ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৪


হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৪

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৪ জনে পৌঁছেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ছিল ৯৮৭ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জন।

আরও পড়ুন: শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ ৮০ জন আহত

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৭ জন এবং একই সময়ের মধ্যে গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ২৩ হাজার ৮৬৭ জন। এই সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং একই সময়ের মধ্যে গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে : চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে : চিফ হুইপ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। "দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে।"

তিনি উল্লেখ করেন, আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। "আন্দোলন করে সরকার গঠন করা যায় না। সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন।"

নূরুল ইসলাম মনি আরো বলেন, যদি জনগণ সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হন, তবে পরবর্তী নির্বাচনে তাদের ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করা হবে।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, "আন্দোলন করে কি সরকার হতে পারে? সরকার গঠনের পথ হলো নির্বাচন। যারা আন্দোলনের নামে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তাদের বুঝতে হবে, দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে।"

নূরুল ইসলাম মনি বলেন, "আমরা চাই দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভালো কাজ করলে জনগণ তার সুফল পাবে। আর সরকার ভালো কাজ করতে না পারলে পরবর্তী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হবে।"

তিনি মন্তব্য করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু নিজেদের মধ্যে বিরোধ ও সংঘাত তৈরি করলে তার সুযোগ নেবে অন্যরা। "আমরা নিজেরা ঝগড়া করার পরে পথ সুগম হবে কার? যারা আমাদের বিভক্ত দেখতে চায়, তাদের। দুই ভাই যখন ঝগড়া করে, তখন পাশের বাড়ির লোক সালিশ করতে আসে; কিন্তু সেই সুযোগে সে দুই ভাইয়ের সম্পত্তিই কিনতে চায়।"

চিফ হুইপ আরও বলেন, "দেশটা যদি ধ্বংস হয়, তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে কী জবাব দেব? ৫৪ বছরে আমরা অনেক সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছি। এখন দেশকে এগিয়ে নেওয়ার সময়।"

জ্বালানি সংকট ও সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। "অথচ কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেলার অপচেষ্টা হচ্ছে।"

তিনি উল্লেখ করেন, "কিছু মানুষ এখনো কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে জিম্মি করতে চায়, দেশের ২০ কোটি মানুষকে জিম্মি করতে চায়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।"

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে চিফ হুইপ বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। "দক্ষ ও শিক্ষিত জনশক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।" বরিশাল বিভাগের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, "আপনারা দেশ গড়ার কারিগর। আপনাদের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। আপনাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক উদ্যোগ গ্রহণ করব এবং প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।"

অনুষ্ঠানে আইডিইবির নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খোয়াইয়ের ভাঙনে বিচ্ছিন্ন স্কুল সড়ক, শিক্ষার্থীসহ ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


খোয়াইয়ের ভাঙনে বিচ্ছিন্ন স্কুল সড়ক, শিক্ষার্থীসহ ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভাঙনে শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ সময় ধরে সড়কটির সংস্কার না হওয়ায় শিক্ষার্থীসহ আশপাশের প্রায় ১৫ গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ভাঙনের ফলে সড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার পাশাপাশি দৈনন্দিন যাতায়াতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি খোয়াই নদীর ভাঙনে হবিগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় লোকালয়ে পানি প্রবেশ করে। এই ঘটনায় বাড়িঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীভাঙনে লস্করপুর, চরহামুয়া, কালিগঞ্জ, আদ্যপাশাসহ আশপাশের প্রায় ১৫ গ্রামের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন অংশে বড় ধরনের ভাঙন দেখা দেওয়ায় সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়কটির বেহাল অবস্থার কারণে স্কুলশিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। ভাঙা অংশে বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। ফলে এলাকাবাসীকে হেঁটে চলাচল করতে হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়ে তাদের স্বজনদের বিপাকে পড়তে হচ্ছে। এছাড়া বিকল্প পথে নতুন বাজার হয়ে প্রায় চার কিলোমিটার ঘুরে শাহজালাল উচ্চ বিদ্যালয় এলাকা পেরিয়ে বৈদ্যের বাজারে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াতের খরচ বাড়ার পাশাপাশি শারীরিক কষ্টও বেড়েছে।

এলাকার প্রবীণ বাসিন্দা মো. আব্দুল জলিল ক্ষোভ প্রকাশ করে জানান, "এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও শিক্ষার্থী যাতায়াত করেন। খোয়াই নদীর ভাঙনে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে আমাদের দুর্ভোগের শেষ নেই। কোনো গাড়ি চলাচল করতে পারে না। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া কঠিন হয়ে পড়েছে। আমরা দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার চাই।" শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সুমি আক্তার বলেন, "ভাঙা রাস্তার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। একটু বৃষ্টি হলেই কাদা ও গর্তে পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে। অনেক সময় ঠিকমতো ক্লাসেও পৌঁছাতে পারি না। আমাদের পড়াশোনা ও যাতায়াত স্বাভাবিক রাখতে দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানাই।"

এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আবু-জাহের জানান, ভাঙনকবলিত এলাকাগুলোর তালিকা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারি সহায়তার অংশ হিসেবে বিশেষ বরাদ্দ এসেছে। এই বরাদ্দের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী এ বিষয়ে জানান, সড়কটির সংস্কারকাজের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হবে। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে সড়কটি দ্রুত সংস্কার ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্ট: পুরুষের সম্পর্ক শেষ করার অধিকার নেই কি?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


সুপ্রিম কোর্ট: পুরুষের সম্পর্ক শেষ করার অধিকার নেই কি?

ভারতের সুপ্রিম কোর্ট পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা যৌন সম্পর্কের ভেঙে যাওয়ার পর সেটিকে যৌন নির্যাতন হিসেবে উপস্থাপনের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আদালত একই সঙ্গে প্রশ্ন তুলেছে, "কোনো পুরুষের কি সম্পর্ক শেষ করার অধিকার নেই?"।

শুক্রবার আদালত উল্লেখ করেছে, কোনো সম্পর্ক ভেঙে গেলে পূর্বে পারস্পরিক সম্মতিতে হওয়া শারীরিক সম্পর্ককে পরে ধর্ষণ বলা যাবে না। বিচারপতি বি. ভি. নাগারথনার বেঞ্চ কেরালা থেকে আসা একটি মামলার শুনানি শেষে এই মন্তব্য করেন। মামলাটিতে সাত বছরের একটি সম্পর্কের অবনতি হওয়ার পর এক ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। অভিযোগকারী নারীর দাবি ছিল, ওই ব্যক্তি তার আগের বিয়ে ও দুই সন্তানের তথ্য গোপন রেখেছিলেন।

আদালত জানায়, দুই প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিতে গড়ে ওঠা সম্পর্কে আবেগজনিত বিরোধ দেখা দিলে ফৌজদারি আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। আদালত আরও বলেছে, সমাজ ও আদালতেরও এ ধরনের প্রবণতা নিরুৎসাহিত করা প্রয়োজন।

বিচারপতিরা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে যাওয়ার পর অতীতের ঘটনাগুলো নতুন করে বিশ্লেষণ করে সেগুলোকে যৌন নির্যাতন বা সহিংসতা হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তবে আদালত স্পষ্ট করেছে, শুরু থেকেই প্রতারণা বা মিথ্যা বলে কারও সম্মতি আদায় করা এবং সম্পর্ক ভেঙে যাওয়ার পর আগের সম্মতিতে হওয়া যৌন সম্পর্ক নিয়ে অনুশোচনা, দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।

আদালত আরও উল্লেখ করে, কোনো সম্পর্ক শেষ হয়ে গেলেই সেই সম্পর্কে আগে পারস্পরিক সম্মতিতে হওয়া যৌন সম্পর্ক অপরাধ হয়ে যায় না। এমন অভিযোগ কারও ব্যক্তিগত স্বাধীনতা ও সুনামের ক্ষতি করতে পারে।

আদালত আরও বলেছে, এ ধরনের দৃষ্টিভঙ্গি একজন পুরুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নেয়। অতীতে কোনো সময় পারস্পরিক সম্মতিতে সম্পর্কে জড়ানোর কারণে পরবর্তী সময়ে সম্পর্ক থেকে সরে আসতে গেলেই ধর্ষণের অভিযোগের ভয় তৈরি হতে পারে।

বিচারপতিরা প্রশ্ন করেছেন, "কোনো পুরুষের কি সম্পর্ক থেকে বেরিয়ে আসার অধিকার নেই?" সম্পর্ক শেষ করার সিদ্ধান্তকে কি প্রতারণা বলা যায়? আদালতের মতে, নিশ্চয়ই না।

বেঞ্চটি জানায়, প্রায়ই এমন মামলার মুখোমুখি হতে হয়, যেখানে ব্যর্থ প্রেমের সম্পর্ককে ফৌজদারি মামলায় রূপ দেওয়া হয়। তবে ধর্ষণ অত্যন্ত গুরুতর অপরাধ। প্রকৃত যৌন সহিংসতা, জোরজবরদস্তি কিংবা প্রতারণার মাধ্যমে সম্মতি আদায়ের ঘটনা ঘটলেই কেবল এ ধরনের অভিযোগ আনা উচিত।

একই সঙ্গে আদালত স্বীকার করেছে, ধর্ষণের অনেক ঘটনা এখনো লোকচক্ষুর আড়ালে থেকে যায়। সামাজিক ও পারিবারিক সম্মান রক্ষার কথা ভেবে অনেক ভুক্তভোগী এ বিষয়ে মুখ খুলতে চান না। বিচারপতিরা বলেছেন, যেসব ঘটনায় তথ্য-প্রমাণ যৌন সহিংসতা বা নির্যাতনের ইঙ্গিত দেয়, সেগুলোর অবশ্যই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা : কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা : কৃষিমন্ত্রী

গাজীপুর, ৩১ অক্টোবর, ২০২৬ : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মন্তব্য করেছেন যে, দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ শনিবার গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা স্টেশনে নবনির্মিত গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ প্রযুক্তি কৃষিপণ্যের সংরক্ষণক্ষমতা (সেলফ লাইফ) বৃদ্ধি, জীবাণুমুক্তকরণ এবং গুণগত মান বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে দেশের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

কৃষিমন্ত্রী আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত। বর্তমান সরকার কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের আমের গুণগত মান ভালো। গামা ইরেডিয়েশন প্রযুক্তির মাধ্যমে এসব আমের সংরক্ষণক্ষমতা বৃদ্ধি ও জীবাণুমুক্ত করা সম্ভব হলে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি চীন থেকে আসা একটি প্রতিনিধি দল বাংলাদেশে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে কাঁঠালের ব্যাপক চাহিদা ও খাদ্যগুণ রয়েছে। তবে এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য পূরণে গামা ইরেডিয়েশন সেন্টার একটি সময়োপযোগী উদ্যোগ।

মন্ত্রী বলেন, কৃষিপণ্যের পচন ও অপচয় রোধ এবং কৃষকের উৎপাদিত পণ্যের সুরক্ষায় দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পর্যায়ক্রমে এ ধরনের সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে ব্যয় কিছুটা বেশি হলেও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এসব কেন্দ্রের কার্যকারিতা বাড়ানো এবং দক্ষ কারিগরি দল গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘কৃষির অর্থনীতি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গামা ইরেডিয়েশন সেন্টার কৃষি খাতকে সহযোগিতা করবে।’

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. সারফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ডা. জিয়াওকুন শি প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, কৃষি পণ্য পরিশোধনে এ পরমাণু প্রযুক্তি নির্ভর সেন্টারটি ৮৯ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%