নীলফামারী স্টাফ রিপোর্টার রায়হান আলী
০৩:৫১ পি.এম
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারী গ্রেফতার হয়।
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। নীলফামারী সদর থানাধীন টেক্সটাইল পাহাড়ের মোড় নামক স্থানে ১। মোঃ মমিনুর রহমান (৩০), পিতা- মোঃ আবুবক্কার সিদ্দিকের বাসার ঠিকানা ছিল কাশেম নগর, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর। বর্তমানে তার ঠিকানা টেক্সটাইল পাহাড়ের মোড়, থানাসহ জেলা-নীলফামারী। তাকে আটক করা হয়।
ঘটনাস্থলে ধৃত আসামী মোঃ মমিনুর রহমান এর দেহ তল্লাশী করার সময় তার হেফাজতে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর অনুমান মূল্য ৪,০০০/-(চার হাজার) টাকা মাত্র। প্রাথমিক তদন্তে জানা যায় যে, ধৃত আসামী মোঃ মমিনুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংলিশ চ্যানেলে ব্রিটিশ নৌবাহিনী একটি নিষিদ্ধ জাহাজ আটক করেছে, যা রাশিয়ার। তেলবাহী ওই জাহাজটি রাশিয়ার ‘ভূতুড়ে’ জাহাজগুলোর একটি বলে ব্রিটেনের দাবি। ইউরোপীয় দেশগুলো এই ধরনের পতাকাবিহীন জাহাজগুলোকে ‘শ্যাডো ফ্লিট’ বলে অভিহিত করে। তেমনই গত ১৪ জুন ‘এমভি স্মিরটোস’ নামে একটি তেলবাহী নিষিদ্ধ রুশ জাহাজ আটক করা হয় ব্রিটেনের পক্ষ থেকে। ওই জাহাজের ক্যাপ্টেন ছিলেন একজন ভারতীয়, যিকে ব্রিটিশ বাহিনীও আটক করেছে।
আটককৃত ভারতীয় ওই ক্যাপ্টেনের নাম অজয় পান্থ, যিনি ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা। তাকে ১৬ জুন ব্রিটিশ আদালতে পেশ করা হয়েছে। পান্থের বিরুদ্ধে নিয়মবিরুদ্ধভাবে রুশ তেলের সরবরাহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া, ব্রিটিশ নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের জলসীমায় প্রবেশ করার অভিযোগও তোলা হয়েছে।
আদালতে পান্থের আইনজীবী জেমস ডায়মন্ড বলেছেন, ‘‘পান্থ শুধু নির্দেশ অনুসরণ করে কাজ করেছেন। এখানে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তার হাতে ছিল না। জাহাজের ক্যাপ্টেন হিসেবে তিনি একজন কর্মী মাত্র। মালিকপক্ষের নির্দেশ পালন করতে গিয়ে এখন তিনি বিপদে পড়েছেন।’’ জানা গেছে, এই ধরনের অপরাধের জন্য ১০ বছরের কারাদণ্ড হতে পারে ওই ভারতীয় ক্যাপ্টেনের।
এদিকে, অজয় পান্থের পরিবার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে তার ফিরে আসার জন্য আবেদন করেছে। পরিবার দাবি করেছে, তাকে যাতে সুরক্ষিত অবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়।
উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিব শৈলেশ বাগাউলি জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে উল্লেখ করা হয়েছে। তার কথায়, ‘‘পান্থকে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করার আবেদন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।’’
এছাড়া, ব্রিটেনে ভারতীয় হাইকমিশনকে পান্থের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে। তেলবাহী ওই জাহাজে ২৪ জন নাবিক রয়েছেন, যাদের মধ্যে ভারত এবং জর্জিয়ার নাগরিকও রয়েছে।
পান্থের স্ত্রী ঋতু জানিয়েছেন, স্বামীর গ্রেফতারির খবর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানেন। এরপর থেকেই গোটা পরিবার গভীর দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছে।
ঋতুর কথায়, ‘‘পান্থ ১৫ বছর ধরে এই কাজ করে আসছেন। তার বিরুদ্ধে কখনও কোনও অভিযোগ ওঠেনি। তিনি শুধুমাত্র নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। এখানে তার দোষ কোথায়?’’
প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, এমভি স্মিরটোস জাহাজটিকে ২০২৫ সালে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, এটি রাশিয়ার নিষিদ্ধ জাহাজগুলোর মধ্যে একটি। নিষেধাজ্ঞা এড়ানোর জন্য রাশিয়া এই ধরনের ‘শ্যাডো ফ্লিট’-এর মাধ্যমে বিশ্ববাজারে তেল সরবরাহ করছে। এ রকম ৭০০টি ‘ভূতুড়ে জাহাজ’ রয়েছে রাশিয়ার, যাদের মাধ্যমে ৭৫ শতাংশ তেল গোপনে মস্কো সরবরাহ করছে। আর এভাবেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে অর্থ জোগাচ্ছে তারা। সূত্র: দ্য ইকোনমিক টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জামায়াত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে-সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তাদের আশাবাদ ব্যক্ত করেন।
তারা ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে বলে আশাবাদও প্রকাশ করেছেন। বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি। জামায়াতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দু’পক্ষ পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকের সময় সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্দা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন। সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্প্রতি অনুষ্ঠিত এক সালিশ বৈঠকের সময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা, বিএনপির একজন কর্মীকে ধমক দেন এবং তার ওপর চড়াও হন। এই আচরণের জেরে বিএনপি নেতা রাশেদ খাঁন ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করেন যে, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক।
এবার এমপি হানজালা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরেকটি পোস্টে রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় রাখার দাবি জানান। তিনি মন্তব্য করেন, রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখা হোক।
রোববার (২১ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে দেওয়া পোস্টে পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা উল্লেখ করেন, ‘রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকবো বাঘের সাথে— বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না!’
তিনি আরও মন্তব্য করেন, ‘আর রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ— গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।’
শনিবার (২০ জুন) দুপুর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। ওই ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকের একপর্যায়ে সংসদ সদস্য হানজালা উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চৈঃস্বরে কথা বলছেন।
এসময় তাকে বলতে শোনা যায়, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?' এক পর্যায়ে টেবিল চাপড়ে তিনি বলেন, ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিবো।’
পরে শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমপি হানজালার তীব্র সমালোচনা করে একটি পোস্ট করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকা থেকে কাপ্তাই হ্রদে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জুন) সকালে পুলিশ ও ফায়ার সার্ভিস দল এই মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে তা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ও স্থানীয় তথ্য অনুযায়ী, সকালে এলাকার শিশু আবদুল্লাহ হ্রদে ভাসমান একটি মরদেহ দেখতে পায় এবং আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে পুলিশকে অবহিত করা হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নিহত নারীর নাম মুক্ত বড়ুয়া (২৮)। তিনি রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা এবং তাঁর স্বামীর নাম অভিজিৎ বড়ুয়া।
পরিবারের সদস্যদের জানানো মতে, মুক্ত বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত শুক্রবার (১৯ জুন) ভোরে তিনি সবার অগোচরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে, পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
স্থানীয় বাসিন্দা অপু চৌধুরী জানান, সকালে এলাকার এক শিশু তাঁকে হ্রদে ভাসমান কিছু দেখার কথা জানায়। প্রথমে তিনি ধারণা করেছিলেন, এটি পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা কাঠ বা বাঁশ। তবে ঘটনাস্থলে গিয়ে তিনি একটি মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে প্রাণ গেল চবি শিক্ষার্থীর
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নিহত মুক্ত বড়ুয়ার স্বামী এর আগে তার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানা গেছে যে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার সকালে রিজার্ভ মুখ এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ