ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বার্সেলোনাই ছিল আমার প্রথম পছন্দ: রদ্রি


বার্সেলোনাই ছিল আমার প্রথম পছন্দ: রদ্রি

ম্যানচেস্টার সিটি ছেড়ে স্পেনের বিশ্বকাপজয়ী তারকা রদ্রি বার্সেলোনায় যোগদান করেছেন। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে চার বছরের চুক্তিতে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

রদ্রিকে দলে নিতে বার্সেলোনা ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রায় ৬ কোটি ৫০ লাখ পাউন্ডের ট্রান্সফার ফিতেতে সমঝোতায় পৌঁছেছিল। মঙ্গলবার রাতের চুক্তি সম্পন্ন হওয়ার পর নতুন ক্লাবে যোগদান করেন তিনি। ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

বার্সেলোনায় পৌঁছানোর পর রদ্রি জানিয়েছেন, কাতালান ক্লাবটির হয়ে খেলা তার স্বপ্ন ছিল। তিনি নতুন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ বড় বড় শিরোপা জয়ের লক্ষ্যটিও ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

চুক্তি স্বাক্ষরের পর রদ্রি বলেছেন, বার্সেলোনায় যোগ দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি ম্যানচেস্টার সিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, কঠিন সিদ্ধান্তের পরেও বার্সেলোনাই ছিল তার প্রথম পছন্দ।

২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে তৎকালীন ক্লাব রেকর্ড ৬ কোটি ২৮ লাখ পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন রদ্রি। এরপর থেকে পেপ গুয়ারিাদিওলার দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি।

সিটির হয়ে সাত মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯৮ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি এফএ কাপসহ মোট ১২টি বড় শিরোপা জিতেছেন।

তবে চোটের কারণে ক্যারিয়ারের কিছু কঠিন সময়ও পার করতে হয়েছে তাকে। ২০২৪-২৫ মৌসুমে তিনি হাঁটুর গুরুতর চোটের কারণে বড় একটি অংশ মাঠের বাইরে ছিলেন। পরবর্তী মৌসুমে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ মেলেনি তার।

আরও পড়ুন: তানজিন তিশার মামলার অধিকতর তদন্তের নির্দেশ সিআইডিকে

চোটের বাধা পেরিয়ে গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন রদ্রি। তিনি স্পেনের বিশ্বকাপজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন।

বিশ্বকাপের পরে রদ্রি পিঠে ছোট একটি অস্ত্রোপচার করিয়েছেন। এর ফলে বার্সেলোনার জার্সিতে তার অভিষেক কিছুটা পিছিয়ে যেতে পারে।

আগামী রবিবার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে হান্সি ফ্লিকের দল। এখন দেখার বিষয় হলো, শিরোপা ধরে রাখার অভিযানে রদ্রিকে কবে থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন: চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবইয়ের অনুমোদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের বিরুদ্ধে অরুণাচলে ভূখণ্ড দখলের অভিযোগ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


চীনের বিরুদ্ধে অরুণাচলে ভূখণ্ড দখলের অভিযোগ ভারতের

ভারতের অরুণাচল প্রদেশে চীনের বিরুদ্ধে নতুন করে ভারতীয় ভূখণ্ড দখল এবং টহল পয়েন্টে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

নরেন্দ্র মোদি সরকারের মিত্র আঞ্চলিক রাজনৈতিক দল ‘পিপলস পার্টি অব অরুণাচল’-এর চার সদস্যের একটি অনুসন্ধানী দলের প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এ নিয়ে নয়াদিল্লিতে তীব্র রাজনৈতিক ক্ষোভ তৈরি হয়েছে।

অনুসন্ধানী দলের প্রতিবেদন অনুযায়ী, আপার সুবানসিরি জেলার প্রত্যন্ত অঞ্চলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতীয় বাহিনী টহল দিতে পারে না। তবে এই সময়ে চীনা বাহিনী সেখানে সক্রিয় থাকে। দলের সহসভাপতি কালিং জেরাং জানান, স্থানীয়দের মতে ২০২৩ সালে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সংঘর্ষের পর ভারতীয় বাহিনী ‘শেরা-৫’ নামের একটি টহল পয়েন্ট ছেড়ে দেয়। এ নিয়ে স্থানীয় উপজাতীয় সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’ও সরকারি কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী গণমাধ্যমের প্রতিবেদনগুলোকে ‘ভুল এবং ভিত্তিহীন’ বলে দাবি করলেও, পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্ত পরিস্থিতি আমাদের বৃহত্তর দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থার ওপর প্রভাব ফেলবে। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নতুন উত্তেজনার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এই মুহূর্তে চীন-ভারত সীমান্ত পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল।

ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় অংশই বিতর্কিত। তথাকথিত প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়েও দুই দেশের মধ্যে মতানৈক্য রয়েছে। বিশ্লেষকদের মতে, ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফরের আগে এই অভিযোগ ভারত-চীন সম্পর্কে নতুন করে অস্বস্তি সৃষ্টি করতে পারে। দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিরোধের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্য গত এক দশকে দ্বিগুণের বেশি বেড়ে ১৫১.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত দুই দেশের সম্পর্ক ‘নিয়ন্ত্রিত প্রতিযোগিতা’ হিসেবেই থেকে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সরিষাবাড়ী

বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ এম


বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, আটক ১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে তাকে হাজীবাড়ী মোড় এলাকার কাছ থেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ওই ইউনিয়নের সেঙ্গুয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত সুরুজ খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন মাস্টার।

পুলিশ এবং ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গত ১৬ আগস্ট রাতে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা বাড়ির পাশের মোড়ে সালিশ বৈঠকে অবস্থান করছিলেন। এই সুযোগে অভিযুক্ত আনোয়ার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন।

প্রথমে শিশুটি কিছু বুঝতে পারেনি, তবে পরবর্তীতে ব্যথা অনুভব করলে বিষয়টি তার মা-বাবাকে জানায়। ঘটনাটি স্থানীয় মাতব্বরদের জানালে স্থানীয়রা আনোয়ারকে মঙ্গলবার রাতে হাজীবাড়ী মোড়সংলগ্ন ক্লাবে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে যখন আনোয়ার ঘটনা স্বীকার করেন, তখন স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, মেয়েকে ঘুম পাড়িয়ে সকলেই বাড়ির পাশে মোড়ে সালিশ বৈঠকে গিয়েছিলেন। ঘরে মেয়েকে একা পেয়ে প্রতিবেশী আনোয়ার তার মেয়েকে ধর্ষণ করেন। মেয়ের সঙ্গে যা ঘটেছে, তার বিচার চান তিনি।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ধর্ষণের কারণে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া শিশুর ডাক্তারি পরীক্ষা জন্য বুধবার (১৯ আগস্ট) সকালে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ইরানি কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ এম


দুই ইরানি কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা ফ্রান্সের

ফ্রান্স সরকার আগামী কয়েক দিনের মধ্যে দেশটিতে নিযুক্ত দুই ইরানি কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি বাস্তবায়নের জন্য প্যারিস প্রস্তুতি নিচ্ছে। গত জুলাই মাসে ইরানের দুই ফরাসি কূটনীতিকের ওপর হামলার ঘটনাকে অসহনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে ফরাসি সরকারের পক্ষ থেকে মঙ্গলবার (১৮ আগস্ট) এই পদক্ষেপটির ঘোষণা দেওয়া হলো।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানিয়েছেন যে, গত ১৯ জুলাই এই দুই ইরানি কূটনীতিকের ওপর একটি পরিকল্পিত হামলা সংঘটিত হয়েছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ফ্রান্সে অবস্থানরত ইরানি শিল্পী, বিজ্ঞানী এবং গবেষকদের পাশে দাঁড়ানো এবং মানবাধিকারের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ার ফলস্বরূপ তেহরান এই হামলার পরিকল্পনা করেছে বলে তার মন্তব্য।

এই প্রসঙ্গে সামাজিক মাধ্যম এক্স-এ তিনি আরো একটি পোস্ট দিয়ে উল্লেখ করেন যে, ২০২৬ সালের জানুয়ারির রক্তপাত এবং দমনপীড়ন ও সামরিক হামলার মধ্য দিয়ে ইরানের সাধারণ জনগণ মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এবং এরই মাঝে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তদন্ত চলাকালীন ওই দুই ফরাসি কূটনীতিক বিদেশি হস্তক্ষেপের সন্দেহে ইরানি গোয়েন্দাদের কাছে মুখোমুখি হয়েছেন। পরে তাদের পরিচয় নিশ্চিত করে ফরাসি রাষ্ট্রদূতের কাছে তাদের হস্তান্তর করা হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি এর আগে অভিযোগ করেছেন যে, মধ্যপ্রাচ্য ও গাজা সংকটের বিষয়ে ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশ দ্বিমুখী নীতি গ্রহণ করছে এবং ভণ্ডামি দেখাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন, নিরাপত্তা সংকট এবং পশ্চিম এশিয়ার অভ্যন্তরীণ উত্তেজনা যেন ফ্রান্স ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে ভঙ্গুর কূটনৈতিক টানাপোড়েনে রূপ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩২ এম


বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক

বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত স্থানীয় পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন মানের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেন।

এ বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের জন্য বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। উভয় দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা সৃষ্টি করার পাশাপাশি নতুন সহযোগিতার সুযোগ উন্মোচনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় উঠে আসে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা, জ্ঞান ও সাফল্যের মডেল বিনিময়।

এছাড়া, হসপিটালিটি বা আতিথেয়তা খাতে প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ এবং প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণ এবং যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সর্বশেষে, উভয় পক্ষ পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া গভীর করার ওপর গুরুত্বারোপ করে। এই ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। অন্যদিকে, মালয়েশিয়ার পক্ষ থেকে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক চুয়া চুন হুয়া, ট্যুরিজম মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রচার (এশিয়া ও আফ্রিকা) বিভাগের পরিচালক মাদাম নুওয়াল ফাদিলাহ কু আজমিসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই বৈঠকে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%