসন্ন বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ রচনা প্রতিযোগিতা আয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর পুরো শিক্ষাজীবনের দায়িত্ব সিটি করপোরেশন নেবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদেরও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শুক্রবার কোচিং বন্ধ রাখার বিষয়ে সেমিনার আয়োজন করে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে।

জলাবদ্ধতা নিরসন ও সবুজায়ন

জলাবদ্ধতা প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, অপরিকল্পিত নগরায়ন ও নালায় পলিথিন ফেলার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ডিএসসিসি ইতিমধ্যে ৩৪টি জলাবদ্ধতাপ্রবণ স্থান চিহ্নিত করেছে। অপরিশোধিত পানি সরাসরি নদীতে না ফেলে পরিশোধনের মাধ্যমে নিষ্কাশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা চলছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসক জোর দিয়ে বলেন, নগর পরিকল্পনায় শিশুদের মতামতকে প্রাধান্য দেওয়া জরুরি। শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের জন্য সবুজ পরিবেশ, খেলাধুলা ও মুক্তচর্চার সুযোগ নিশ্চিত করতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%