রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৫৪ পি.এম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিকুজ্জামান সুজনের (৩৮) মুক্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অন্তত ৩০০ শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। এই ঘটনার ফলে বিদ্যালয় চত্বর ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক খালিকুজ্জামান সুজন নিজস্ব কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াতেন। সেখানে দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। প্রথমে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিচার দাবি করলেও পরে জানা যায়, ভুক্তভোগী দাবি করা ছাত্রী এবং তার পরিবার এই অভিযোগটি সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। মেয়েকে নিয়ে মিথ্যা অপবাদ ও পরিবারের মান সম্মান ক্ষুণ্ন হওয়ার কারণে মেয়ের বাবা থানায় উল্টো লিখিত অভিযোগ দায়ের করেন।
ছাত্রীর পরিবারের অভিযোগ না থাকা সত্ত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে গত শুক্রবার রাতে শিক্ষক সুজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং শনিবার তাকে আদালতে হাজির করা হয়।
শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ হিসেবে দাবি করে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে ও অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া বলেন, "আমি মামলার বাদীর বিষয়ে কিছুই জানি না। থানায় ধরে নিয়ে আমাকে শুধু একটি সই দিতে বলেছে।"
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমান জানান, প্রধান শিক্ষক সপ্রণোদিত হয়ে মামলা করেছেন। এখন তিনি মিথ্যা বলছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিসিপিএ’র ব্যবস্থাপক (গবেষণা ও উন্নয়ন) দেবাশীষ চ্যাটার্জি উল্লেখ করেছেন যে, দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে। এই কারণে কৃষকদের জন্য ফসলে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহারে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। তিনি আরও পরামর্শ দেন যে সবজি পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে বাজারজাত করা উচিত।
রবিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লায় অনুষ্ঠিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। কুমিল্লা শহরতলীর রঘুপুর এলাকার একটি মিলনায়তনে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ) স্থানীয় কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণের সময় উত্তম কৃষি চর্চার সাধারণ ধারণা, কৃষি কাজের ঝুঁকি বিশ্লেষণ, বালাইনাশকের দায়িত্বশীল ব্যবহার, কৃষি সংক্রান্ত ওয়েবসাইটের ব্যবহার, ফসলের বালাই শনাক্তকরণ এবং কৃষি যন্ত্রপাতির ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার নার্গিস আক্তার উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে বিসিপিএ'র কুমিল্লা সেক্টরের আহবায়ক হারুনুর রশিদ এবং সদস্য সচিব হামিদুল ইসলাম বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষক প্রশিক্ষণ এবং হিট প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময়ের সময় বিশ্বব্যাংকের হায়ার এডুকেশন, অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিভিন্ন উপপ্রকল্পের প্রস্তাব, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকদের প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণালব্ধ জ্ঞানকে শিল্প ও সমাজের প্রয়োজনে কার্যকরভাবে ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ওপর তিনি জোর দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের এডুকেশন অ্যান্ড স্কিলস গ্লোবাল প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান ও আবদুল হাই সোফিজাদা এবং পরামর্শক ড. মাহমুদ-উল-হক ও এস এম হাফিজ আল মামুন। এছাড়া হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউটিটিএ-এর ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ বিশ্বব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা এতে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের ‘মিড-টার্ম রিভিউ মিশন’-এর কার্যক্রম গত ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছে, যা আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। এই কার্যক্রমের অংশ হিসেবেই বিশ্বব্যাংকের প্রতিনিধিদলটি ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন বৃক্ষের চারা এবং বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালের বীজ রোপণ করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। আনসার-ভিডিপির এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশসচেতনতা আরও বাড়বে।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নিতে হবে।
এ কর্মসূচিতে উপজেলা প্রশিক্ষিকা অর্পনা রানী ঘোষ, লাল মিয়া, বুড়াইচ ইউনিয়ন দলনেতা মো. আনিসুর শেখ, আমিন শিকদার, শংকরী রানী ঠাকুর, ওয়ার্ড দলনেতা সাগর শেখ ও সজিব শেখ, ওয়ার্ড দলনেত্রী সাথী খানম, রুমি শাপলা ও নাছিমাসহ আনসার-ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছ ও তালের বীজের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে নিজেদের কম্বিনেশন পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই ম্যাচে ভারতীয় দুই ব্যাটিং মাস্টার রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘটেছে, পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা নমন ধীরও অভিষেক ঘটিয়েছেন।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল।
টসের পর গিল বলেন, ‘পিচ দেখে বেশ ভালো হচ্ছে। আলো জ্বললে আরও ভালো ব্যাটিং করা যাবে। আমরা এখানে রান তাড়া করতেই চাইব। আমাদের দলে চার জন বোলার এবং দু’জন অলরাউন্ডার। ভালো একটা কম্বিনেশন।’
বিশ্বকাপের প্রস্তুতিতে এই ম্যাচগুলি গুরুত্বপূর্ণ উল্লেখ করে গিল বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনো বিশটির বেশি ম্যাচ বাকি। কোন কম্বিনেশনটা আমাদের জন্য সবচেয়ে ভালো, সেটা দেখে নেওয়ার এটাই সময়। যে দল বা খেলোয়াড়দের নিয়ে এগোব, তাদের যথেষ্ট সময় দিতে হবে।’
ক্যারিবিয়ান সিরিজের প্রস্তুতি নিয়ে গিল জানান, প্রস্তুতি ভালোই হয়েছে। তবে বৃষ্টি কিছুটা সমস্যা সৃষ্টি করেছে।
ভারতীয় দলে বিশেষ কোনো চমক নেই। জশপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়াররা এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে অবস্থান করছেন। প্রত্যাশামতো দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। নতুন সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কওয়াড়। অলরাউন্ডার হিসেবে নমন ধীর, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি রয়েছেন। পেসারদের মধ্যে গুর্নুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণ এবং ‘চায়নাম্যান স্পিনার’ কুলদীপ যাদবও দলে অন্তর্ভুক্ত।
অন্যদিকে, ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের মন্তব্য, ‘টস জিতলে আমরা আজ আগে ব্যাটই করতাম। সময়ের ব্যবধানটা খুব কম। সিপিএলের থেকে পরিস্থিতিটা আলাদা।’
ভারতের বিরুদ্ধে খেলার সুযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে হোপ জানান, ‘আমরা বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে খেলতে চাই। ছেলেরা ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছে। প্রথম ইনিংসে বড় রান তুলে ভারতকে চাপে ফেলা।’
কেরলের এই শহরটি তার বেশ পছন্দ হয়েছে। হোপের কথায়, ‘এই শহরটাকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছের জায়গা বলেই মনে হচ্ছে।’
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, ঋতুরাজ গায়কওয়াড়, কেএল রাহুল (উইকেটরক্ষক), নমন ধীর, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, গুর্নুর ব্রার, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: জন ক্যাম্পবেল, জাস্টিন গ্রিভস, কেসি কার্টি, শাই হোপ (উইকেটরক্ষক, অধিনায়ক), আমির জাঙ্গু, জুয়েল অ্যান্ড্রু, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, গুডাকেশ মোতি, আলজারি জোসেফ, জেইডেন সিলস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ