ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ডিসেম্বরে নেপালে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ


ডিসেম্বরে নেপালে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : আগামী ডিসেম্বরে নেপালে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ অনুষ্ঠিত হবে। এই তথ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে।

৪ ডিসেম্বর, ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক নেপাল ও ইতালির মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে প্লে-অফ রাউন্ড। একই সময়ে, মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে নামিবিয়া ও উগান্ডার মধ্যে মুখোমুখি হবে প্রতিযোগিতার অংশগ্রহণকারী দলগুলো।

বাকি চারটি দল হলো কানাডা, কুয়েত, জার্সি এবং সংযুক্ত আরব আমিরাত। মোট আটটি দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে শেষ চারটি জায়গার জন্য প্রতিযোগিতা করবে।

আরও পড়ুন: রোহিত ও কোহলির নতুন বিশ্ব রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে

১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে ইতিমধ্যে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জায়গা নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া আট দলের বাইরে, র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল দুটি হিসেবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্বে খেলবে।

এছাড়া, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ থেকে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান বাছাইপর্বে জায়গা করে নিয়েছে।

১০ দলের বৈশ্বিক বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দলগুলো সুপার সিরিজে খেলবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রোহিতরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিত ও কোহলির নতুন বিশ্ব রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


রোহিত ও কোহলির নতুন বিশ্ব রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় দুই সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।

দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা করেছেন মাত্র ২৩ রান। অপরদিকে, বিরাট কোহলি করেছেন ৭ রান। দুজনেই আজকের ম্যাচে ব্যর্থ হলেও, তারা এই ম্যাচে বিশ্ব রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বাধিক ছক্কা রোহিতের

নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েছেন রোহিত। ওয়েলিংটনে ২৩ রানের ইনিংসে তিনি জোড়া ছক্কা মারেন। এই দুই ছক্কা হাঁকানোর মাধ্যমে ‘হিটম্যান’ খ্যাত এই তারকা সকলকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে পৌঁছে যান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে রোহিত ৫১টি ছক্কা মেরেছেন। এতদিন এই রেকর্ডটি পাকিস্তানের কিংবদন্তি শহিদ আফ্রিদির দখলে ছিল। পাকিস্তানের সাবেক অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ ম্যাচে ৫০টি ছক্কা মেরেছিলেন। রোহিত তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।

তিন নম্বরে আছেন ওয়েষ্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেল, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০টি ওয়ানডে ম্যাচে ৪৫টি ছক্কা হাঁকিয়েছেন। ছয় নম্বরে বিরাট কোহলি রয়েছেন, যিনি ৩৮ ম্যাচে ২৯টি ছক্কা মেরেছেন। ১০ নম্বরে রয়েছেন শচীন টেন্ডুলকার, যিনি ২৬টি ছক্কা মেরেছেন এবং এর জন্য ৪২টি ম্যাচ খেলেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বাধিক রান কোহলির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন কোহলি। তার জন্য এই ম্যাচে মাত্র ১ রান প্রয়োজন ছিল। কোহলি আজ করেছেন ৭ রান। কিউয়িদের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ৩৮ ম্যাচে ৭টি সেঞ্চুরি এবং ১১টি ফিফটির সাহায্যে ১৯৭৭ রান করেছেন বিরাট কোহলি।

এতদিন এই রেকর্ডটি অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের দখলে ছিল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছেন। তিন নম্বরে রয়েছেন শচীন, যিনি ৪২ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭৫০ রান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘাটাইলে মেছোবাঘের আতঙ্কে শতাধিক পরিবার, স্থানীয়দের মধ্যে ভীতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


ঘাটাইলে মেছোবাঘের আতঙ্কে শতাধিক পরিবার, স্থানীয়দের মধ্যে ভীতি

টাঙ্গাইলের ঘাটাইলে মেছোবাঘের আতঙ্কে রয়েছে শতাধিক পরিবারের মানুষ।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে, উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে, বাড়ির পাশের ঝোপঝাড়ে দেখা মেলে দুই মেছোবাঘ আকৃতির বন্যপ্রাণী।

লোকজন মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর, তারা জড়ো হলে প্রাণী দুটি পালিয়ে যায়। মেছোবাঘ আকৃতির প্রাণী দুটি এখনো ধরাছোঁয়ার বাহিরে থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ছাড়া, হারুন নামের এক কিশোর মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত উৎসুক জনতা ওই ঘন জঙ্গলের পাশে ভিড় জমান।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে দুটি মেছোবাঘ উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা এলাকায় চলাফেরা করছিল। মেছোবাঘ দুটি এলাকার অনিকনগর পার্কের পশ্চিম পাশে বারেকের বাড়ির পাশে ঝোপঝাড়ে দেখা যায়।

স্থানীয় আব্দুল বারেক বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে বাঘ দুটি আমার বাড়ির পশ্চিম পাশে ঘন জঙ্গল থেকে বাইরে এসে শুয়ে থাকতে দেখি। পরে দুটি বাঘ উচ্চস্বরে গর্জন করতে থাকে। বাঘের গর্জনে সামনে গিয়ে কেউ আক্রমণ করতে পারে এমন আশঙ্কা তৈরি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকাহ্ রেজিস্ট্রারদের কর্মএলাকা অবসর পর্যন্ত বহাল রাখার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


নিকাহ্ রেজিস্ট্রারদের কর্মএলাকা অবসর পর্যন্ত বহাল রাখার দাবি

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নিকাহ্ রেজিস্ট্রাররা দাবি করেছেন, নিয়োগের সময় নির্ধারিত কর্মএলাকা অবসর পর্যন্ত বহাল রাখা উচিত। তাঁরা কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বিভক্তির উদ্যোগ বন্ধ করার এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় নিকাহ্ নিবন্ধক ঐক্যজোটের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তৃণমূল নিকাহ্ রেজিস্ট্রারদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্যজোটের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, সারাজীবনের শ্রম, মেধা ও সম্মান দিয়ে গড়ে তোলা কর্মক্ষেত্র থেকে কাজীদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। অতীতে একই ইউনিয়ন ও ওয়ার্ডে একাধিক নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগের ফলে অনেক কাজী অর্থনৈতিক সংকটে পড়েছেন। নতুন করে কর্মরত কাজীদের নিয়োগকালীন কর্মএলাকা বিভক্ত করে একাধিক কাজী নিয়োগ করা হলে হাজারো পরিবার জীবিকার সংকটে পড়বে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাতীয় নিকাহ্ নিবন্ধক ঐক্যজোটের আহ্বায়ক, বাংলাদেশ কাজী সমিতির সভাপতি ও পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ডক্টর এ এস এম কাদের কিবরীয়া বলেন, "কাজীরা কোনো দয়া বা অনুগ্রহ চান না; তাঁরাও এ দেশের নাগরিক। তাঁদের কর্মক্ষেত্র ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিয়োগের সময় যে এলাকা কাজীদের কর্মএলাকা হিসেবে নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, তা অবসর পর্যন্ত বহাল রাখতে হবে। একজন কাজীর কর্মক্ষেত্র কেড়ে নেওয়া মানে একটি পরিবারকে অনিশ্চয়তা ও অনাহারের মুখে ঠেলে দেওয়া।"

তিনি আরো বলেন, "কাজীদের সঙ্গে বিএনপি সরকার এ ধরনের ফ্যাসিবাদী আচরণ করবে না বলে তাঁদের দৃঢ় বিশ্বাস। বর্তমানে যেসব এলাকায় নিকাহ্ রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে, সেখানে নতুন নিয়োগের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। কিন্তু কর্মরত কাজীদের অধিক্ষেত্র বিভক্ত করে একাধিক কাজী নিয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

বক্তারা জানান, কাজীদের জীবিকা নিয়ে ছিনিমিনি না খেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কর্মরত কাজীদের জীবিকার শেষ আশ্রয়টুকু কেড়ে না নিয়ে নিয়োগকালীন অধিক্ষেত্র অবসর পর্যন্ত বহাল রাখতে হবে।

মানববন্ধনে নিকাহ্ রেজিস্ট্রারদের যোগ্য সন্তানদের সরাসরি নিয়োগের বিধান প্রণয়ন, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি এবং অস্থায়ী নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগের বিশেষ বিধান বাতিলের দাবিও জানানো হয়।

এ সময় আওয়ামী লীগ নেতা ও পল্টনের কাজী ইকবালের বিরুদ্ধে আওয়ামী লীগের ইন্ধনে জাতীয়তাবাদী ওলামা দলের কয়েকজন নেতার সঙ্গে যোগসাজশ করে ভিন্ন ব্যানারে কর্মসূচি ও তৎপরতা চালানোর অভিযোগ তোলেন বক্তারা। তাঁদের দাবি, এ ধরনের তৎপরতার মাধ্যমে আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরির অপচেষ্টা চলছে, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করছে।

মানববন্ধনে জাতীয় নিকাহ্ নিবন্ধক ঐক্যজোটের মুখপাত্র ও সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর, সদস্যসচিব কাজী মোজাম্মেল হোসাইন, যুগ্ম আহ্বায়ক কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদ, সমন্বয়ক কাজী মো. শামসুল হক, মোহাম্মদ আব্দুর রব, কাজী মাছিহুর রহমান, কাজী হাবিবুল্লাহ সাচ্চু, কাজী মহিউদ্দিন সাদেক, কাজী মেহেদী হাসান নোমান ও কাজী আবুল বশরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের সানইয়ার পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখলেন বিদেশি গণমাধ্যম প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


চীনের সানইয়ার পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখলেন বিদেশি গণমাধ্যম প্রতিনিধিরা

চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী পর্যটননগরী সানইয়াতে ছয় দিনব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যম ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের গণমাধ্যম প্রতিনিধি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারা অংশগ্রহণ করেন। সফরের সময় তাঁরা শহরটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন অবকাঠামো এবং দ্রুত বিকাশমান অর্থনীতির বিভিন্ন দিক ঘুরে দেখেন।

‘গো চায়না ইন সানইয়া’ শীর্ষক এই কর্মসূচিটি ১ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত হয় এবং এটি ‘হোয়াই চায়না: ডিসকভারিং সানইয়া’ আন্তর্জাতিক যোগাযোগ উদ্যোগের অংশ ছিল। এর মূল উদ্দেশ্য ছিল বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের কাছে চীনের সাংস্কৃতিক বৈচিত্র্য, আধুনিক উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যটনের সম্ভাবনা তুলে ধরা।

সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনায় এবং সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সানইয়া পৌর সাইবারস্পেস প্রশাসন সহায়তা করে এবং বাস্তবায়নের দায়িত্বে ছিল চায়না নিউজ সার্ভিস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রুপের হাইনান শাখা।

সানইয়ার লুহুইতোউ পর্যটন এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির সানইয়া পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও প্রচার বিভাগের প্রধান লি ইংটিং আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি বলেন, "পাহাড়, সমুদ্র ও আধুনিক নগরজীবনের সমন্বয়ে গড়ে ওঠা সানইয়া আন্তর্জাতিক পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হচ্ছে।" তিনি বিদেশি গণমাধ্যমকর্মীদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে সানইয়ার সংস্কৃতি, উন্নয়ন ও স্থানীয় মানুষের জীবনযাত্রার গল্প বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান।

ছয় দিনের সফরে প্রতিনিধিরা সানইয়ার লুহুইতোউ, থিয়ানইয়া হাইচিয়াও, দাসিয়াওদোংথিয়ান, উঝিঝৌ দ্বীপ ও ওয়েস্ট আইল্যান্ডসহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, প্রবালপ্রাচীর রক্ষা এবং শতবর্ষী জেলেপল্লির ঐতিহ্যবাহী জীবনযাত্রা সম্পর্কে ধারণা লাভ করেন।

ঐতিহাসিক ইয়াঝৌ প্রাচীন নগরী পরিদর্শনের সময় তাঁরা ঐতিহ্যবাহী স্থাপত্য, প্রাচীন সড়ক, স্থানীয় লোকসংগীত ও লি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। এ ছাড়া সানইয়া বে, দাদংহাই পর্যটন এলাকা, থিয়ানইয়া টাউন ও ফার্স্ট মার্কেট ঘুরে স্থানীয় খাদ্যসংস্কৃতি, বাজারব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হন।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সানইয়ার আধুনিক পর্যটন ও বাণিজ্যিক অবকাঠামো পরিদর্শন। প্রতিনিধিরা হংঝৌ আন্তর্জাতিক ইয়ট মেরিনা, আটলান্টিস সানইয়া, সিডিএফ সানইয়া আন্তর্জাতিক শুল্কমুক্ত বিপণিবিতান এবং সানইয়া জয় সিটি ঘুরে দেখেন। এসব স্থানে তাঁরা আন্তর্জাতিক পর্যটন, সামুদ্রিক বিনোদনশিল্প, শুল্কমুক্ত কেনাকাটা এবং পর্যটকবান্ধব সেবার সম্প্রসারণ সম্পর্কে জানতে পারেন।

সানইয়া জয় সিটিতে বিদেশি পর্যটকদের কেনাকাটা ও অন্যান্য সেবা গ্রহণ সহজ করতে নেওয়া ‘পাসপোর্ট ফ্রেন্ডলি’ উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করা হয়।

পাশাপাশি তাঁরা সানইয়ার আন্তর্জাতিক ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাইনান লুজান পর্যটন বিশ্ববিদ্যালয় এবং ইউছাই পরিবেশ অঞ্চলের ডুরিয়ান ভ্যালি পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্য পর্যটন, আন্তর্জাতিক মানের আতিথেয়তা শিক্ষা এবং কৃষিভিত্তিক পর্যটন বিকাশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা লাভ করেন।

হাইনান মুক্ত বাণিজ্যবন্দর কাঠামোর আওতায় সানইয়ার আন্তর্জাতিক যোগাযোগ ও পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন ভিসামুক্ত প্রবেশব্যবস্থার আওতায় ৮৮টি দেশের নাগরিক সুবিধা পান। কিছু ক্ষেত্রে একজন যাত্রীর অভিবাসন প্রক্রিয়া মাত্র ৩০ সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব বলেও জানানো হয়।

বর্তমানে সানইয়ার সঙ্গে বিদেশের বিভিন্ন গন্তব্যে ৩৮টি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান রুট চালু রয়েছে। এসব রুট দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য এশিয়া ও রুশভাষী অঞ্চলসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পর্যটনবাজারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।

চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত সানইয়া ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক আগমন ও বহির্গমনকারী যাত্রী চলাচল ১০ লাখ ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৩ শতাংশ বেশি।

সফরে অংশ নেওয়া আন্তর্জাতিক প্রতিনিধিরা স্থানীয় জনগোষ্ঠী, ব্যবসাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শনের মাধ্যমে চীনের উন্নয়ন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

ছয় দিনের এই কর্মসূচি সানইয়ার পর্যটন সম্ভাবনা বিশ্ববাসীর সামনে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%