০৪:১০ পি.এম
বাগেরহাট, ১৪ নভেম্বর, ২০২৬ : ‘জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী ও ন্যায্য রূপান্তর’- এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হয়েছে। আজ সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ উদ্যোগে এবং অ্যাকশনএইড সংস্থার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে আটটি যুব সংগঠন সংহতি প্রকাশ করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার, কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমানোর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানান। এ সময় রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি মাস্ক পরে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে একটি প্রতীকী প্রদর্শনীর আয়োজন করা হয়।
আরও পড়ুন: যশোরে ১৪ মামলার সন্ত্রাসীর বাড়ি থেকে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার
বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক। একইসঙ্গে জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা নারী এবং প্রান্তিক জনগণের অধিকার নিশ্চিত করে একটি সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
তরুণ জলবায়ু কর্মী নিপা সাহা বলেন, "জীবাশ্ম জ্বালানির নিঃসরণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বাংলাদেশকে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে।"
অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিডার মো. নাজমুল আহসান বলেন, "ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে, তা নির্ধারণে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে।"
কর্মসূচিতে রবিউল ইসলাম, সুমিত ভট্টাচার্য, অমিত শীল, আব্দুল্লাহ আল ইমরান, সাজ্জাদুল ইসলাম রাকিব, সুমাইয়া ইসলাম মিম, ঈশিতা দেবনাথ, মেহেদী হাসান ফাহিম, অর্পিতা বিশ্বাস, সামিয়া ইসলাম রাফা, অর্ণব মিস্ত্রি, আবিদা ইসরাত জয়া, সাব্বির শেখ ও শেখ মো. রোমানসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানের ৬ লাখ টাকা জরিমানা
আয়োজকরা জানান, জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করা এবং পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি নির্ভর ভবিষ্যৎ নিশ্চিত করতেই এই আন্দোলন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন