বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
১০:৩৭ পি.এম
দুর্গাপূজা এবং টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকার জন্য পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান পুলিশ সদস্যদের এবং সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ছুটির সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছে। জনগণের সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, দীর্ঘ ছুটির সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এ সময় আইনশৃঙ্খলাজনিত কোনো দুর্ঘটনা না ঘটায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, স্থানীয় জনগণ, পর্যটকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তবে হিমছড়িতে গোসলের সময় অসাবধানবশত ৪ পর্যটক নিহত এবং ১ পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
পুলিশ সুপার বলেন, কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো অপরাধের ঘটনা ঘটলে বিভ্রান্তি না ছড়িয়ে প্রকৃত তথ্য যাচাই করে প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, কক্সবাজারের ঈদগাঁওয়ে হিমছড়ি ঢালারমুখ সড়কের মাথায় ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার হেফাজত থেকে লুণ্ঠিত ৭ হাজার ২৩০ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর দুপুরে মুখোশধারী একদল ডাকাত ঈদগাঁও-ঈদগড় সড়কে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, টমটম এবং মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে। এ ঘটনায় ২১ অক্টোবর রাতে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ রায়হান (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
থাই ভিসার আবেদন এবং ভিসার পেমেন্ট সুবিধা তিন দিন বন্ধ রাখা হবে। ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস বৃহস্পতিবার (২২ অক্টোবর) একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে থাইল্যান্ডগামী যাত্রীদের জন্য এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দূতাবাসের অভ্যন্তরীণ সার্ভার রক্ষণাবেক্ষণের কারণে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত থাই ই-ভিসা এবং পেমেন্ট সিস্টেমের সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে সেবা পুনরায় চালু হবে।
দূতাবাস জানিয়েছে, এই সময়ে যারা থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের উচিত ভিসা আবেদন এবং পেমেন্টের বিষয়টি পূর্বে পরিকল্পনা করে রাখা, যাতে যাত্রার তারিখের আগে পর্যাপ্ত সময় থাকে। সাময়িক এই অসুবিধার জন্য দূতাবাস দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের গুজরাটের জামনগরে রিলায়েন্সের তেল শোধনাগার পরিদর্শন করেছেন। গত বুধবার তিনি বিশ্বের বৃহত্তম একক তেল শোধনাগারটি পরিদর্শন করেন। রুবিওর সফরের সময় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তার সঙ্গে ছিলেন। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি এবং আম্বানি পরিবারের অন্যান্য সদস্যরা তাদের স্বাগত জানান।
বিশেষজ্ঞদের মতে, কূটনীতির সাধারণ নিয়মের বাইরে গিয়ে কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি নির্দিষ্ট বেসরকারি কোম্পানির শোধনাগার পরিদর্শন করার পেছনে গভীর ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ রয়েছে।
ওয়াশিংটন ভারত-মার্কিন জ্বালানি বাণিজ্যকে আরো বাড়াতে জামনগর তেল শোধনাগারকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে। সফরের মূল লক্ষ্য ছিল জ্বালানি ক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা।
যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক বর্তমানে বাণিজ্যচুক্তি নিয়ে অচলাবস্থা ও নানা মতপার্থক্যের মধ্যে রয়েছে, তাই এ সফরকে বাণিজ্য ও বিনিয়োগকেন্দ্রিক হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্ববাজারে ভেনিজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে। তবে ভেনিজুয়েলার তেল অত্যন্ত ভারী হওয়ায় তা সব শোধনাগারে প্রক্রিয়াজাত করা সম্ভব নয়।
রিলায়েন্সের শোধনাগারটি দৈনিক প্রায় ১৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের সক্ষমতা রাখে এবং এটি ভারী তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেখানে গেছেন যাতে রিলায়েন্স আরো বেশি ভেনিজুয়েলার তেল আমদানি ও শোধন করে, সেই বিষয়ে আলোচনা করা যায়।
ডিজেলসহ বিভিন্ন পরিশোধিত জ্বালানি আন্তর্জাতিক বাজারে সরবরাহে এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি বিশ্বের মোট তেল পরিশোধন সক্ষমতার প্রায় দেড় শতাংশ। এখানে অপরিশোধিত তেল থেকে ডিজেল, পেট্রল ও উড়োজাহাজের জ্বালানিসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়। ভারী ও সালফারসমৃদ্ধ তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতার কারণে আন্তর্জাতিক বাজারেও শোধনাগারটির গুরুত্ব অনেক।
রিলায়েন্স বিশ্বের অন্যতম বড় পরিশোধিত জ্বালানি রপ্তানিকারক প্রতিষ্ঠান। ২০২৫ সালের প্রথম ছয় মাসে জামনগর থেকে ২ কোটি ১৬ লাখ ৬৬ হাজার টন পরিশোধিত জ্বালানি রপ্তানি করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ডিজেল ছিল সবচেয়ে বেশি। ইউরোপ এ জ্বালানির অন্যতম প্রধান বাজার।
বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের অনুমান, অক্টোবরে জামনগরে ভেনেজুয়েলার তেল আমদানি দৈনিক ৩ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৭০ হাজার ব্যারেলে পৌঁছাতে পারে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর রুশ তেলের অন্যতম বৃহৎ ক্রেতা হয়ে ওঠে ভারত। রিলায়েন্সও রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে। ২০২২ সালের আগে প্রতিষ্ঠানটির ব্যবহৃত অপরিশোধিত তেলের মাত্র ৩ শতাংশ আসত রাশিয়া থেকে, যা ২০২৫ সালে বেড়ে প্রায় ৫০ শতাংশে পৌঁছাবে।
রুশ তেল কেনার কারণে ২০২৫ সালের আগস্টে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রিলায়েন্সও প্রভাবিত হয়। পরে প্রতিষ্ঠানটি রুশ তেল আমদানি কমালেও ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জামনগরে প্রক্রিয়াজাত তেলের প্রায় এক-তৃতীয়াংশ ছিল রুশ উৎসের।
রুবিও বলেছেন, ভারত জ্বালানি আমদানির উৎসে বৈচিত্র্য আনছে। তবে রাশিয়ার তেলের ওপর নির্ভরতা এক দিনে কমানো কঠিন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রেও বিনিয়োগ করছেন আম্বানি
রিলায়েন্স যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিল বন্দরে নতুন তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনায় যুক্ত হয়েছে। প্রায় ৩০০ কোটি থেকে ৪০০ কোটি ডলারের এ প্রকল্পে ২০২৯ সালের দিকে উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে।
রাশিয়ার তেল বাণিজ্য নিয়ন্ত্রণে আগ্রহী যুক্তরাষ্ট্র, অন্যদিকে নিজেদের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে চায় ট্রাম্প প্রশাসন। এ পরিস্থিতিতে রিলায়েন্সের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে ভারতের স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্টারলিংকের প্রবেশ নিয়ে ইলন মাস্ক ও আম্বানির ব্যবসায়িক স্বার্থের দ্বন্দ্বও আলোচনায় এসেছে। মাস্কের অভিযোগ, আম্বানির জিওকে সুবিধা দিতে স্টারলিংকের প্রবেশ বাধাগ্রস্ত করা হচ্ছে। তবে রিলায়েন্স জানিয়েছে, তারা প্রতিযোগিতাকে ভয় পায় না।
সব মিলিয়ে রুবিওর জামনগর সফর কেবল একটি তেল শোধনাগার পরিদর্শন নয়। রাশিয়া ও ভেনেজুয়েলার তেল বাণিজ্য, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম, নতুন বিনিয়োগ এবং ভারত-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক-সবকিছুই এ সফরকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১০ নম্বর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও মতবিনিময় করছেন এডভোকেট মাসুদ রানা মাসুদ।
তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করছেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের মতামত শোনার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে তাঁর এ গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতায় নতুন মাত্রা যোগ করছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের প্রত্যাশা জানার মধ্য দিয়ে তিনি নিজের নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ধর্মীয় সম্প্রীতি, নিরাপত্তা আর উৎসবের আমেজে নোয়াখালীর কবিরহাট উপজেলায় উদ্যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার ১৯টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন ঘিরে ছিল আনন্দ-উচ্ছ্বাস। নির্বিঘ্নে পূজা উদ্যাপনের মধ্য দিয়ে ফুটে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা।
পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা হিসেবে প্রতিটি মন্দিরের নেতৃবৃন্দের হাতে ৬০০ কেজি করে চাল, শাড়ি-কাপড় ও নগদ অর্থ তুলে দেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গোলাম মোমিত ফয়সাল বলেন, সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ বছর সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা সম্পন্ন হওয়া বিএনপি সরকারের সাফল্য।
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের নোয়াখালী জেলা শাখার সভাপতি রনি চৌধুরী ইমন বলেন, কবিরহাটের ১৯টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সন্তোষ বিরাজ করছে। পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব উদ্যাপন করলে সমাজে সৌহার্দ্য বাড়বে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ