১০:০০ এম
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক রিপাবলিকান পার্টিকে অতিরিক্ত ৭৬ মিলিয়ন ডলার অনুদান প্রদান করেছেন। এর ফলে চলতি নির্বাচনী চক্রে তার মোট অনুদানের পরিমাণ ৪৪২ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,৪৬২ কোটি টাকা।
মাস্ক, যিনি টেসলা ও স্পেসএক্সের প্রধান, নিজের রাজনৈতিক দল ও সুপার প্যাক ‘আমেরিকা প্যাক’-এর পাশাপাশি রিপাবলিকান প্রার্থীদের সমর্থনকারী অন্যান্য রাজনৈতিক কমিটির মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ প্রদান করছেন। ইউএস ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম দুই সপ্তাহে তার অনুদানের এই নতুন কিস্তি জমা হয়েছে।
হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার লড়াইয়ে সহায়তা করার জন্য মাস্ক সিনেট নেতৃত্ব তহবিলে ১৫৮ মিলিয়ন ডলার অর্থ প্রদান করেছেন। এই অর্থ টেক্সাসের রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের সমর্থনে টেক্সাস প্যাকে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: হুথিদের দফায় দফায় হামলা, সউদী আরবে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল
প্যাক্সটনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী জেমস ত্যালারিকো রয়েছেন। মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই ডেমোক্র্যাট প্রার্থীর বিরুদ্ধে বারবার সোচ্চার ও আক্রমণাত্মক পোস্ট করেছেন।
মাস্কের বোরিং কোং, টেসলা এবং স্পেসএক্সের প্রধান দপ্তর বা বড় ধরনের কার্যক্রম টেক্সাসে অবস্থিত। এই মধ্যবর্তী নির্বাচনে মাস্কের দেওয়া অর্থ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের দেওয়া মোট অনুদানকেও ছাড়িয়ে গেছে। গত সাধারণ নির্বাচনে তিনি মোট ২৮৮ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন। পাশাপাশি, ট্রাম্পের নিজস্ব প্যাক ‘মাগা ইনকোরপোরেটেড’-এও তিনি অর্থ প্রদান করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন