০৬:৩১ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ : ‘এশিয়া রাগবি এমিরেটস সেভেন্স ট্রফি’ আগামী ২১ ও ২২ নভেম্বর চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয় পুরুষ রাগবি দল।
বাংলাদেশ রাগবি ফেডারেশন বুধবার দুপুরে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে দলের অংশগ্রহণ ও প্রস্তুতির বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সহ-সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার উজ জামান, জাতীয় দলের অধিনায়ক ওবায়দুর রহমান, টিম ম্যানেজার সাঈদ আহমেদ, দলের স্পন্সর প্রতিষ্ঠান বে গ্রুপের পরিচালক আসিফুর রহমান এবং কিট স্পন্সর সেইলরের প্রতিনিধি সাদেক।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে আরদা গুলেরের নতুন ছয় বছরের চুক্তি
ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তার উজ জামান সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে বলেন, “বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক র্যাঙ্কিং তালিকার বাইরে রয়েছে। র্যাঙ্কিংয়ে না থাকায় আমরা এবারের এশিয়ান গেমসে অংশ নিতে পারিনি। তাই এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে পুনরায় র্যাঙ্কিংয়ে প্রবেশ করাই আমাদের মূল লক্ষ্য।”
টিম ম্যানেজার সাঈদ আহমেদ জানান, এই আসরের শিরোপা জিততে পারলে বাংলাদেশের সামনে ‘এশিয়ান রাগবি এমিরেটস সিরিজে’ খেলার দরজা উন্মুক্ত হবে। তিনি আরও জানান, পাকিস্তানে অনুষ্ঠেয় আসন্ন সাউথ এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়েও কাজ চলছে। ভবিষ্যতে দলের মানোন্নয়নে বিদেশি কোচ আনার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
অধিনায়ক ওবায়দুর রহমান দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী হয়ে বলেন, “অনুশীলনে দলের সবাই ফিটনেস ও টেকনিক- সবদিক থেকেই দারুণ সক্রিয় ছিল। টুর্নামেন্টে ভালো ফলাফল অর্জন করাই আমাদের সবার লক্ষ্য।”
চাইনিজ তাইপে সিটি স্টেডিয়ামে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক চাইনিজ তাইপে, ফিলিপাইন ও আফগানিস্তান অংশ নিচ্ছে। আসরকে সামনে রেখে দীর্ঘ এক মাস নিবিড় অনুশীলন শেষে ১২ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে থাকা একজন প্রবাসী খেলোয়াড় ইংল্যান্ড থেকে সরাসরি তাইপেতে দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া কোচ, ম্যানেজার ও ফিজিওসহ মোট ১৪ জনের একটি বহর ঢাকা থেকে চাইনিজ তাইপের উদ্দেশ্যে রওনা দেবে।
আরও পড়ুন: গোলের দিনে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক
সংবাদ সম্মেলনে রাগবি ফেডারেশনের আগামী বছরের কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। আগামী জানুয়ারিতে বাংলাদেশ দল নেপাল সফরে যাবে। এরপর সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং বছরের শেষ দিকে ডিসেম্বরে ঢাকায় ‘এশিয়া রাগবি সেভেন্স’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া রাগবির নিয়মিত অনুশীলন ও হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের জন্য সরকারের পক্ষ থেকে একটি স্টেডিয়ামের ব্যবস্থা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন