১২:৪৬ পি.এম
বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন করছে পোশাক শ্রমিকরা, এ পরিস্থিতিতে রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা উত্তরার রাজলক্ষ্মী থেকে বিমানবন্দর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এ দৃশ্য দেখা গেছে।
উত্তরখান-দক্ষিণখান আঞ্চলিক সড়ক হয়ে জসিমউদ্দীন এলাকায় পোশাক শ্রমিকদের অবস্থান নেওয়ার পরিকল্পনা থাকলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত কাউকে সড়কে নামতে দেখা যায়নি।
আরও পড়ুন: গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, দুর্ভোগ চরমে
এদিকে, সকাল থেকে যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। বুধবার উত্তরায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সব মার্কেট বন্ধ থাকায় লোকসমাগমও তুলনামূলকভাবে কম রয়েছে।
সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এখন পর্যন্ত পোশাক শ্রমিকদের কাউকে সড়কে নামতে দেখা যায়নি।
তিনি আরও জানান, দুই থেকে আড়াই হাজার লোক জড়ো হবেন- এমন একটি বার্তা ছড়িয়ে পড়েছে। তবে তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। ওই বার্তাটি সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশি আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন