ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

জবি ছাত্রদলের দাবি, সমাবর্তন ফি শিক্ষার্থীবান্ধব হতে হবে


জবি ছাত্রদলের দাবি, সমাবর্তন ফি শিক্ষার্থীবান্ধব হতে হবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন এই দাবি জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে, সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর জন্য একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’র ছবি, ২০ লাখ বই সংশোধন হচ্ছে

ছাত্রদলের নেতারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজেদের পরিশ্রম ও টিউশনি করে পড়াশোনার খরচ বহন করেন। শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ অর্জন উদ্‌যাপনের অধিকার সবার রয়েছে, কিন্তু নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর সমাবর্তনে অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তারা আরো জানান, সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়, বরং এটি শিক্ষার্থীদের অধিকার ও আনন্দের দিন। তাই ফি নির্ধারণের ক্ষেত্রে এমনভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে কোনো যোগ্য শিক্ষার্থী এই ঐতিহাসিক মুহূর্ত থেকে বঞ্চিত না হন।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচারকের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে সমাবর্তনের ফি পুনর্নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত একটি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: বিসিএস গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ এম


বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম

২৭, ৩৫, ৩৩, ৪০ ও ১১! সাধারণ সংখ্যা মনে হলেও, এগুলো একটি দলের পাঁচটি ম্যাচে হজম করা গোলের সংখ্যা। চীনে চলমান আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স এটি। পাঁচটি ম্যাচে ১৪৬ গোল হজম করে, লাল-সবুজের প্রতিনিধিরা প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি।

গত ১৯ অক্টোবর সুচৌ তাইহু এফসি স্টেডিয়ামের ৭ নম্বর মাঠে চেক রিপাবলিকের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্টের গ্রুপ পর্ব শুরু করে। তবে প্রথম ম্যাচেই ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারের মুখোমুখি হতে হয় দলটিকে।

পরবর্তী দিন, দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে বাংলাদেশের তরুণ ফুটবলাররা মাঠে নামে। প্রথম ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও, সেই ম্যাচে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। জার্মানির কাছে ৩৫-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর মরক্কোর বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। সুচৌ এক্সপেরিমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচেও বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। ৩৩-০ গোলের ব্যবধানে হেরে তারা গ্রুপ পর্ব শেষ করে।

পয়েন্টের খাতা শূন্য থাকায় ‘সি’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নিতে হয় দলটিকে। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল শেষ ষোলোতে জায়গা করে নেয়।

গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর স্থান নির্ধারণী ম্যাচেও অনূর্ধ্ব-১৮ দল ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথমে আলজেরিয়ার বিরুদ্ধে ৪০-০ গোলে হারে বাংলাদেশ। এরপর হাইতির কাছে ১১-০ গোলের ব্যবধানে পরাজিত হয় তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থল অভিযান চালালে ইরান বিদেশি সেনাদের কবরস্থানে পরিণত হবে: আইআরজিসি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ এম


স্থল অভিযান চালালে ইরান বিদেশি সেনাদের কবরস্থানে পরিণত হবে: আইআরজিসি জেনারেল

ইরানে যদি স্থল অভিযান পরিচালনা করা হয়, তাহলে বিদেশি আগ্রাসী সেনাদের জন্য দেশটি ‘কবরস্থানে’ পরিণত হবে বলে সতর্ক করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি। এই তথ্যটি এসেছে আলজাজিরার প্রতিবেদনের মাধ্যমে।

জাভানি জানান, শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালায়, তাহলে ইরান আক্রমণকারীদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে এবং সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী ইতোমধ্যে নানা সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের অপরিচিত ভূখণ্ডে প্রবেশ করে নিজেদের অবস্থান ধরে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

জাভানি আরও উল্লেখ করেন, ‘শত্রুরা যদি এমন ভুল করে, তবে ইরান আক্রমণকারী বিদেশি সেনাদের জন্য বধ্যভূমিতে পরিণত হবে—তারা যে পথ দিয়েই দেশে প্রবেশের চেষ্টা করুক না কেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে ১২ বার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ এম


ইতালিতে ১২ বার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

ইতালির সিসিলি দ্বীপের উপকূলে ১২ বার পরপর মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনার কারণে সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) এই ভূমিকম্পগুলোর পর সুনামির আতঙ্কের কারণে পালেরমো ও মেসিনা শহরের স্কুল ও সরকারি ভবনগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ০ ছিল, যা স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটে অনুভূত হয়। এর আগে, বেলা ১১টা ৫১ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। এদিন অন্তত ৩ মাত্রার আরও ১০টি কম্পন রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের উপকেন্দ্র ছিল এওলিয়ান দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমে দক্ষিণ টিরেনিয়ান সাগরে।

সুনামির কমলা সতর্কতা জারির পর পালেরমো ও মেসিনা শহরের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। ভবন ধসে পড়ার আশঙ্কায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সম্ভাব্য কাঠামোগত ক্ষতি নিরূপণের জন্য কর্তৃপক্ষ ইতোমধ্যে ভবনগুলো পরীক্ষা করছে। এছাড়া, যেকোনো মুহূর্তে আরও আফটারশক বা পরাঘাত অনুভূত হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমধ্যসাগরের তলদেশে ইউরেশিয়ান প্লেটের ওপর আফ্রিকান টেকটোনিক প্লেটের ক্রমাগত চাপের কারণে সিসিলির আশপাশে এই ভূমিকম্পগুলো ঘটছে।

ইতালীয় ভূকম্পনবিদ নিকোলা আলেসান্দ্রো পিনো জানান, ইউরেশিয়ান প্লেটের ওপর আফ্রিকান প্লেটের এই চাপের কারণে পরিচিত এই ভূকম্পন অঞ্চলটি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। সূত্র: ডেইলি মিরর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা ইসরাইল, দাবি মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ এম


মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা ইসরাইল, দাবি মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তানের

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতার মূল উৎস হিসেবে ইসরাইলি দখলদারত্বকে চিহ্নিত করেছে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান। একইসঙ্গে, ফিলিস্তিন সংকটের সমাধান হিসেবে দ্বিরাষ্ট্রভিত্তিক পন্থা অবিলম্বে বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে দেশ চারটির পক্ষ থেকে। খবর আলজাজিরার।

শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত আর-ফোর বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে এসব মন্তব্য করেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইসরাইলি নীতিগুলো বিশ্বজুড়ে অবিচারের ধারণাকে আরও গভীর করে তুলেছে। তারা ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পূর্ব জেরুজালেম হবে ওই রাষ্ট্রের রাজধানী বলে তারা উল্লেখ করেন।

এদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠীর ‘অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির’ তীব্র নিন্দা জানান চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এ বিষয়ে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে তারা হুতিদের সকল সামরিক কার্যক্রম বন্ধ করার এবং রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বাধীন যুদ্ধের প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রীরা। এ সংকটের সমাধানে জরুরি ভিত্তিতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এছাড়া, বৈধ নৌ চলাচলে বাধা সৃষ্টি করে এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুরোপুরি পুনরায় চালুর জন্যও তারা আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%