১০:০১ এম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বর্তমানে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মাসের শেষের দিকে উপকূলীয় অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সন্দ্বীপ ও আমবাগানে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। এর ফলে মাসের শেষের দিকে উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) ইউনিটের উপপরিচালক উর্মী আহসান মন্তব্য করেছেন, লঘুচাপের সৃষ্টি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এ মুহূর্তে কৃষকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি গুজব থেকে দূরে থাকার এবং সরকারি সংস্থার তথ্য অনুসরণের পরামর্শ দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন