১১:১১ এম
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত রয়েছে। কালিয়াকৈরের কালামপুর চার রাস্তা থেকে সোহাগপল্লী, সাহেবাবাদ ও বক্তারপুরগামী এই পুরো সড়কজুড়ে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি হয়ে যাওয়ার কারণে স্থানীয়রা চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন।
সরেজমিনে পরিদর্শন করলে দেখা যায়, সড়কের পাশে সারি সারি বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে রয়েছে এবং উপরে স্ট্রিট লাইটের শেডও লাগানো আছে; কিন্তু সেগুলোতে কোনো আলো জ্বলছে না। খুঁটি থেকে তার কাটা অবস্থায় ঝুলছে অথবা সম্পূর্ণরূপে ছিঁড়ে ফেলা হয়েছে। সড়কের দুই পাশে বন-জঙ্গল ও ফাঁকা জমি থাকার কারণে দিনের বেলাতেই সড়কটি নির্জন মনে হয়। যদিও অটোরিকশা, মোটরসাইকেল ও ট্রাক চলাচল করে, সন্ধ্যার পর এই সড়কে চলাচল করা অত্যন্ত আতঙ্কজনক হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের মতে, সন্ধ্যার পর হেঁটে চলাচল করা, বাজার বা মসজিদ থেকে ফেরা কিংবা দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফেরাও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে কোচিং, মাদ্রাসা ও স্কুল থেকে ফেরার সময় শিক্ষার্থীরা এবং রাতে ডিউটি শেষে ফেরার শ্রমিকরা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আলো না থাকার কারণে অন্ধকারের সুযোগ নিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
আরও পড়ুন: ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বার
এক স্থানীয় পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সন্ধ্যা হলেই রাস্তাটা ভূতের মতো হয়ে যায়। মোবাইলের আলো জ্বালিয়ে হাঁটতে হয়। কখন কে কোথা থেকে আক্রমণ করে তার ঠিক নেই।’ অন্যদিকে, একজন ব্যবসায়ী জানান, আগে রাস্তায় লাইট জ্বললেও এখন চুরির কারণে পুরো এলাকা অন্ধকারে পরিণত হয়েছে। দোকান বন্ধ করে টাকা নিয়ে যেতে ভয় হচ্ছে।
এলাকাবাসীর আশঙ্কা, সড়কের দুই পাশে ঝোপঝাড় ও ফাঁকা জমি থাকার কারণে এবং নিয়মিত পুলিশি টহল না থাকায় এই অন্ধকারে যেকোনো সময় ডাকাতি, ছিনতাই ও রাহাজানির মতো বড় অপরাধ সংঘটিত হতে পারে। স্থানীয়দের প্রশ্ন, এতগুলো খুঁটি থেকে এক রাতে তার চুরি করা কি একা একজনের কাজ? নাকি এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত? অভিযোগ উঠেছে যে চোরেরা রাতের আঁধারে কৌশলে খুঁটিতে উঠে তার কেটে নিয়ে তা ভাঙারির দোকানে বিক্রি করে দিচ্ছে।
এলাকাবাসীর পক্ষ থেকে কালিয়াকৈর থানা-পুলিশ, পৌর প্রশাসন ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বেশ কিছু দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে- চুরি হওয়া বৈদ্যুতিক তার দ্রুত পুনঃস্থাপন করা, সড়কগুলোতে পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা নিশ্চিত করা, রাতের বেলায় পুলিশি টহল জোরদার করা এবং তার চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা।
হাজার হাজার মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কে দ্রুত আলো ও নিরাপত্তা ফিরিয়ে দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আতঙ্কিত এলাকাবাসী।
আরও পড়ুন: সাহসিকতা ও মানবিক সেবার স্বীকৃতি: রাষ্ট্রীয় পদকে ভূষিত ফায়ারফাইটার কামাল হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন