০৪:৪১ পি.এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর চলমান অচলাবস্থা সমাধান এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার উদ্দেশ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্যদের নিয়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখা থেকে রোববার (১৮ অক্টোবর) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে ইউজিসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
চিঠির মধ্যে উল্লেখ করা হয়েছে যে, চুয়েটের বিদ্যমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে ইউজিসির সদস্য পর্যায়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠন করা প্রয়োজন। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট সুপারিশ দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়েটের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ডেঙ্গু প্রতিরোধে জরুরি নির্দেশনা
এর আগে, গত ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্যসহ ছয়জন সদস্য উপস্থিত থাকলেও কোনো শিক্ষক সদস্য উপস্থিত ছিলেন না।
সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সমাধানের জন্য তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার আহ্বান জানানো, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত আলোচনা করা এবং সংকট সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের সুপারিশ পাঠানো অন্তর্ভুক্ত ছিল।
সিন্ডিকেটের তৃতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুই দিন পর ইউজিসিকে কমিটি গঠনের উদ্যোগ নিতে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন: ভেন্টিলেশন খুলে নেওয়ার পর মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চেসি ত্রিপুরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন