ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীলঙ্কা সিরিজ শেষ সুদর্শনের


শ্রীলঙ্কা সিরিজ শেষ সুদর্শনের

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ : পায়ের আঙুলের স্ট্রেস ফ্র্যাকচার থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় ভারতের বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন।

ভারতীয় ক্রিকেট দল গত ৪ আগস্ট শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ে। যদিও তিনি ফিটনেস পরীক্ষায় পাস করার শর্তে দলে ছিলেন, কিন্তু শ্রীলঙ্কা সফরে উড়াল দেননি সুদর্শন। তিনি ব্যাঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) নিজেদের ফিট করে তোলার জন্য লড়াইয়ে ছিলেন।

কিন্তু শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরুর আগে তাঁর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না সুদর্শন।

আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

গত জুলাইয়ে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলংকা সফরে অংশ গ্রহণের সময় পায়ের আঙুলে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে সুদর্শনের। লংকান সফর শেষে দেশে ফেরার পর তিনি সিওই’তে যোগ দেন। ‘এ’ দলের হয়ে লংকান সফরে ব্যাট হাতে যে ছন্দে ছিলেন সুদর্শন, সেখানে চার ইনিংসে দুই সেঞ্চুরিতে ৩৩২ রান করেছিলেন তিনি।

২০২৫ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। এখন পর্যন্ত তিনি ৭ টেস্টে ৩ হাফ-সেঞ্চুরিতে ৩৮৩ রান করেছেন। ২৪ বছর বয়সী এই ব্যাটারের ভারতের হয়ে ৩ ওয়ানডেতে ১২৭ রান রয়েছে।

সুদর্শনের সাথে একমাত্র ফিটনেস পরীক্ষায় পাস করার শর্তে দলে রাখা হয়েছিল পেসার জাসপ্রিত বুমরাহকে। কিন্তু হাঁটুর ইনজুরি থেকে ফিট হয়ে উঠতে না পারায় গত সপ্তাহে শ্রীলংকা সফর থেকে বুমরাহও ছিটকে গেছেন। তার বদলি হিসেবে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নাবিকে টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে।

সুদর্শনের বদলি কী হবে, এ বিষয়ে শিগগিরই ঘোষণা করবে বিসিসিআই।

আরও পড়ুন: ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ ইরানের জেনারেলের

আগামী ১৫ আগস্ট থেকে গল-এ প্রথম টেস্টে মাঠে নামবে ভারত ও শ্রীলংকা। ২৩ আগস্ট থেকে কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে বাঁশখালী উপজেলায় ১০ থেকে ১২ হাজার পরিবার এই কার্ড পাবে বলে তিনি জানান।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় ও গৃহহীন ১০০ পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তরের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারকে আপনারা নির্বাচিত করেছেন। সরকারের দায়িত্ব আপনাদের পাশে থাকা। আমরা বলেছিলাম, সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। এক মাসের মধ্যে করেছি। নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ।’

তিনি আরও বলেন, চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মধ্যে বাঁশখালী উপজেলায় ১০ থেকে ১২ হাজার পরিবার এই কার্ড পাবে। এ কার্যক্রম চলমান থাকবে। এর উদ্দেশ্য হলো পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও যাতে পরিবারের হাল ধরতে পারেন এবং মায়েদের হাত শক্তিশালী করা যায়।

এছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাঁশখালীর লবণচাষিরাও কৃষক কার্ড পাবেন। আলোচনা করে লবণের মূল্য নির্ধারণ করা হয়েছে। কিছুদিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ চট্টগ্রামের বিভিন্ন মেগা প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র বাংলাদেশের বড় সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা সম্ভব। মাতারবাড়ী থেকে মীরসরাই পর্যন্ত শিল্প-কারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আনোয়ারায় চীনের জন্য জায়গা দেওয়া হয়েছে। সেখানে কয়েক শ শিল্প-কারখানা গড়ে উঠবে। এতে চট্টগ্রামের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, বেকারত্ব কমবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে।

প্রধানমন্ত্রী বলেন, মিল-কারখানা না থাকলে কর্মসংস্থান সম্ভব নয়। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা শিল্পায়ন ও দেশি-বিদেশি বিনিয়োগের অন্যতম পূর্বশর্ত বলেও উল্লেখ করেন তিনি।

তিনি ঘোষণা দেন যে, বাঁশখালীর হাসপাতাল আগামী পাঁচ বছরের মধ্যে ১০১ শয্যায় উন্নীত হবে।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। আগামী ১০ বছরে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার উন্নয়নে কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তা সংসদে উপস্থাপন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা না করে কারো বিকল্প পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে উপস্থাপন করা উচিত।

দেশের স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন জনগণের জন্য কাজ করার এবং দেশ গঠনের সময়। অনেক দেশ বাংলাদেশের পরে স্বাধীন হয়েও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গেছে। তাই আর পিছিয়ে থাকার সুযোগ নেই। জনগণের জীবনমান ও দেশের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে তার সরকারের পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির কাছে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ সাথে থাকলে সব কর্মসূচি বাস্তবায়ন সম্ভব। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত শ্রমিকের হাতে পরিণত করে কর্মসংস্থান করা হবে। প্রত্যেক মানুষ কাজের মাধ্যমে নিজের পরিবারের ভাগ্য উন্নয়ন করতে পারবে। সেই বাংলাদেশ আমরা গড়তে চাই।’

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, আনোয়ারার সংসদ সদস্য সাওয়াব জামান নিজাম, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় জরুরি অবস্থা, দুই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


কানাডায় জরুরি অবস্থা, দুই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে। প্রদেশটিতে দ্রুতগতিতে দাবানল ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রদেশটির কর্তৃপক্ষ। বাসিন্দাদেরকে দুটি শহর ও এর আশেপাশের এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে ২০ হাজার মানুষকে সরে নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) মার্কিন বার্তাসংস্থা এপি’র প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ কলম্বিয়ায় একযোগে ১০০টিরও বেশি সক্রিয় দাবানল চলমান রয়েছে। প্রাণহানি এড়াতে ব্রিটিশ কলম্বিয়ার প্রাদেশিক প্রধান ডেভিড ইবি জরুরি অবস্থার ঘোষণা করেছেন। তীব্র তাপদাহ, শুষ্ক ঝড়ো হাওয়া এবং দীর্ঘস্থায়ী খরার কারণে দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

দাবানলের কারণে ওকানাগান লেক অববাহিকার বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশনা দেয়া হয়েছে। এ পর্যন্ত সামারল্যান্ড শহরে বসবাসকারী ১২ হাজার এবং পার্শ্ববর্তী পিচল্যান্ডসহ আশপাশের এলাকা থেকে প্রায় আট হাজার বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

প্রাদেশিক প্রধান ডেভিড ইবি বলেন, বহু পরিবার অকল্পনীয় ও দুঃসহ দিন পার করছে। তারা ঘরবাড়ি হারিয়েছে এবং অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বহু মানুষ নিজেদের প্রিয়জনদের খবরের জন্য অপেক্ষা করছে।

ফায়ার সার্ভিসের দাবানল অপারেশন পরিচালক ক্লিফ চ্যাপম্যান জানান, সড়কপথ বন্ধ হওয়ায় বহু মানুষ নিরাপদ স্থানে যেতে পারছে না। তাদের উদ্ধারের জন্য আকাশপথে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

দাবানল মোকাবেলায় নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারতো বলে জানিয়েছেন চ্যাপম্যান। শনিবার রাতের প্রথম শনাক্ত ‘বল্ড রেঞ্জ’ দাবানলটি কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৫০ বর্গকিলোমিটার (১৯ বর্গমাইল) এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। আগুনের আতঙ্কে প্রথমে ফল্ডার নামে একটি জনপদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পরে দ্রুত দাবানলটি প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) পথ পেরিয়ে সামারল্যান্ড শহরের কাছাকাছি পৌঁছায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিমন্ত্রী সোহেল মনজুরের হস্তক্ষেপে পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


প্রতিমন্ত্রী সোহেল মনজুরের হস্তক্ষেপে পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর উদ্যোগ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পিরোজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) উন্নয়নকাজ পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনি জটিলতা নিরসনের মাধ্যমে দ্রুত নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করে বন্ধ থাকা উন্নয়নকাজগুলো সচল করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের হস্তক্ষেপে এই উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

এ লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উন্নয়ন প্রকল্পগুলোর আইনি জটিলতা নিরসন এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন টেন্ডারের মাধ্যমে উন্নয়নকাজগুলো পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে বিভিন্ন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে ছিল। ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ কারণে আইনি জটিলতা নিরসন করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নতুন করে টেন্ডারের মাধ্যমে কাজগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে পিরোজপুরের বিভিন্ন এলাকায় সড়ক, অবকাঠামোসহ LGED-এর আওতাধীন উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

পিরোজপুরবাসীর স্বার্থে দ্রুততার সঙ্গে বন্ধ থাকা প্রকল্পগুলো পুনরায় চালু করতে পারলে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠের বল উড়ে সড়কে, এরপর ঘটল যা...

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মাঠের বল উড়ে সড়কে, এরপর ঘটল যা...

মাঠের খেলা চলাকালীন বল গ্যালারিতে কিংবা মাঠের বাইরে চলে যাওয়া নতুন কিছু নয়। তবে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মাঠের বাইরে চলে যাওয়া একটি বল ঘটিয়ে দিয়েছে অদ্ভুত এক সড়ক দুর্ঘটনা।

বল উড়ে গিয়ে পাশের সড়কে পড়ে যাওয়ার পর সেটি এড়াতে গিয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।

গতকাল এস্তাদিও পারকে এএনসিএপিতে মুখোমুখি হয়েছে মন্তেভিদিও এবং পায়সান্দু এফসি। ম্যাচের ২৪ মিনিটে পায়সান্দু দ্রুত আক্রমণে ওঠে। তাদের আক্রমণ থামাতে এবং বলটি বিপদমুক্ত করার জন্য মন্তেভিদিওর ডিফেন্ডার রিচার্ড নুনেস এতটাই জোরালো শট নেন যে, বল উড়ে গিয়ে ছোট্ট স্টেডিয়ামের সীমানা পেরিয়ে পাশের ব্যস্ত সড়কে পড়ে।

সরাসরি সম্প্রচার হতে থাকায় টেলিভিশনে সেই দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, তখন সড়ক দিয়ে দ্রুতগতিতে চলছিল কয়েকটি গাড়ি। সামনে হঠাৎ বল চলে আসায় একটি গাড়ির চালক জোরে ব্রেক কষে।

এতে তার গাড়ি থেমেছে ঠিকই। তবে পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক সময়মতো ব্রেক কষতে না পেরে সামনের গাড়িকে ধাক্কা দেয়। এই মুহূর্তও ম্যাচের সরাসরি সম্প্রচারের ক্যামেরায় ধরা পড়ে।

ঘটনাটি ঘিরে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে মাঠের বল বিপদমুক্ত করতে গিয়ে কীভাবে সড়কে বিপদ ডেকে আনল, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মজার ছলে বলেছেন, দুর্ঘটনার কারণ হিসেবে বীমা কোম্পানিকে কীভাবে বোঝানো হবে যে, ফুটবল মাঠ থেকে উড়ে আসা একটি বলের কারণে গাড়ি থামাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে!

মাঠের খেলায় অবশ্য এই ঘটনার কোনো প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত পায়সান্দুকে ১-০ গোলে হারিয়েছে মন্তেভিদিও। ৩৮ মিনিটে জয়সূচক গোলটি করেন লুকাস রদ্রিগেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%