১২:৩৮ পি.এম
মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো বিগ ব্যাশে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন। এই সুযোগটি এসেছে জেসন বেহরেনডর্ফের চোটের কারণে। অভিজ্ঞ বাঁহাতি পেসার কাঁধের চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন।
ফ্র্যাঞ্চাইজিটি বেহরেনডর্ফের বদলে মুস্তাফিজকে দলে নিয়েছে। মেলবোর্ন নিশ্চিত করেছে যে, ৩১ বছর বয়সী বাঁহাতি পেসার তাদের দলে যুক্ত হচ্ছেন। তিনি এবার সতীর্থ হিসেবে পাবেন ইংলিশ তারকা জনি বেয়ারস্টো এবং নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলকে, যারা মেলবোর্নে যোগ দিয়েছেন।
মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ। তার নামের পাশে ৩৩১ ম্যাচে ৪২৩ উইকেট রয়েছে। তবে বিগ ব্যাশে খেলার সুযোগ তার আগে কখনো হয়নি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
আরও পড়ুন: বার্সেলোনা আর্সেনালের তারকাকে দলে চায়
তবে টুর্নামেন্টের শুরু থেকেই মেলবোর্নের হয়ে মুস্তাফিজ খেলতে পারবেন না। আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত থাকার কারণে পার্থ স্কর্চার্সের বিপক্ষে মেলবোর্নের প্রথম ম্যাচে তিনি অংশ নিতে পারবেন না। তবে ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে খেলার কথা রয়েছে তার।
মুস্তাফিজ রেনেগেডসে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। ক্লাবের বিবৃতিতে তিনি বলেন, ‘প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছি। এমসিজিকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা হবে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে তর সইছে না।’
দলের কোচ লুক রনকিও মুস্তাফিজকে পেয়ে খুশি। তার মতে, পাওয়ার প্লে ও ডেথ ওভারে মুস্তাফিজের উইকেট নেওয়ার সামর্থ্য মেলবোর্নের বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে।
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের তালিকায় বাংলাদেশকে দেখছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন