০৬:৩০ পি.এম
যুক্তরাজ্যের সরকার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের দেশ থেকে বহিষ্কারের জন্য আর পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে। নতুন আইন কার্যকর হলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর, আগাম কোনো নোটিশ ছাড়াই বহিষ্কার করা সম্ভব হবে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জন্য সর্বোচ্চ ছয় মাস সময় পাবে।
বর্তমানে, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়া হয়। তবে সরকারের মন্ত্রীদের মতে, এই নোটিশের সুযোগ নিয়ে অনেকে শেষ মুহূর্তে আপিল করেন, যা বহিষ্কার প্রক্রিয়া বিলম্বিত করে।
শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা রিফিউজি কাউন্সিল নতুন এ উদ্যোগের সমালোচনা করেছে। সংস্থাটি জানায়, এত অল্প সময়ের নোটিশে মানুষকে বহিষ্কার করা হলে, তাদের মধ্যে অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগ সৃষ্টি হবে।
আরও পড়ুন: ইরানের দাবি, হরমুজ প্রণালীতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত
শরণার্থী সহায়তাকারী দাতব্য সংস্থাটির পরিচালক ইমরান হুসেইন বলেন, "জোরপূর্বক প্রত্যাবাসনের চেয়ে স্বেচ্ছায় দেশে ফেরার ব্যবস্থা অনেক বেশি কার্যকর।" তিনি আরও বলেন, যদি মানুষকে মর্যাদার সঙ্গে দেশে ফিরতে সহায়তা করা হয়, তাহলে অনেকেই সেই সুযোগ গ্রহণ করবেন। এতে করদাতাদের অর্থও অনেক কম ব্যয় হবে।
বর্তমানে পার্লামেন্টে আলোচনাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ পরিবর্তন আনবেন। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আপিলের সব আইনি সুযোগ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আগাম নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হবে।
এ পরিবর্তনের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের ক্ষমতা পাবে, যা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। নতুন নিয়মের ফলে অতিরিক্ত কতজনকে বহিষ্কার করা সম্ভব হবে, সে বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে তারা ডেনমার্কে একই ধরনের নীতি চালুর পর বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার উদাহরণ তুলে ধরেছে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ডেনমার্কে এ ধরনের নীতি চালুর পর পাঁচ বছরে বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। বর্তমানে দেশটিতে এ ধরনের অভিবাসীর সংখ্যা ১ হাজারের নিচে রয়েছে।
আরও পড়ুন: রাশিয়ায় প্রথমবারের মতো জিওগ্রাফি অলিম্পিয়াডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় বাংলাদেশ
এর আগে স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার আশ্রয়ের আবেদনের দীর্ঘদিনের জট কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ২০২৬ সালের জুনে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনের প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন ৪০ হাজার ১৬৮ জন। এছাড়া আদালতে আপিলের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন আরও ৯০ হাজার ৩৪১ জন।
২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে আশ্রয়ের আবেদনের ৩৮ শতাংশের ক্ষেত্রে আবেদনকারীদের শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে জমা পড়া মোট আশ্রয়ের আবেদনের ৪০ শতাংশই আসে ছোট নৌকায় করে দেশটিতে প্রবেশ করা ব্যক্তিদের কাছ থেকে। বাকি ৬০ শতাংশ আবেদন করেন এমন ব্যক্তিরা, যারা অন্য অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন অথবা বৈধভাবে দেশটিতে আসার পর আশ্রয়ের আবেদন করেছেন।
যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী আনা টারলি বলেন, যেসব অভিবাসীর আপিল করার অধিকার শেষ হয়ে গেছে, তাদের দ্রুত বহিষ্কার নিশ্চিত করা হচ্ছে। "বৈধ বহিষ্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সুযোগ আর দেওয়া হবে না।" তিনি আরও বলেন, এই বিল অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে। একই সঙ্গে পুরো প্রক্রিয়াকে দ্রুত ও ন্যায়সংগত করবে।
বিবিসি
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ, কয়েক দশকের বিরোধ এবার চূড়ান্ত পর্যায়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন