১০:০১ এম
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্ক নতুন করে ৭৬ মিলিয়ন ডলার অনুদান প্রদান করেছেন। এর ফলে চলতি নির্বাচনী চক্রে তাঁর মোট রাজনৈতিক অনুদানের পরিমাণ ৪৪২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪৬২ কোটি টাকার সমান।
নির্বাচনী অর্থায়নসংক্রান্ত নথি অনুযায়ী, মাস্কের নতুন অনুদান অক্টোবরের প্রথম দুই সপ্তাহে জমা হয়েছে। টেসলা ও স্পেসএক্সের প্রধান এই অর্থ নিজের সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি ‘আমেরিকা প্যাক’-এর মাধ্যমে এবং রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে কাজ করা বিভিন্ন রাজনৈতিক কমিটির মাধ্যমে প্রদান করেছেন।
মাস্কের উল্লেখযোগ্য অনুদানের মধ্যে রয়েছে রিপাবলিকান সিনেট প্রার্থীদের সমর্থনে ‘সিনেট লিডারশিপ ফান্ড’-এ ১৫৮ মিলিয়ন ডলার দেওয়া। এই অর্থ পরে টেক্সাসের রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের সমর্থনে গঠিত ‘টেক্সাস প্যাক’-এ স্থানান্তরিত হয়।
আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি
টেক্সাসে প্যাক্সটনের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হলেন জেমস ট্যালারিকো। মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্যালারিকোর বিরুদ্ধে একাধিক সমালোচনামূলক পোস্ট করেছেন। টেক্সাসে মাস্কের প্রতিষ্ঠান বোরিং কোম্পানি, টেসলা ও স্পেসএক্সের উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করছে। এই নির্বাচনী চক্রে মাস্কের অনুদানের পরিমাণ ইতিমধ্যে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের জন্য তাঁর দেওয়া অর্থকে ছাড়িয়ে গেছে। ২০২৪ সালের নির্বাচনী চক্রে তিনি প্রায় ২৮৮ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন।
মাস্ক ট্রাম্পের সমর্থনে কাজ করা ‘মাগা ইনকরপোরেটেড’ নামের সুপার প্যাকেও অর্থ প্রদান করেছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে তাঁর বিশাল অর্থায়ন আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আরও পড়ুন: জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ৩০ অক্টোবর ‘জনতার অভিশংসন’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন