১১:২৮ পি.এম
মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে ছাড় দেয়নি কেউ। দুইবার পিছিয়ে পড়ার পরও সমতায় ফিরে এসেছে ভুটান। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে ২–২ গোলে ড্র করে মাঠ ত্যাগ করেছে তারা। এই ড্রয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কা ছিল আক্রমণাত্মক। পঞ্চম মিনিটে ড্যারেন ডেকারের হেডে বল জালে প্রবেশ করলেও গোলরক্ষককে আঘাত করার কারণে রেফারি ফাউল দেন। ২৬ মিনিটে ড্যারেনের আরেকটি হেড পোস্টে লেগে ফিরে আসে। শুরুতে চাপ সামলালেও ৩৪ মিনিটে ভুটান চমক দেখায়। চেনচো গেইলশেনের দুর্দান্ত ড্রিবলিংয়ের পর দাওয়া শেরিংয়ের গোলে তারা এগিয়ে যায়।
তবে ভুটান লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। পরের মিনিটেই ওলিভার জেমস ক্লেয়ারটের গোলে সমতা ফেরায় শ্রীলঙ্কা। ৪৩ মিনিটে ওলিভারের ক্রস থেকে আহমেদ ওয়াসিম রাজিকের হেডে লঙ্কানরা এগিয়ে যায়।
আরও পড়ুন: শ্রীলঙ্কার কোচের সাফের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ
বিরতির পর ভুটানের সামনে সমতা ফেরানোর সুযোগ আসে। ৬৬ মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন অধিনায়ক চেনচো। কিন্তু ৭৬ মিনিটে দুর্দান্ত শটে নিজেই দলের জন্য সমতা ফেরান এই তারকা।
শেষের দিকে জয়ের জন্য দুই দলই চেষ্টা চালায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি শ্রীলঙ্কার রাহুল সুরেশ। ম্যাচটি শেষ হয় ২–২ সমতায়। আর এই ফলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন