ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু, ভর্তি ১৭৯ রোগী


রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু, ভর্তি ১৭৯ রোগী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামের এক নারীর মৃত্যু ঘটেছে। বুধবার সকালে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত বুলু রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৬০ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কুতুবদিয়ায় একদিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচজন কমেছে। তবে চিকিৎসকরা ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে পারস্পরিক আস্থার ভিত্তিতে ব্যবসায়িক প্রবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে পারস্পরিক আস্থার ভিত্তিতে ব্যবসায়িক প্রবৃদ্ধি

বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক (আরএমজি) উৎপাদনকেন্দ্র হিসেবে একটি শক্ত অবস্থান ধরে রেখেছে। এই খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে এবং স্থানীয় হাজার হাজার শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা করছে। তবে, এই খাতের টেকসই প্রবৃদ্ধি কেবল বিপুল উৎপাদন সক্ষমতা কিংবা সাশ্রয়ী ব্যয়ের ওপর নির্ভর করে না; বরং এর পেছনে সবচেয়ে বড় ভিত্তি হিসেবে কাজ করছে দেশীয় কারখানা ও আন্তর্জাতিক বায়ারদের মধ্যে সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্ক এবং পারস্পরিক আস্থা।

বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক খাতে অষ্টম বৃহত্তম সোর্সিং পার্টনার হিসেবে কাজ করছে আন্তর্জাতিক ফ্যাশন রিটেইলার 'এলপিপি'। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত দেশীয় বিভিন্ন পোশাক সরবরাহকারীদের অভিজ্ঞতা তুলে ধরছে যে, কীভাবে দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতা ব্যবসায়িক প্রবৃদ্ধি, নতুন বিনিয়োগ এবং দক্ষ জনসম্পদ তৈরিতে অবদান রাখছে।

ডিজাইন এইস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ এই সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, "আন্তর্জাতিক বায়ারদের সাথে দীর্ঘমেয়াদি ও খোলামেলা সম্পর্ক আমাদের কারখানা পরিচালনায় ব্যাপক স্থিতিশীলতা এনে দেয়।" তিনি আরও বলেন, "এটি আমাদের টেকনিক্যাল সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করার এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তোলে।"

ব্যবসায়িক সুসম্পর্ক ও নিবিড় যোগাযোগ যে কারখানার সার্বিক কাজের মান বাড়ায়, তার প্রমাণ আইরিস ডিজাইন লিমিটেড। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে তারা উন্নত উৎপাদন পরিকল্পনা, কার্যদক্ষতা বৃদ্ধি ও শ্রমিকদের পেশাগত মান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে আইরিস গ্রুপ বিডি-এর মার্কেটিং অ্যান্ড কমপ্লায়েন্স ডিরেক্টর মারজিয়া এম. অধরা জানান, "প্রতিকূল পরিস্থিতিতে পারস্পরিক বোঝাপড়া এবং একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতাই দীর্ঘস্থায়ী আস্থা গড়ে তুলেছে।"

দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য সম্পর্কের সুবাদে তৈরি পোশাক খাতে বৈপ্লবিক পরিবর্তনের উদাহরণ গড়েছে 'বেল বটম'। এলপিপি-এর সঙ্গে টানা ব্যবসায়িক অংশীদারিত্ব প্রতিষ্ঠানটিকে নতুন প্রযুক্তি ও গ্রিন উৎপাদনে উৎসাহিত করেছে। বেল বটম-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান বলেন, "একটি স্থিতিশীল ব্যবসায়িক সম্পর্ক আমাদের কারখানাগুলোতে অটোমেশন, ইএসজি (পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতা) উদ্যোগ এবং কর্মী উন্নয়নে বিনিয়োগের বড় সুযোগ করে দিয়েছে।" এর ফলে, মাত্র ৩ জনের দল থেকে তাদের প্রতিষ্ঠানটি আজ ৩৫০ জন বিশেষজ্ঞ কর্মীর এক বিশাল পরিবারে পরিণত হয়েছে এবং ব্যবসার পরিধি বেড়েছে প্রায় ৯০ গুণ।

বৈশ্বিক বাজার পরিস্থিতি, বৈশ্বিক সাপ্লাই চেইনের সংকট এবং কাঁচামালের দামের তীব্র ওঠানামার মতো কঠিন সময়েও এই ধরনের অংশীদারিত্ব দেশীয় কারখানাগুলোকে টিকিয়ে রাখতে ঢাল হিসেবে কাজ করছে। চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, "সব সময় বাজার একরকম থাকে না।" তিনি আরও বলেন, "বাজারের ক্রমাগত অস্থিরতা ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতাই আমাদের কারখানাগুলোর স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।"

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মন্তব্য করছেন যে, বৈশ্বিক ফ্যাশন ব্যবসায় কেবল বাণিজ্যিক ক্রয়াদেশ (পারচেজ অর্ডার) সবচেয়ে বড় অর্জন হতে পারে না। বরং, পারস্পরিক আস্থা, প্রযুক্তিগত বিনিয়োগ এবং ব্যবসার দীর্ঘমেয়াদি সম্প্রসারণই আসল মূলধন। এলপিপি ও বাংলাদেশের কারখানাগুলোর এই যৌথ অভিজ্ঞতা প্রমাণ করে যে, বৈশ্বিক ফ্যাশনশিল্পে দীর্ঘমেয়াদি আস্থাও এখন ফাইনান্সিয়াল ক্যাপিটাল বা অর্থের মতোই গুরুত্বপূর্ণ এক সম্পদে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ৪৫ বছর বন্ধ গ্যাসকূপ পুনঃখননের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


নাটোরে ৪৫ বছর বন্ধ গ্যাসকূপ পুনঃখননের দাবি

স্থানীয়রা নাটোরের সিংড়া উপজেলার গ্যাসকূপটি পুনঃখননের দাবি জানাচ্ছেন, যা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বারা খনন করা হয়েছিল। ৪৬ বছর আগে খনন করা এই কূপ থেকে খনিজ পদার্থ উত্তোলন করা হলেও, জিয়াউর রহমানের মৃত্যুর দুই দিনের মাথায় কূপটি বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গ্যাসকূপের জায়গায় বর্তমানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তাই এলাকাবাসীরা দ্রুত পরীক্ষা করে গ্যাসকূপটি চালু করার দাবি জানাচ্ছেন। জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী দ্রুত পুনঃপরীক্ষার কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন।

১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্যাসকূপ খননের উদ্যোগ গ্রহণ করেন। তিনটি স্থানে পরীক্ষা করার পর চলনবিলের কান্তানগর-কয়রাবাড়ির এই স্থান থেকে গ্যাস উত্তোলনের জন্য কূপটি স্থাপন করা হয়। ১৯৮১ সালে কূপটি থেকে অপরিশোধিত তেল উত্তোলন শুরু হয়। ওই বছর জিয়াউর রহমানের মৃত্যুর দুই দিনের মাথায় কূপটি পাথরের সাথে হাজার হাজার বস্তা সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়া হয়। ১৯৮১ সালের পর থেকে খনিজ পদার্থ উত্তোলনের জন্য সরকারের অধিগ্রহণ করা প্রায় ৩ একর জমি দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও, বর্তমানে সেগুলো দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। তাই স্থানীয়রা বর্তমান সরকারের কাছে কূপটি পুনঃখননের দাবি জানাচ্ছেন।

আব্দুর রশিদ জানান, ৮১ সালে এই কূপ থেকে কালো তেল উত্তোলন করা হয়েছিল। তেল উত্তোলন শুরু হওয়ার ২/১ দিনের মাথায় অনেক তেল চলনবিলে ছড়িয়ে পড়ে। চলনবিলের যে অংশে তেল ছড়িয়ে পড়েছিল, সেই অংশের মাছ মারা গিয়েছিল।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর দুই দিনের মাথায় ৪টি হেলিকপ্টার প্রথমে আসে। বিদেশি লোকজন কিছু কাজ করেন। এরপর শত শত টন সিমেন্ট ও হাজার হাজার বস্তা সিমেন্ট দিয়ে দুই দিন ধরে কূপটি বন্ধ করা হয়।

লেলিন মন্তব্য করেন, যদি জিয়াউর রহমান জীবিত থাকতেন, তবে কূপটি বন্ধ হতো না। ৭৯ সালে জিয়াউর রহমান কূপ খনন দেখতে এসেছিলেন এবং সে সময় চলনবিলে ৪ ধরনের খনিজ পদার্থ আছে বলে জানানো হয়েছিল।

আসমা জানান, তারা খনন করা কূপের জায়গা কিনে কূপের ওপর বাড়ি নির্মাণ করেছেন এবং এটি সরকারি জায়গা নয় বলে দাবি করেন।

জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্যাসফিল্ডটি পুনরায় পরীক্ষা করা হবে এবং পরীক্ষার পর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সিংড়ার এই গ্যাস ফিল্ড থেকে খনিজ পদার্থ উত্তোলনের দায়িত্ব দেয়া হয়েছিলো রোমানিয়ার একটি কোম্পানিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে পথচারী ও বিক্রেতাদের ওপর গাড়ির ধাক্কায় ৩ নিহত, ৩ গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


লস অ্যাঞ্জেলেসে পথচারী ও বিক্রেতাদের ওপর গাড়ির ধাক্কায় ৩ নিহত, ৩ গুরুতর আহত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড এলাকায় গাড়ি পথচারী ও রাস্তার বিক্রেতাদের ওপর উঠে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে গাড়ির চালকও অন্তর্ভুক্ত।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে নর্থ হলিউড মেট্রো স্টেশনের নিকটে ল্যাঙ্কারশিম বুলেভার্ডে এই দুর্ঘটনাটি ঘটে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ ও দমকল বিভাগ হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি এসইউভি গাড়ি ফুটপাতের ওপর উঠে গিয়ে পথচারী ও রাস্তার বিক্রেতাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। আহত অপর দুই পথচারী ও গাড়ির চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, হতাহতদের মধ্যে রাস্তার বিক্রেতা ও পথচারীরা রয়েছেন। তিনি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। মেয়র আরও জানান, সংশ্লিষ্ট বিভাগগুলো পরিস্থিতি মোকাবিলা ও তদন্তে কাজ করছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ পরীক্ষা করা হবে। পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি যে, গাড়িটি দুর্ঘটনাবশত পথচারীদের ওপর উঠে গিয়েছিল, নাকি এটি একটি ইচ্ছাকৃত ঘটনা ছিল।

ঘটনাস্থলের আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের একটি এসইউভি ফুটপাতের ওপর একটি ছাউনির নিচে দুমড়েমুচড়ে পড়ে রয়েছে। দুর্ঘটনার পর সেখানে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে ও মাতৃত্বকে অবহেলা করতে শিখিয়ে পুরো প্রজন্মকে হতাশ করেছে নারীবাদ: পেট্রোনেলা ওয়াট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


বিয়ে ও মাতৃত্বকে অবহেলা করতে শিখিয়ে পুরো প্রজন্মকে হতাশ করেছে নারীবাদ: পেট্রোনেলা ওয়াট

ব্রিটিশ কলামিস্ট পেট্রোনেলা ওয়াটের মতে, ক্যারিয়ার এবং আর্থিক স্বাধীনতাকে প্রাধান্য দিতে গিয়ে বিয়ে ও মাতৃত্বের মতো বিষয়গুলোকে অবহেলা করতে শিখেছেন নারীরা। তিনি তার জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, নারীবাদের প্রচলিত কিছু ধারণা তার প্রজন্মের নারীদের ভুল পথে পরিচালিত করেছে। তবে তার এই বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

নারীর অধিকার, স্বাধীনতা ও কর্মক্ষেত্রে সমান সুযোগের দাবিতে নারীবাদী আন্দোলন দীর্ঘদিন ধরে সোচ্চার। কিন্তু ব্রিটিশ লেখিকা পেট্রোনেলা ওয়াটের মতে, এই আন্দোলনের কিছু ধারণা নারীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রত্যাশিত ফল বয়ে আনতে পারেনি।

পঞ্চাশের কোঠায় থাকা ওয়াট নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, নারীবাদ তার প্রজন্মকে হতাশ করেছে। তিনি বলেন, “নারীবাদ আমাকে হতাশ করেছে, হতাশ করেছে আমার পুরো প্রজন্মকে।”

ডেইলি মেইলে প্রকাশিত নিবন্ধটির শিরোনাম ছিল ‘ফেমিনিজম হ্যাজ লেফট মিডল-এজড উইমেন লাইক মি সিঙ্গেল, চাইল্ডলেস অ্যান্ড ডিপ্রেসড’। লেখায় তিনি নিজের জীবনের পাশাপাশি সমবয়সি কয়েকজন নারী বন্ধুর অভিজ্ঞতাও তুলে ধরেন।

তিনি জানান, প্রতি সোমবার লন্ডনের একটি রেস্তোরাঁয় তার কয়েকজন নারী বন্ধুর সঙ্গে দেখা হয়। তাদের সবাই প্রায় পঞ্চাশ বছর বয়সি, উচ্চশিক্ষিত এবং পেশাগতভাবে প্রতিষ্ঠিত। কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে একটি অভিন্ন বাস্তবতা রয়েছে—তাদের কেউই বিবাহিত নন, কারো সন্তান নেই।

ওয়াটের মতে, পেশাগত সাফল্য ও শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে একধরনের শূন্যতা কাজ করে। জীবনের এই পর্যায়ে এসে তারা উপলব্ধি করছেন, কর্মজীবনে সফল হওয়ার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও পরিবার গড়ে তোলার বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল।

নিজের শৈশব ও বেড়ে ওঠার সময়কার অভিজ্ঞতা তুলে ধরে ওয়াট লিখেছেন, কৈশোর থেকেই তিনি নারীবাদী চিন্তাধারার সঙ্গে পরিচিত হন। তার এক খালা নারীর অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি নারীবাদী চিন্তাবিদ গ্লোরিয়া স্টেইনেম ও সিমোন দ্য বোভোয়ারের বই উপহার পেয়েছিলেন।

তিনি অভিযোগ করেন, সে সময়ের নারীবাদী চিন্তাধারায় নারীদের পুরুষের মতো আচরণ করতে এবং বিয়ে ও প্রচলিত পারিবারিক জীবনকে কম গুরুত্বপূর্ণ ভাবতে উৎসাহিত করা হতো। লেখিকার দাবি, তার স্কুলজীবনেও এর প্রভাব ছিল। বিয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করাকে নেতিবাচকভাবে দেখা হতো। তার এক বান্ধবীর অভিজ্ঞতা তুলে ধরে ওয়াট জানান, বিয়ের পোশাকের একটি ম্যাগাজিন দেখার কারণে এক শিক্ষক তাকে বিদ্রুপ করেছিলেন। ওই শিক্ষকের ধারণা ছিল, শিক্ষিত নারীদের বিয়ে বা সংসারের পরিবর্তে বুদ্ধিবৃত্তিক কাজে মনোযোগী হওয়া উচিত।

ওয়াটের ভাষ্য অনুযায়ী, তাদের প্রজন্মের অনেক নারীকে এমনভাবে গড়ে তোলা হয়েছিল, যেন সংসার ও মাতৃত্ব নারীর স্বাধীনতা এবং পেশাগত সাফল্যের পথে বাধা।

নিজের এক বান্ধবীর অভিজ্ঞতা তুলে ধরে ওয়াট লিখেছেন, নারীবাদী শিক্ষার প্রভাবে ওই নারী প্রচলিত নারীসত্তাকে পুরুষের তৈরি একটি নিয়ন্ত্রণমূলক ধারণা হিসেবে দেখতে শুরু করেছিলেন। এর ফলে পুরুষদের প্রতি তার মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয় এবং একপর্যায়ে তিনি সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও দূরত্ব বজায় রাখতে থাকেন।

ওই বান্ধবীর ভাষ্য উদ্ধৃত করে ওয়াট লেখেন, নারীবাদ তাকে এমনভাবে ভাবতে শিখিয়েছিল যে পুরুষের সঙ্গে সম্পর্ক কিংবা প্রচলিত নারীত্বের প্রকাশ মানেই যেন নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়া। এখন জীবনের এই পর্যায়ে এসে তিনি নিজের সেই দৃষ্টিভঙ্গির জন্য আক্ষেপ করছেন।

ওয়াটের মতে, মানুষের জীবনে ভালোবাসা, সঙ্গ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অনেক বেশি। পেশাগত সাফল্য কিংবা আর্থিক স্বাধীনতা একাকিত্ব দূর করতে পারে না। বিশেষ করে জীবনের মধ্যবয়সে এসে অনেক নারী উপলব্ধি করেন, তাদের জীবনে আবেগীয় সম্পর্ক ও পরিবারের অভাব রয়েছে।

তিনি আরো লিখেছেন, তার পরিচিত কয়েকজন নারী কর্মজীবনে প্রত্যাশিত সাফল্য পাননি। একক আয়ে জীবন চালানোও তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। ফলে আর্থিক স্বাধীনতার যে ধারণাকে একসময় জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে তুলে ধরা হয়েছিল, বাস্তবে তা সবার জন্য সমান স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারেনি।

ক্যারিয়ার নাকি পরিবার—কেন দুটিই নয়?

ওয়াটের লেখার মূল বক্তব্য হলো, নারীদের সামনে ক্যারিয়ার ও পরিবারকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো উচিত নয়। একজন নারী উচ্চশিক্ষিত হতে পারেন, পেশাগতভাবে প্রতিষ্ঠিত হতে পারেন, একই সঙ্গে বিয়ে ও সন্তান নিয়ে সুন্দর পারিবারিক জীবনও গড়ে তুলতে পারেন।

তার মতে, নারীদের স্বাধীনতার অর্থ কখনোই পুরুষ বা পরিবারকে অপ্রয়োজনীয় মনে করা হতে পারে না। বরং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী জীবন গড়ার সুযোগ থাকাই প্রকৃত স্বাধীনতার অংশ।

লেখায় তিনি জানান, সম্প্রতি তার বাসায় ২০ বছর বয়সি এক শিক্ষার্থী কিছুদিন ছিলেন। ওই তরুণীর সঙ্গে কথোপকথনে তিনি বুঝতে পারেন, নতুন প্রজন্মের কিছু নারী বিয়ে ও মাতৃত্বকে আর আগের মতো নেতিবাচকভাবে দেখছেন না। ওই শিক্ষার্থী নারীর অধিকারে বিশ্বাস করলেও আগের প্রজন্মের কঠোর বা পুরুষবিরোধী নারীবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নন।

ওয়াটের মতে, নারীর অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রয়োজনীয়তা ছিল। অতীতে নারীরা বাবার কিংবা স্বামীর ওপর নির্ভরশীল থাকতেন এবং নিজেদের পছন্দমতো জীবন গড়ার সুযোগও সীমিত ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় নারীরা অনেক বেশি সুযোগ ও স্বাধীনতা পেয়েছেন। তাই নারীবাদী চিন্তাধারার কিছু পুরোনো ধারণা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।

পরিসংখ্যানেও দেখা যায় সন্তানহীনতার পরিবর্তন। যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন প্রজন্মের নারীদের সন্তান নেওয়ার প্রবণতায় পরিবর্তন দেখা যায়। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) ২০১৬ সালে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ১৯৭০ সালে জন্ম নেওয়া নারীদের প্রায় ১৭ শতাংশ সন্তানহীন ছিলেন। তাদের আগের প্রজন্ম, অর্থাৎ ১৯৪৩ সালে জন্ম নেওয়া নারীদের মধ্যে এ হার ছিল ১২ শতাংশ।

ওএনএসের ২০১৯ সালের আরেকটি প্রতিবেদনে দেখা যায়, ১৯৮৯ সালে জন্ম নেওয়া নারীদের প্রায় ৪৯ শতাংশ ৩০ বছর বয়স পর্যন্ত সন্তান জন্ম দেননি। তাদের মায়েদের প্রজন্মের ক্ষেত্রে এ হার ছিল ৩৮ শতাংশ।

তবে এসব পরিসংখ্যানের অর্থ এই নয় যে নারীবাদই সন্তানহীনতা বা বিয়ে না করার একমাত্র কারণ। শিক্ষা, কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, বিয়ে করার প্রবণতা, সন্তান পালনের ব্যয় এবং ব্যক্তিগত পছন্দসহ নানা বিষয় এর সঙ্গে জড়িত বলে ওএনএস উল্লেখ করেছে।

ওয়াটের বক্তব্যের বিরোধিতাও রয়েছে

পেট্রোনেলা ওয়াটের মন্তব্য প্রকাশের পর এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমেও পাল্টা আলোচনা শুরু হয়। ডেইলি মেইলেই প্রকাশিত এক নিবন্ধে লেখিকা ম্যান্ডি অ্যাপলইয়ার্ড তার বক্তব্যের সমালোচনা করেন।

তিনি নিজেও অবিবাহিত ও সন্তানহীন জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নিজের জীবনের হতাশার দায় নারীবাদের ওপর চাপানো যুক্তিসংগত নয়। তার মতে, নারীবাদের মূল উদ্দেশ্য নারী ও পুরুষের সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করা। এই আন্দোলন নারীদের জন্য এমন অনেক পথ খুলে দিয়েছে, যা আগের প্রজন্মের নারীদের কাছে সহজলভ্য ছিল না।

ফলে বিতর্কটি কেবল নারীবাদ ভালো না মন্দ—এমন প্রশ্নে সীমাবদ্ধ নেই। বরং নারীর স্বাধীনতা, পেশাগত সাফল্য, বিয়ে, মাতৃত্ব এবং ব্যক্তিগত পরিতৃপ্তির মধ্যে কীভাবে ভারসাম্য তৈরি করা যায়, সেটিই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

পেট্রোনেলা ওয়াটের বক্তব্যে মূলত তার নিজের প্রজন্মের কিছু নারীর অপূর্ণতা ও আক্ষেপের প্রতিফলন ঘটেছে। তার অভিজ্ঞতার সঙ্গে সবাই একমত না হলেও নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবার, ভালোবাসা ও ব্যক্তিগত জীবনের আকাঙ্ক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত কি না—সে প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।

সূত্র: ইয়াহু নিউজ ও ডেইলি মেইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%