ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬


মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬

কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন, যার মধ্যে স্থানীয় ইউপি সদস্য, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও যুবদলের নেতাও রয়েছেন। এ সময় কিছু বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের সৌদিয়াপাড়া স্টেশন মোড়ে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—পূর্বধইর পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী (৭০), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিয়াউর রহমান (৩৫), ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম (৩৭), কোরবানপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন (৩৮), দানু মিয়ার ছেলে আল আমিন (৪৮) এবং শাহ জাহানের ছেলে রুবেল (২৮)।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানপুর গ্রামের ১ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে বাঙ্গরা বাজার থানা থেকে বাড়ি ফেরার পথে জিয়াউর রহমান ও রেজাউল করিমকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ৩ নম্বর ওয়ার্ডের লোকজনের বিরুদ্ধে।

এর পর শনিবার সকালে জিয়াউর রহমান ও রেজাউল করিমের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে কোরবানপুরের সৌদিয়াপাড়া স্টেশন মোড়ে হামলা চালান। এই ঘটনার ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কিছু বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়।

সংঘর্ষের ফলে আহত ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম কামরুজ্জামান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইলট স্মিত মাচ্ছার ১৭৪ যাত্রীকে বাঁচাতে জীবন বাজি, তারকাদের স্যালুট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


পাইলট স্মিত মাচ্ছার ১৭৪ যাত্রীকে বাঁচাতে জীবন বাজি, তারকাদের স্যালুট

ভারতের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ইসরায়েলগামী একটি উড়োজাহাজের যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করেছেন, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে। তার সাহস, কর্তব্যবোধ ও উপস্থিত বুদ্ধির জন্য বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে তারা পাইলটের প্রশংসা করার পাশাপাশি তার দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

শাহরুখ খান ক্যাপ্টেন স্মিতকে উদ্দেশ্য করে লেখেন, “যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। প্রতিকূলতার মুখোমুখি হয়ে নিজের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা সহজ নয়। কিন্তু যাত্রীদের রক্ষা করতে আপনি সেটিই করেছেন। একজন ক্যাপ্টেনের দায়িত্ব কী, তা আপনার সাহস ও কর্তব্যবোধে ফুটে উঠেছে। দ্রুত সুস্থতা কামনা করছি। আপনাকে নিয়ে পুরো দেশ গর্বিত।”

সালমান খানও স্মিতের প্রশংসা করে পোস্ট দেন। তিনি লেখেন, “কামাল করে দিয়েছেন পাইলটজি। আমরা সবাই আপনাকে স্যালুট করি। আপনার সঙ্গে উড়তে পারলে আনন্দিত হব। ভালো করেছেন ভাই।”

ঘটনাটি ঘটে বুধবার, যখন দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে ১৭৪ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৭ জন শিশু। অভিযোগ রয়েছে, উড্ডয়নের পর পাইলট স্মিত মাচ্ছারকে তার সহকারী পাইলট ছুরিকাঘাত করেন এবং একপর্যায়ে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করা হয়।

এই সময় উড়োজাহাজটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় ১৭ হাজার ফুটেরও বেশি নিচে নেমে যায়। পরে সৌদি আরবের তাবুক শহরের প্রিন্স সুলতান বিন আবদেল আজিজ বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করানো হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, স্মিত উড়োজাহাজের গ্যালিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মুখে অক্সিজেন মাস্ক ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

শুক্রবার আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্মিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেন। প্রায় ১০ মিনিটের ওই কথোপকথনে তিনি ঘটনার বিস্তারিত জানান।

স্মিত জানান, তিনি ১৭ বছর ধরে পাইলট হিসেবে কাজ করছেন এবং এর মধ্যে ১১ বছর ধরে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনার আশঙ্কায় উড়োজাহাজটি নিচের দিকে নেমে যাচ্ছে বুঝতে পেরেছিলেন তিনি। স্মিত বলেন, “আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। নিজেকে বললাম, দরজাটা তো ঠিক সামনেই। শুধু খুলে ফেলতে হবে। শেষ পর্যন্ত দরজাটি খুলতে পেরেছিলাম, এরপর মানুষজন ভেতরে ঢুকে পড়ে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্মিতের সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, তার পদক্ষেপ মানুষের জীবন রক্ষা করেছে এবং ভারতীয় পাইলটদের সুনাম অক্ষুণ্ন রেখেছে।

গুজরাটের বাসিন্দা স্মিত মোদিকে জানান, সংকটের মুহূর্তে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, বিশেষ করে হিন্দু দেবতা হনুমানের উদ্দেশে প্রার্থনা করার কথাও জানান।

শাহরুখ ও সালমান ছাড়াও রণবীর সিং, ভিকি কৌশল, সানি দেওল ও তামান্না ভাটিয়াসহ আরও কয়েকজন বলিউড তারকা স্মিত মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা চুক্তির আওতায় হুতিদের বিরুদ্ধে পাকিস্তানের অস্ত্র সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


মক্কা চুক্তির আওতায় হুতিদের বিরুদ্ধে পাকিস্তানের অস্ত্র সরবরাহ

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সাম্প্রতিক সময়ে প্রাথমিক পদক্ষেপ হিসেবে পাকিস্তান সৌদি আরব-সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশে দাঁড়িয়েছে। ইসলামাবাদ দেশটিকে সামরিক সহায়তার অংশ হিসেবে চারটি কার্গো বিমানে অস্ত্র পাঠিয়েছে। এসব অস্ত্রের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন এবং ড্রোন প্রতিরোধী সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের একটি বিশেষ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তানের পাঠানো অস্ত্র ইয়েমেনের বন্দরনগরী এডেনে পৌঁছেছে। এর ফলে ইয়েমেনের চলমান যুদ্ধে পাকিস্তানের সংশ্লিষ্টতা আরও বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, প্রতিবেদনে বলা হয়েছে যে, ইয়েমেনে সৌদি সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও কাজ করছেন। ইয়েমেন সংঘাতে পাকিস্তান ও তুরস্কের সৌদি সমর্থনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগস্ট মাসে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর ইয়েমেন পরিস্থিতিকে ওই সহযোগিতার প্রাথমিক পরীক্ষাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

মিডল ইস্ট আইকে পশ্চিমা ও আরব বিশ্বের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হুতির বড় ধরনের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরব উচ্চমাত্রার সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। তারা জানিয়েছেন, হুতি ইতিমধ্যে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে।

হুতিদের বিরুদ্ধে সৌদি আরব বিমান হামলা জোরদার করেছে। গত বৃহস্পতিবার হুতিরা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় সৌদি আরব তাদের অবস্থানে ৯৪টি বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে, সৌদি আরব জানিয়েছে, তারা সানায় একটি ‘উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে’ অভিযান চালিয়েছে এবং সাদায় ১১টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তাইজে একটি ‘সমন্বিত সামরিক ব্যবস্থা’র ওপর ২৭টি বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে, হুতিরা সৌদি আরবের বেসামরিক অবকাঠামোতেও হামলা চালিয়েছে, যার মধ্যে রিয়াদ বিমানবন্দরও রয়েছে। সৌদি আরবের অভিযোগ, পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রেও হুতিরা হামলা চালিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোট জানিয়েছে, তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে একটি ড্রোন আঘাত হানে। কেন্দ্রটি মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে। তবে হুতিরা এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

গত মাসে হুতিরা লোহিত সাগর দিয়ে অগ্রসর হয়ে সৌদি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করলেও পাকিস্তান ও তুরস্ক সরাসরি এতে অংশ নেয়নি। বিশ্লেষকদের মতে, রিয়াদের সঙ্গে সম্পর্ক এবং নিজেদের নিরাপত্তা উদ্বেগ—দুই দিকের মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে দেশ দুটিকে। পাকিস্তানের প্রতিবেশী ইরান হুতিদের অস্ত্র, গোয়েন্দা সহায়তা ও সামরিক পরামর্শ দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার যুক্তরাষ্ট্র হলেও হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্প প্রশাসন এখনো প্রকাশ্যে কোনো ভূমিকা নেয়নি। তবে যুক্তরাষ্ট্রও পাকিস্তানের মতো সৌদি আরবে সামরিক পরামর্শক ও অস্ত্রব্যবস্থা পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের জানাজা ও দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের জানাজা ও দাফন সম্পন্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে শুক্রবার মধ্যরাতে নিহতদের মরদেহ জামালপুরে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় পরিবার, স্বজন ও স্থানীয়দের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয়।

শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবু (৫০) ও তার মা রাশিদা বেগমের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবুর মেয়ে অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (২৫) ও মর্জিনা বেগমের শিশু সন্তান মিনানের (৫) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

একই দুর্ঘটনায় নিহত সিএনজিচালক সুজন আলীর (৪৪) মরদেহ গতকাল শুক্রবার রাতে বাড়িতে আনা হলে রাতেই তার জানাজা গোবিন্দবাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের প্রত্যেকের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগমের (৩৯) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু। জামালপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সিএনজিতে এবং পরে সেখান থেকে বাসে করে গাজীপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন ও সিএনজিচালকসহ মোট সাতজন নিহত হন।

পরে বাসটির চালক বাসটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল গভীর রাতে মরদেহগুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর থেকে ঢাকা-জামালপুর রুটে রাজীব পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬টি বিভাগ চালুর প্রাথমিক অনুমোদন ইউজিসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬টি বিভাগ চালুর প্রাথমিক অনুমোদন ইউজিসির

ঠাকুরগাঁও, ৩ অক্টোবর, ২০২৬ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬টি বিভাগ চালুর প্রাথমিক অনুমোদন প্রদান করেছে। এই অনুমোদনটি ৮টি শর্তসাপেক্ষে দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ ৭টি অনুষদের অধীনে ১৫টি বিভাগের কার্যক্রম শুরু করার প্রস্তাবনা উপস্থাপন করেছিল। ইউজিসির সংশ্লিষ্ট কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ৬টি বিভাগের চালুর সুপারিশ করেছে।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়।

আজ শনিবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসরাফিল বাসসকে টেলিফোনে জানান, ৬টি বিভাগের অনুমোদন পাওয়ায় তারা সন্তুষ্ট। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে। ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়টি ব্যবহৃত হবে। এ আয়োজনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রাথমিকভাবে অনুমোদন পাওয়া বিভাগগুলো হলো, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, কৃষি বিজ্ঞান অনুষদের কৃষি, কলা ও মানবিক অনুষদের মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি, বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের পরিবেশ বিজ্ঞান এবং লাইফ সায়েন্সেস অনুষদের জনস্বাস্থ্য।

ইউজিসির শর্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়কে ভাড়া নেওয়া ভবনের বাড়িভাড়ার চুক্তিপত্র ও নকশা জমা দিতে হবে। এছাড়া ৩টি ভবনের একাডেমিক লে-আউট, বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য পৌরসভার অনাপত্তিপত্র এবং ভাড়া করা ভবনগুলো দ্রুত শিক্ষা কার্যক্রমের উপযোগী করার বিষয়ে কমিশনকে অবহিত করতে হবে।

সংশ্লিষ্ট কোর্সের কারিকুলাম জমা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় গবেষণাগার, লাইব্রেরি ও অন্যান্য একাডেমিক সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জনবলের চাহিদাও কমিশনে দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নামে অধিগ্রহণ করা ৮০ একর নিষ্কণ্টক জমির প্রামাণিক দলিলও ইউজিসিতে জমা দেওয়ার শর্ত রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্তমানে প্রশাসনিক কার্যক্রম ভাড়া করা একটি ভবনে পরিচালিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সেখানেই একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সরকার ৮ দশমিক ৫৫ একর জমি অনুমোদন দিয়েছে। এ জমিতে ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি, মাস্টারপ্ল্যানসহ প্রকল্প প্রণয়নের কাজ চলছে।

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%