ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব


গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শক ও ভক্তদের আগ্রহের অন্ত নেই। বিশেষ করে তার প্রেম এবং বিয়ের নানা আলোচনা ও সমালোচনা হয়ে থাকে, তবে নিজের প্রেমের গল্প নিয়ে খুব বেশি সময় আলোচনা করতে দেখা যায়নি তাকে।

এবার দীর্ঘ সময় পর এক সাক্ষাৎকারে তিনি অকপটে জানালেন জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প। চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হয়ে শাকিব খান জানান, একসময় গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। তাদের সম্পর্কটি খুব বেশি দূর এগোয়নি, তবে সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি এখনও তাকে নাড়া দেয়।

শাকিব বলেন, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখে খুবই সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম।’ তিনি আরো বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি— আমি কাকে চাইলাম, কাকে ভালোবাসলাম, আর কোথায় গেলাম!’

আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪

অনুষ্ঠানে পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনও মিস করেন কি না এবং সম্পর্কটি নিয়ে অনুতপ্ত কিনা। জবাবে শাকিব বলেন, ‘আমি এখনও তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এরকম হয়ে যায়।’

এরপর তাকে প্রশ্ন করা হয়, সেই তরুণী যদি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে শাকিব বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’

দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের এমন আবেগঘন একটি অধ্যায় প্রকাশ্যে আনায় ভক্তদের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। শাকিবের এই স্বীকারোক্তি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি ডলার ফিরিয়ে তুর্কিতে ‘ইজিপশিয়ান কিং’ সালাহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


সৌদি ডলার ফিরিয়ে তুর্কিতে ‘ইজিপশিয়ান কিং’ সালাহ

মোহাম্মদ সালাহ বর্তমানে ইউরোপীয় ফুটবলে নিজের মহাকাব্যিক ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তিনি এখন তুর্কি পরাশক্তি বেসিকতাসের সঙ্গে আলোচনা করছেন এবং এই আলোচনা এখন শেষ মুহূর্তে রয়েছে।

যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী মৌসুমেই লিভারপুলের এই সাবেক ফরোয়ার্ডকে ক্লাবের ঐতিহ্যবাহী সাদা-কালো জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে।

অ্যানফিল্ডের দুর্গ অলংকৃত করে তিনি ৯ মৌসুমের সোনালি যাত্রা শেষে সম্প্রতি লিভারপুলকে বিদায় জানিয়েছেন সালাহ। অল রেডসদের জন্য তিনি ঘরোয়া ও মহাদেশীয় সমস্ত শিরোপা জেতার পাশাপাশি একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন, আর এতে অ্যানফিল্ডের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

খ্যাতমান ইতালিয়ান ট্রান্সফার সাংবাদিক নিকোলো স্কিরার বরাত দিয়ে জানা গেছে যে, সালাহ ও তার এজেন্টের সঙ্গে বেসিকতাসের ব্যক্তিগত চুক্তির শর্তাবলী পুরোপুরি সম্মত হয়েছে।

প্রাথমিক চুক্তির মেয়াদ হবে এক বছরের, যেখানে সালাহর পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ ইউরো। চুক্তিতে এক বছর (২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত) মেয়াদ বাড়ানোর অপশন রাখা হচ্ছে।

বেসিকতাসের ইতালিয়ান কোচ ভিনসেঞ্জো ইতালিয়ানো ক্লাবের ভবিষ্যৎ প্রজেক্ট সালাহর সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরে তাকে রাজি করাতে মুখ্য ভূমিকা পালন করেছেন।

বর্তমানে ক্লাবের পরিচালনা পর্ষদ চুক্তির আনুষঙ্গিক নথিপত্র চূড়ান্ত করছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই ক্লাব থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

উল্লেখ্য, সালাহকে পেতে সৌদি লিগের একাধিক শীর্ষ ক্লাব পানির মতো অর্থ ঢালতে প্রস্তুত ছিল। কিন্তু সালাহ মধ্যপ্রাচ্যের অঢেল অর্থের মোহ ত্যাগ করে ইউরোপের শীর্ষ ফুটবলেই নিজের অবস্থান ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আর তার সেই ইচ্ছাই শেষ পর্যন্ত তুর্কি জায়ান্ট বেসিকতাসের দিকেই পাল্লা ভারী করে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মামুন হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মামুন হাসান

বাংলাদেশ জুট কর্পোরেশনের (বিজেসি) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মামুন হাসান।

তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ জুট কর্পোরেশন (রিপিল) অ্যাক্ট, ১৯৯৩-এর ধারা ৫ অনুযায়ী মো. মামুন হাসানকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

সব জল্পনা কল্পনার পর অবশেষে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ সূত্র গনমাধ্যমে নিশ্চিত করেছে যে, অন্তত ২ মাস মাঠের বাইরে থাকতে হবে এই তরুণ ফাস্ট বোলারকে।

নাহিদের সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়েছে। এই জায়গা থেকে সুস্থ হতে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে। এরপর তাকে পুর্নবাসন প্রক্রিয়ার মাধ্যমে পুরোপুরি সুস্থ হতে আরও ১ মাসের বেশি সময় লাগবে ২৩ বছর বয়সী পেসারের।

নাহিদের বিস্তারিত রিপোর্ট ইতোমধ্যে মেডিকেল বিভাগ থেকে বিসিবির কাছে পাঠানো হয়েছে।

শুধু নাহিদ নন, অস্ট্রেলিয়া সফরের আগে আরও কিছু দুশ্চিন্তা রয়েছে। চোটে পড়া অন্য দুই ক্রিকেটার লিটন দাস ও শরিফুল ইসলামও পুরোপুরি শঙ্কামুক্ত নন। তাদের অবস্থাও শর্তসাপেক্ষ, পুর্নবাসন প্রক্রিয়া শেষে ফিটনেসে উতরে গেলে তারা দলে থাকতে পারেন।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনের চোটে পড়ে যান নাহিদ। তিনি বোলিং কোটা শেষ না করেই মাঠ ছেড়ে যেতে বাধ্য হন।

এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার। দেশে ফিরে পরীক্ষা-নিরীক্ষার পর নাহিদের সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়ে। অন্যদিকে আরেক পেসার শরিফুলও জিম্বাবুয়ে থেকে চোট নিয়ে দেশে ফেরেন। লিটন চোটে পড়েন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে পুলিশের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


কুড়িগ্রামে পুলিশের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি জমিজমা সংক্রান্ত মামলায় ঘুষের বিনিময়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলে অভিযোগ উঠেছে নাগেশ্বরী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শিমুল সরকার এর বিরুদ্ধে।

এ ঘটনায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনির জ্যেষ্ঠ ছেলে মফিজুল ইসলাম আস্করনগর মৌজায় ৪৮ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে বিরোধের জেরে পার্শ্ববর্তী জমির মালিক আতাউর রহমানের স্ত্রী তাহমিনা দীলরুবা আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর সি.আর-১৬৪/২০২৬। মামলার তদন্তভার দেওয়া হয় সাব-ইন্সপেক্টর শিমুল সরকারের ওপর।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তদন্ত কর্মকর্তা যথাযথ অনুসন্ধান ও তথ্য-যাচাই না করেই চলতি বছরের গত ১৪ এপ্রিল বাদীপক্ষের সঙ্গে যোগসাজশ করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে আদালতে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

অভিযোগ অনুযায়ী, তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত ৬ মার্চ মফিজুল ইসলাম ও তার বাবা লাঠি, দা ও কোদালসহ দেশীয় অস্ত্র নিয়ে জমির ফসল নষ্ট করেছেন এবং হুমকি দিয়েছেন। তবে অভিযোগকারীর দাবি, ওই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ, ওই সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি এবং তার স্ত্রী অসুস্থ থাকায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

এবিষয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি বলেন, "আমি ৮৩ বছর বয়সী একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা শিমুল সরকার ঘুষের বিনিময়ে তার পেশাগত নৈতিকতা বিসর্জন দিয়েছেন। আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।"

ভুক্তভোগী মফিজুল ইসলাম বলেন, "পুলিশ টাকার বিনিময়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দাখিল করেছন। বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।"

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, "ওসমান গনি ও তার ছেলে মফিজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা। আমরা বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।"

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শিমুল সরকার বলেন, "আমি আদালতের নির্দেশনা ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তদন্ত প্রতিবেদন দাখিল করেছি।"

এ বিষয়ে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোর্শেদ বলেন, "এ ধরনের একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%