১০:১২ পি.এম
নড়াইলের লোহাগড়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় ২ কৃষকের মৃত্যু হয়েছে। এটি ঘটেছে শনিবার(৬ জুন) বিকেলে লোহাগড়া উপজেলার শালনগর ও নলদী এলাকায়।
নিহত কৃষকদের মধ্যে একজন হলেন, উপজেলার শালনগর গ্রামের মৃতমতি খানের ছেলে মো. টিটুল খান(৫০)। অপরজন হলেন, একই উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বিল্লাল মোল্লার ছেলে বাবুল মোল্লা(৪২)।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বজ্রপাতে কৃষকদের মৃত্যুর বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
ভুক্তভোগীদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩ টার দিকে টিটুল গরুকে পানি খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয়ে মোহুমতী নদীর পাড়ে যান। সেখানে প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বিকেল ৫টার দিকে স্থানীয়রা টিটুল খানকে পড়ে থাকতে দেখেন। তার শরীরের কিছু অংশ পুড়ে যায় এবং কান দিয়ে রক্ত পড়া অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নওয়াপাড়া গ্রামের বাসিন্দা বাবুল বিকেল ৪টার দিকে ইছামতীর বিলে মাছ ধরতে যান। বিকেলের যেকোনো সময় বজ্রপাতে তিনি আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সময় সংবাদকে বলেন, বজ্রপাতের ঘটনায় ২ কৃষকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। আইনগত প্রক্রিয়া শেষে নিহত কৃষকের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন